২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অভিষেকের সিনেমা থেকে বাদ পড়লেন ঐশ্বরিয়া

সম্প্রতি একটি সিনেমা বানাতে যাচ্ছেন অভিষেক বচ্চন ও তার বন্ধু বান্টি ওয়ালিয়া। ছবিতে প্রধান চরিত্রে অভিনয়ের পাশাপাশি সহ-প্রযোজক হিসেবেও থাকছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2016, 10:40 PM

Updated : 12 Apr 2022, 03:37 AM

‘লেফটি’ নামের এই সাইন্স ফিকশন ছবিতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয়ের জন্য বেশ আগ্রহী ছিলেন ঐশ্বরিয়া রায় বচ্চন। কিন্তু এই চরিত্রের জন্য ঐশ্বরিয়া নয় বরং অল্প বয়সী কোনো নবাগত নায়িকাকেই খুঁজছেন জুনিয়র বচ্চন!

ডেকান ক্রনিক্যল-এ প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, এর আগে ‘কুছ না কহো’ ‘গুরু’ ‘রাবন’ ইত্যাদি ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে অভিষেক ও ঐশ্বরিয়াকে। এবারও তেমনটিই চেয়েছিলেন বচ্চন বধূ। 

ঐশ্বরিয়াকে হতাশ করে ‘লেফটি’ ছবির নায়িকা হিসেবে নতুন মুখ খুঁজতে নির্দেশ দিয়েছেন অভিষেক। গল্পের চরিত্রটির অনুপাতে ঐশ্বরিয়া নাকি একটুি বেশি ‘ম্যাচিউরড’। কারণ হিসেবে এমনটাই বলছেন অভিষেক!

বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর সিনেমা ‘লেফটি’ পরিচালনা করছেন জনপ্রিয় অভিনেতা ও নৃত্যশিল্পী প্রভুদেবা। এ ছবিতে একজন বাঁহাতি সুপারহিরোর গল্প বলা হবে। যার বাঁহাতে একটি বিশেষ ক্ষমতা আছে। এ চরিত্রটিতে অভিনয় করছেন অভিষেক বচ্চন। তার বিপরীতে নায়িকা হিসেবে কে থাকছেন তা এখনো নির্ধারিত হয়নি।

২০০৮ সালে ‘দ্রোণ’ নামের একটি সুপারহিরো ছবিতে প্রধান চরিত্রে দেখা গিয়েছে অভিষেককে। যদিও এ ছবি বক্সঅফিসে ভালো ব্যবসা করতে পারেনি।