‘মুখোশ মানুষ’র লেখক স্বত্ব অস্বীকারের অভিযোগ
সদ্য মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘মুখোশ মানুষ-দ্য ফেইক’ এর লেখক স্বত্ব অস্বীকারের অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী একজন নাট্যকার।
এই চলচ্চিত্রের মাধ্যমে নির্মাতার তালিকায় আসা ইয়াসির আরাফাত জুয়েলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছেন তিনি।
তবে অভিযোগ অস্বীকার করে জুয়েল বলেছেন, একই ধরনের গল্প তো একাধিক ব্যক্তি লিখতে পারেন।
বর্তমানে নিউ ইয়র্ক প্রবাসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নাসির উদ্দিনের এই অভিযোগ নিয়ে গত ২৫ ডিসেম্বর শাহবাগ থানায় একটি জিডি করেছেন তার বন্ধু জিল্লুর রহমান।
এতে বলা হয়, জুয়েল তার বন্ধু নাসিরকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে তথ্য চুরির অপরাধ করেছেন। মূল গল্প লেখক নাসিরের অনুমতি ছাড়াই চিত্রনাট্যে পরিবর্তন এনে তাতে ‘আপত্তিকর, নোংরা ও অশৈল্পিক দৃশ্য’ সংযোজন করে চলচ্চিত্রে রূপ দেওয়া হয়েছে।
৩০ ডিসেম্বর মুক্তি পাওয়া এই চলচ্চিত্র প্রথমে নাটক হিসেবে বানানো হয়েছিল বলে দাবি নাসিরের।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বল্প পরিচিত জুয়েল ২০১৪ সালে নাটক বানানোর জন্য তার কাছে একটি গল্প ও চিত্রনাট্য চান। ‘নীল’ নামের একটি গল্প (নাম পরিবর্তন করে মুখোশ মানুষ করা হয়) ও চিত্রনাট্য তাকে দেন।
“এটা তার প্রথম কাজ এবং বাজেট কম বলে সে আমাকে নামমাত্র পারিশ্রমিক দেয় এবং আমি তাকে উৎসাহ দেই, যাতে সে কাজটা ভালো করে করতে পারে। নাটকের অভিনেতা ও অভিনেত্রী, শিল্প নিদর্শন কেমন হবে যাবতীয় বিষয় কেমন হবে আমি তাকে বুঝতে সহযোগিতা করেছি।”
ঢাকা শহরের উচ্চ মধ্যবিত্ত পরিবারের এক নারীর কষ্টের গল্প ‘মুখোশ মানুষ’ জানিয়ে তিনি বলেন, জুয়েল এই গল্প দিয়ে নাটক বানালেও তা কোথাও সম্প্রচারের ব্যবস্থা করতে না পেরে বিকল্প চিন্তা করেন।
“আমি তাকে বলি আমার লিখিত অনুমতি ছাড়া তুমি এটা করতে পারো না, কিন্তু সে আমাকে পাত্তাই দিলো না। ভাবটা এমন আপনার যা খুশি কইরেন-আমি ফিল্ম বানাব। এরপর বহুবার তাকে আমি আমার সঙ্গে বসতে বলি কিন্তু সে বসেনি।”
এরপর বাবার অসুস্থতাসহ বিভিন্ন জটিলতায় এ বিষয়ে আর এগোতে পারেননি বলে জানান নাসির।
তিনি বলেন, নাটকের একটি ডিভিডি জুয়েল তাকে দিয়েছিলেন, সেখানে কাহিনী ও চিত্রনাট্যে তার নাম রয়েছে।
জিডিতে বলা হয়েছে, সিনেমাটির ইউটিউব ট্রেইলারে তারা দেখতে পান সেখানে নাসিরের নাম বাদ দিয়ে আহাদুর রহমানকে চিত্রনাট্যকার বলা হয়েছে। নাটক নয়, এটিকে মুক্তি দেওয়া হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হিসেবে।
“মুখোশমানুষ গল্পটি আমার, চিত্রনাট্য আমার-এখন একটা ইতর টাইপের লোক সেটাকে জোর করে নিজের বা অন্যজনের নাম দিলে আমি কি-ই বা করতে পারি-কারণ আমি যে লেখক! চিত্রনাট্য পাল্টে দিয়ে দেশের প্রেক্ষাপটকে নোংরাভাবে উপস্থাপন করা হয়েছে। মিথ্যা ও অশ্লীল দৃশ্য সংযোজন করে তারা আমার আর্থিক ক্ষতি ও তথ্য চুরির অপরাধ করেছে,” বলেন নাসির।
পি আর প্লাসিড বিষয়টি নিয়ে ঢাকা জেলা জজ আদালতে মামলা দায়ের করেছেন। আদালত গত ৬ জুন সিনেমাটির প্রচার-প্রচারণাসহ সব ধরণের কার্যক্রমে স্থগিতাদেশ দেন বলে জানান তিনি।
সিনেমাটিকে সেন্সর সনদ না দিতে অনুরোধ করে সেন্সর বোর্ডে চিঠি পাঠান জানিয়ে কিনি বলেন, “সেন্সর বোর্ড আমার কথায় ‘থোড়াই কেয়ার’ করে সেন্সর সনদ দিয়ে দেয়।”
তবে নাসির ও পি আর প্লাসিডের অভিযোগ ভিত্তিহীন দাবি করেছেন পরিচালক ইয়াসির আরাফাত জুয়েল।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একই বিষয় নিয়ে গল্প তো একাধিক ব্যক্তি লিখতে পারেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে আমি লিখতে পারি, আবার তিনিও লিখতে পারেন। এখানে কিছু মিল থাকবেই।”
এই চলচ্চিত্রকে সেন্সর সনদ দেওয়ার ক্ষেত্রে স্থগিতাদেশের কোনো চিঠি পাননি বলে জানিয়েছেন বাংলাদেশ সেন্সর বোর্ডের সচিব মুন্সী জালাল উদ্দিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত থেকে নিশ্চয়ই চিঠি আসত আমাদের কাছে। কিন্তু আমরা এমন কোনো চিঠি পাইনি। কেউ আসেনি আমাদের কাছে।”
