প্রিয়াঙ্কার ছবিতে তার বাবার গান
প্রথমবারের মতো পাঞ্জাবী সিনেমা প্রযোজনা করতে যাচ্ছেন বলিউডি অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। ‘সারভান’ নামের ওই সিনেমায় নিজের প্রয়াত বাবার গাওয়া গান ব্যবহার করতে যাচ্ছেন তিনি।
মঙ্গলবার নিজের একটি টুইটে প্রিয়াঙ্কা জানান, তার বাবার গাওয়া গানটির নাম ‘শব্দ’।
তিনি লেখেন, “আমার বাবা ড. অশোক কুমার চোপড়ার গাওয়া ‘শব্দ’ গানটি সারভান সিনেমায় থাকছে। এটি গুরু গোবিন্দ সিংয়ের গাওয়া গানের অন্য একটি রূপ। সবাইকে ব্যাপারটি জানাতে চাই। বাবা, তোমাকে অনেক মনে পড়ছে।”
প্রিয়াঙ্কা জানান, মৃত্যুর আগেই গানটি রেকর্ড করেছিলেন তার বাবা।
“গানটি রেকর্ডের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এই গানটি আমার খুব কাছের, কারণ এটার সঙ্গে বাবার স্মৃতি জড়িয়ে আছে।”
২০১০ সালে বাবা অশোক কুমারের একটি অ্যালবাম ‘হাল মুরেদান দা কেহনা’ প্রকাশ করেন প্রিয়াঙ্কা। যেটি আসলে শিখ ধর্মগ্রন্থ গুরু ‘গ্রন্থ-সাহেবে’র পদ্যানুবাদ । করান গুলিয়ানির পরিচালনায় সারভান আগামী ১৩ জানুয়ারি মুক্তি পাবে।
