২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যে কারণে আজও আলোচিত রাজেশ খান্না

ষাট ও সত্তরের দশক মাতিয়ে রেখেছিলেন তার জাদুকরী অভিনয়ের মাধ্যমে। বর্ণাঢ্য ক্যারিয়ার, প্রেম ও বিয়ে ইত্যাদি নানা কারণেই আলোচিত ছিলেন এ কিংবদন্তী তারকা। বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেতা রাজেশ খান্নার জন্মদিনে জেনে নেয়া যাক এ তারকার বিপুল জনপ্রিয়তার কারণগুলো।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2016, 09:55 PM

Updated : 11 Oct 2022, 09:31 PM

১. ভারতীয় সিনেমার প্রথম সুপারস্টার:

রাজেস খান্নাকে বলা হয় ভারতীয় ছবির প্রথম সুপারস্টার। তার আগে অনেকেই বলিউডের রূপালি পর্দা মাতালেও, তুমুল জনপ্রিয়তা ও অভিনয় গুণে অচিরেই দর্শকের মনের ঘরে জায়গা করে নেন এ তারকা। তাকে ‘কাকা’ নামেই চিনতেন বেশিরভাগ মানুষ। ১৯৬৯ থেকে ১৯৭১ মাত্র তিন বছরে টানা ১৫টি হিট ছবি উপহার দিয়ে রেকর্ড গড়েছিলেন এ তারকা।

২. ফ্যাশন সচেতনতা:

রাজেশ খান্না ছিলেন এমনই এক তারকা যিনি অভিনয়ের পাশাপাশি জনপ্রিয় ছিলেন তার স্বতন্ত্র স্টাইল ও ফ্যাশন সচেতনার জন্য। তার পরিহিত শার্ট ও প্যান্টের বিশেষ স্টাইল ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলো তরুণ-তরুণীদের মধ্যে। তার পরা বিশেষ কাটের শার্টটিকে আজও ‘গুরু কুর্তা’ নামে চেনেন সবাই। এ ছাড়াও বাহারি কাটের পোশাক ও সাফারি-কুর্তার ফ্যাশনের জন্য বিশেষভাবে আলোচিত এ অভিনেতা।

৩. রোমান্টিক হিরো ইমেজ:

রোমান্টিক হিরো হিসেবে তিনি ছিলেন অদ্বিতীয়। সহঅভিনেত্রীদের সঙ্গে পর্দা রসায়ন জমাতে তার জুড়ি মেলা ভার! ‘আরাধনা’ ছবিতে শর্মিলা ঠাকুরের সাখে রাজেশ খান্নার রোমান্টিক সিনগুলো আজও দর্শকের মনে দোলা দিয়ে যায়। ‘আও মিলো সাজনা’, ‘মেরে জীবন সাথি’, ‘দুশমন’ ইত্যাদি সিনেমাতে ‘কাকা’র রোমান্টিক সংলাপগুলো সে সময় বিপুল জনপ্রিয়তা পেয়েছিলো।

৪. অমিতাভ বচ্চনের সাথে দ্বন্দ্ব:

রাজেশ খান্নার ক্যারিয়ার যখন তুঙ্গে সে সময় নবাগত অমিতাভ বচ্চনকে বলিউডে তেমন কেউ চিনতো না। পরবর্তীতে অধ্যবসায় ও পরিশ্রমের জোরে ভাগ্য ফেরান অমিতাভ। বলিউডের জনপ্রিয় নায়কে পরিণত হন তিনি। সে সময় রাজেশ খান্নার সাথে অমিতাভের পেশাগত দ্বন্দ্ব তৈরি হয়। ১৯৭১-এ অমিতাভের সাথে ‘আনন্দ’ নামে একটি সিনেমাতে অভিনয় করেন রাজেশ খান্না। কিন্তু এরপর আর তাদের একসাথে দেখা যায়নি।

৫. ডিম্পল কাপাডিয়ার সাথে বিয়ে:

বলিউডের নবাগত নায়িকা ডিম্পল কাপাডিয়ার অভিষেক ঘটে রাজেশ খান্নার বিপরীতে ‘বব্বি’ সিনেমার মাধ্যমে। এ সিনেমায় কাপাডিয়া-রাজেশ খান্না জুটি জনপ্রিয়তা পায়। সেই সাথে ৩০ বছর বয়েসি রাজেশ খান্নার মন জয় করে নেন ১৬ বছর বয়েসি এ সুন্দরী নায়িকা। এ ছবির পরপরই ডিম্পল কাপাডিয়াকে বিয়ে করেন তিনি। বিয়ের পরে সিনমো জগতকে বিদায় জানান ডিম্পল কাপাডিয়া। তবে এ বিয়ে দীর্ঘস্থায়ী হয়নি। দুই মেয়ে টুইঙ্কেল খান্না ও রিংকি খান্নার জন্মের পরে ১৯৮৪ সালে বিচ্ছেদ ঘটে তাদের।

৬. একাধিক নারীসঙ্গ:

রাজেশ খান্নার ক্যারিয়ার জীবনের সঙ্গে যে বিষয়টি বেশ আলোচিত তা হলো তার নারীসঙ্গ। প্রথম জীবনে অভিনেত্রী আঞ্জু মাহেন্দ্রর সাথে প্রেম ছিলো তার। পরবর্তীতে ভালবেসে বিয়ে করেন ডিম্পল কাপাডিয়াকে। বিচ্ছেদের পর অভিনেত্রী টিনা মুনিমের সাথে দীর্ঘ প্রেমের সম্পর্ক ছিলো এ তারকার। ‘সাওতান’, ‘ফিফটি-ফিফটি’ এ সিনেমাগুলোতে জুটি বেঁধে অভিনয় করতে দেখা গেছে তাদের। রাজেশ খান্নার মৃত্যুর পর অনিতা আদভানির সাথে লিভ-টু-গেদারের ঘটনাটি আলোচনায় আসে।