বিচ্ছেদের পথে নন্দিতা দাস
২০১৬ ছিলো নানা ঘটনা ও দুর্ঘটনায় ভরা একটি বছর। সদ্যবিগত এ বছরজুড়ে খবরের শিরোনাম ছিলো তারকাদের বিবাহ বিচ্ছেদ ও সম্পর্কচ্ছেদের ঘটনা। যারা ভাবছেন ২০১৬ ছিলো তারকাদের জন্য অশুভ একটি বছর তাদের জন্য খবর হলো ২০১৭-র শুরুতেই আবারও শোনা গেলো বিচ্ছেদের সুর। অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস ও তার স্বামী সুবোধ মাসকারা’র সাত বছরের দাম্পত্যের সমাপ্তি ঘটতে যাচ্ছে এ বছরই।
ডিএনএ ম্যাগাজিনকে দেয়া এক সাক্ষাতকারে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নন্দিতা দাস। তিনি বলেন, “হ্যাঁ, এটি সত্যি। আমি ও সুবোধ আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ভালো বিষয় হলো দু’জনের সম্মতিতে বন্ধুত্বপূর্ণভাবেই আমাদের বিচ্ছেদ ঘটতে যাচ্ছে।”
মুম্বাইবাসী সুবোধ মাসকারা পেশায় একজন ব্যবসায়ী। এছাড়া প্রযোজনা প্রতিষ্ঠান ‘ছোটি’-র সহ-প্রতিষ্ঠাতা। এ মুহূর্তে পাকিস্তানি লেখক সাদাত হাসান মান্টোর জীবনীভিত্তিক সিনেমা, ‘মান্টো’-র পরিচালনার কাজে ব্যস্ত রয়েছেন নন্দিতা দাস। ‘শুভ মহরত’, ‘আর্থ’ ‘ফায়ার’সহ বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসিত হয়েছেন এ অভিনেত্রী।
