২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংস্কৃতি অঙ্গন ২০১৬: আলোচিত দশ

পেছনে ফেলে নানা স্মৃতি, আলোচনায়-সমালোচনায় ঘটনাবহুল আরও একটি বছর অতিক্রম করলো বাংলাদেশের সংস্কৃতি অঙ্গন। মুক্ত বিশ্বের হাওয়ায় ক্রমাগত বদলে যাওয়া নাটক-চলচ্চিত্র-সঙ্গীতে কতটুকু এগুলো বাংলাদেশ বছর পেরিয়ে চলছে তার হিসেবে-নিকেষ। তারই মাঝে আলোচনায় ঝড় তোলা রঙিন জগতের কিছু ঘটনা নিয়ে গ্লিটজ এর এ আয়োজন

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Dec 2016, 11:31 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

‘আয়নাবাজী’র জাদু

দীর্ঘদিনপর দেশিয় চলচ্চিত্রের প্রাপ্তির খাতায় যোগ হয়েছে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজী’। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’র পর ফের দলে দলে দর্শক হলে গিয়েছেন। দর্শকের বিরহে যে বড়পর্দা মরতে বসেছিলো তা যেন আবার প্রাণ ফিরে পেলো ‘আয়নাবাজী’র ভেলকিতে। সিনেমা হলের পরিবেশ যেখানে বাধা হয়ে দাঁড়ায়নি, একা একা নয়, পরিবারের সকলে মিলে সর্বস্তরের মানুষ ফিরেছে সিনেমা হলে। পাইরেসিও হার মেনেছে আয়নাবাজীর কাছে। ঢালিউডের নির্মাতাদের অমিতাভ রেজা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কোন অজুহাত নয়, গল্প আর নির্মাণশৈলীই চলচ্চিত্রে দর্শক ফেরানোর মূলমন্ত্র।

বিদেশি সিরিয়াল ও এফটিপিওর আন্দোলন

দেশি নাটক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে দর্শক-এ অজুহাতে টেলিভিশন চ্যানেলগুলো দর্শক আকর্ষণ ধরে রাখতে ডাবিংকৃত সিরিয়াল প্রচার শুরু করে এ বছর। পাশাপাশি বিজ্ঞাপনদাতারাও সিরিয়াল নির্ভর ভারতীয় চ্যানেলগুলোতে কৌশলে বিজ্ঞাপন দেয়া শুরু করে। যার ফলে হুমকীর মুখে পড়ে টেলিভিশন শিল্প। অভিনয়-শিল্পী, নির্মাতা কলাকুশলী ছাড়াও এবার টেলিভিশন মালিকরাও টের পান সমূহ বিপদের কথা। দানা বাঁধে আন্দোলন, সম্মিলিতভাবে গত ৩০ নভেম্বর শহীদ মিনারে দেশের মিডিয়ার ইতিহাসে সর্ববৃহৎ সমাবেশ করেন শিল্পী-কলাকুশলী ও টেলিভিশন মালিকরা। বিদেশি চ্যানেলে দেশি প্রতিষ্ঠানের বিজ্ঞাপন বন্ধ করা

ও দীপ্ত টিভিতেপ্রচারিত বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘সুলতান সুলেমান’সহ অন্যান্য ডাবিংকৃত সিরিয়াল বন্ধের দাবিতে এ আন্দোলনে ৮টি দাবি নিয়ে রাস্তায় নামে রঙিন পর্দার মানুষেরা। বছরের অন্যতম আলোচিত এ ঘটনার পক্ষে বিপক্ষে নানা আলোচনা সমালোচনায় মুখর হয়ে থাকে বছরের শেষ দিকটা।

লাকী আখান্দের চিকিৎসায় আর্থিক সংকট: শিল্পীদের পাশে ফাউন্ডেশন

প্রিয় সঙ্গীতশিল্পী লাকী আখান্দের শারীরিক অসুস্থতা এ বছরও ছিলো ভক্তদের কাছে উৎকণ্ঠা আর আলোচনার বিষয়। তার চিকিৎসায় আর্থিক সংকটের বিষয়টি বছরের অন্যতম আলোচিত বিষয় ছিলো। তার সূত্র ধরে আলোচনায় আসে শিল্পীদের চিকিৎসায় এমন আর্থিক সংকটের বিষয়টিও। প্রায়ই দেখা যায় জীবনের শেষ প্রান্তে গিয়ে

