সঞ্জয়ের বায়োপিকের নাম বলতে পারলেই মিলবে আইফোন সেভেন!
বলিউডে সঞ্জয় দত্তের বায়োপিক নিয়ে আলোচনা চলছে অনেকদিন ধরেই। সঞ্জু বাবার ‘মুন্না ভাই’ সিরিজ-এর নির্মাতা রাজকুমার হিরানি তৈরি করছেন সিনেমাটি। এতে মূল চরিত্রে অভিনয় করবেন রনবীর কাপুর। কিন্তু সিনেমার নামই যে এখনও ঠিক হয়নি!
সিনেমার সম্ভাব্য নাম অবশ্য ‘ডাট’ ঠিক করেছেন হিরানি। বলা বাহুল্য, এই নামটি শুনলেই সঞ্জয়ের কথাই সবার প্রথমে মাথায় আসবে। কিন্তু তারপরেও, আরও ভাল নাম চাই হিরানির।
আর সেই নাম খুঁজে বের করতে অভিনব এক পন্থার আশ্রয় নিয়েছেন তিনি। নামকরণের দায়িত্বভার সঁপে দিয়েছেন কাস্ট এবং ক্রিউ মেম্বারদের হাতে। আর যথাযথ নাম ঠিক করতে পারলেই আছে পুরষ্কার, ৯২ হাজার রুপি মূল্যের আইফোন সেভেন।
হিরানির অফিসে একটি বাক্সের ব্যবস্থা করা হয়েছে। সেই বাক্সেই একের পর এক চিরকুট জমা হচ্ছে। আর সেই চিরকুটগুলোতেই জমছে সঞ্জয়কে নিয়ে তৈরি বায়োপিকের বিভিন্ন নাম। রনবীর কপুর থেকে ছবির আলোকসজ্জা শিল্পী প্রত্যেকেই এন্ট্রি করছেন নাম।
স়ঞ্জয় দত্তের নাকি সিনেমার চিত্রনাট্য দারুন পছন্দ হয়েছ। কেউ কেউ বলছেন রনবীর কপুর দিনরাত সঞ্জু বাবাকে অনুসরণ করছেন, চরিত্রে ঠিকঠাক মানিয়ে নিতে। এ দিকে নার্গিস পুত্র আবার বলছেন তিনি নাকি রনবীরকে কিছুই শেখাচ্ছেন না।
এই রকম এক টালমাটাল অবস্থার মধ্যেই নাম নিয়ে চলছে জল্পনা-কল্পনা। আর কিছুদিন পরেই খুলে যাবে বাক্স। আর তা থেকে বেরিয়ে আসবে সিনেমার নাম। আর তখনই সিনেমার কাজে লেগে পড়বেন হিরানি।