সুচিকিৎসার আশায় অর্থের জন্য হাহাকার করতে হয় চলচ্চিত্র-নাটক কিংবা সংগীতশিল্পীদের। এমন চেতনা থেকে এ বছর থেকেই যাত্রা শুরু হয় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত শিল্পীদের পাশে দাঁড়াতে ১৯ দেশবরেণ্যকে নিয়ে সৃষ্টি হয় ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’। উদ্বোধনী অনুষ্ঠানে এ ফাউন্ডেশন  ক্যানসারে আক্রান্ত সংগীতের তিন কিংবদন্তিকে প্রদান করা হয় আর্থিক সহায়তা। এরমধ্যে লাকী আখান্দকে দেওয়া হয় সর্বোচ্চ ৪০ লাখ, আলাউদ্দীন আলীকে ২০ লাখ এবং শাম্মী আখতারকে ১০ লাখ টাকার চেক প্রদান করা হয়।

‘বৃহন্নলা’ বিতর্ক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার

বছরের শুরুতেই বিতর্কের মুখে পড়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৪’র জন্য নির্বাচিত চলচ্চিত্র ‘বৃহন্নলা’। ছবিটি ‘সেরা চলচ্চিত্র’, ‘সেরা কাহিনিকার’ এবং ‘সেরা সংলাপ রচয়িতা’ বিভাগে পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল। অভিযোগ ওঠে মুরাদ পারভেজের কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনায় সরকারি অনুদানের এ ছবিটির মূল কাহিনি পশ্চিমবঙ্গের কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ছোট গল্প ‘গাছটি বলেছিল’ থেকে নেওয়া। কিন্তু মুরাদ পারভেজ কাহিনিকার হিসেবে নিজের নাম ব্যবহার করেছেন। এমন গুরুতর অভিযোগ অস্বীকার করেন নির্মাতা মুরাদ পারভেজ। কিন্তু বিতর্ক-সমালোচনার ঝড় টের পেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জুরি বোর্ড তদন্ত কমিটি গঠন করে। দফায় দফায় মিটিং শেষে গেলো এপ্রিলে অবশেষ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের তালিকা থেকে বাদ পড়ে ছবিটি। জরিমানা করা হয় নির্মাতাকে। বদৌলতে পুরস্কারটি জিতে নেয় মাসুদ পথিক পরিচালিত নির্মলেন্দু গুণের নেকাব্বরের মহাপ্রয়াণ।

নাটক্যর্মী তনু হত্যায় সোচ্চার আন্দোলন

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে থিয়েটারের কর্মী তনুকে ধর্ষনের পর হত্যা করা হয় কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায়। ২০ মার্চ রাতে তার  কুমিল্লা ময়নামতি সেনানিবাসের অলিপুর এলাকায় একটি কালভার্টের কাছ থেকে পুলিশ নিহত তনুর লাশ উদ্ধার করে। এমন খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে তনু হত্যাকারীর বিচারের দাবিতে সোচ্চার হয়ে ওঠে সারা দেশের সংস্কৃতি অঙ্গন। সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ নানা সাংস্কৃতিক সংগঠন দীর্ঘদিন আন্দোলন আর প্রতিবাদকর্মসূচীতে অংশ নেয়।

মাহির বিয়ে

বছরের আলোচিত ঘটনা ছিলো অল্প কদিনেই ঢালিউডের শীর্ষ নায়িকা খেতাব পাওয়া চিত্রনায়িকা মাহিয়া মাহির বিয়ে ও বিচ্ছেদের ঘটনাবলি। ক্যারিয়ারের চূড়ায় উঠে হঠাৎ এ বছরের ২৫ মে বিয়ে করে বসেন এ নায়িকা। বর সিলেটের ব্যবসায়ী মাহমুদ পারভেজ অপু। বিয়ের পরপরই শাওন শাহরিয়ার নামের একজনের সঙ্গে মাহির বেশকিছু ‌'ঘনিষ্ঠ' ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ে। গল্প মোড় নেয় অন্যদিকে। মাহির মামলায় হাজতবাসের পর অবশ্য মাহি ও শাওনের পরিবারের সমঝোতায় নিস্পত্তি ঘটে তার।

উধাও অপু বিশ্বাস

চলতি বছরের শুরু থেকেই পর্দার আড়ালে চলে যান চিত্রনায়িকা অপু বিশ্বাস। এখন পর্যন্ত নিখোঁজ আছেন তিনি। তার এই হঠাৎ নিখোঁজ হওয়ার খবরে উৎকণ্ঠায়

পড়েন ভক্ত ও তার সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া নির্মাতারা। শাকিব খানের সাথে অভিমান, নাকি শাকিবের সন্তান জন্ম দিতে লোকের আড়ালে চলে যাওয়া নানা গুঞ্জনেও সুরাহা মেলেনি অপুর এমন অন্তর্ধানের কারন। এদিকে অপু বিশ্বাসকে ভুলে শাকিব মজেছেন সংবাদ পাঠিকা থেকে নায়িকা বনে যাওয়া বুবলির সঙ্গে। অপুর বদলে বুবলি কি স্থলাভিষিক্ত হলেন? এমন আলোচনায় মুখর ছিলো ঢালিউড।

প্রীতম ফিচারিং কুদ্দুস বয়াতী আর মমতাজের লোকাল বাস

তরুণ প্রজন্মের প্রতিভাবান সংগীত পরিচালক প্রীতম হাসানের হাত ধরে বদলে গেলেন লোকগানের রাজা কুদ্দুস বয়াতি। ‘আসো মামা হে’ গানের মাধ্যমে কুদ্দুস বয়াতী ধারণ করেন মাইকেল কুদ্দুস নাম। র‌্যাপ ঢঙের গানটির মিউজিক ভিডিওতে নতুন ঢঙে পারফর্ম করে দারুন চমক নিয়ে আসেন তিনি। গানটিও দারুন জনপ্রিয় হয়। কিন্তু প্রীতমের পরবর্তী চমকটা যে তাকেও ছাড়িয়ে যাবে কে জানতো। লোকগানের সম্রাজ্ঞী মমতাজের কন্ঠে গোলামা রাব্বানীর কথায় লুৎফর হাসান ও প্রীতমের সুরে প্রকাশিত হয় ‘বন্ধু তুই লোকাল বাস’ গানটি। জনপ্রিয়তায় গানটি বছরের অন্যান্য গানগুলোকে হার মানিয়েছে।

গান বাংলা টিভির ‘উইন্ড অব চেইঞ্জ’

এতদিন শুধু কোকস্টুডিওর মিউজিকে যারা বুঁদ হয়েছিলেন তাদের জন্য বছরের চমক নিয়ে আসে দেশের একমাত্র মিউজিক চ্যানেল গানবাংলা টেলিভিশন। দেশি-বিদেশী নানা শিল্পীদের সমন্বয়ে দেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পীদের সেরা গানগুলোকে নতুন আয়োজনে উপস্থাপন করে চমকে দিয়েছে উইন্ড অব চ্যাঞ্জ নামের এ উদ্যোগ।

না ফেরার দেশে দিতি ও অন্যরা

চিত্রনায়িকা দিতির অকাল প্রয়াণ ঘটে এ বছর। হঠাৎ ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রঙিন পর্দা থেকে আড়ালে হারিয়ে যান এ অভিনেত্রী। অসুস্থতার সঙ্গে যুদ্ধ চালিয়ে যান। ভারতের মাদ্রাজের এমআইওটি হাসপাতালে বেশ কয়েকবার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়েছিল। পরে দেশে ফিরে তিনি ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন ছিলেন। তার অসুস্থার খবরে চোখে জল ঝরেছে ছোট ও বড়পর্দার দর্শকদের। এ বছরের ২০ মার্চ চিরদিনের জন্য না ফেরার দেশে হারান নব্বইয়ের এ জনপ্রিয় চিত্রনায়িকা। তিনি ছাড়াও পরিচালক খালিদ মাহমুদ মিঠু, অভিনেতা ফরিদ আলী, গোলাম হাবিবুর রহমান মধুও ছিলেন আকস্মিক বিয়োগব্যাথার কারণ।