আমি এখুনি সিনেমার জন্য প্রস্তুত নই: মেহজাবিন
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের বিজয়ী হয়ে মিডিয়া ভুবনে ক্যারিয়ার শুরু করেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। টেলিভিশনের পর্দায় নিয়মিত মুখ হলেও এখুনি সিনেমায় অভিনয় করার কোন পরিকল্পনাই নাকি তার নেই।
টেলিভিশনের পর্দায় খন্ড নাটকের নিয়মিত মুখ মেহজাবিন চৌধুরী। হাতে রয়েছে সিনেমায় অভিনয়ের বেশ কিছু প্রস্তাবও। তবুও এখুনি সিনেমায় অভিনয় করার কোন পরিকল্পনা নেই তার।
এ প্রসঙ্গে গ্লিটজ’কে তিনি বলেন, “সিনেমায় অভিনয়ের জন্য যে সব চিত্রনাট্য আমার কাছে এসেছে আমার কাছে মনে হয়নি যে, সেই গল্পের সেই চরিত্রে আমি খুব ভালো মত অভিনয় করতে পারবো। আমার কাছে মনে হয়েছে কোথায় যেন একটা সিংক্রোনাইজেশনের কমতি রয়েছে। তাছাড়া প্রথমত আমার সিনেমায় অভিনয়ের কোন পূর্বের অভিজ্ঞতা নেই। অন্যদিকে নাটকে নিয়মিত অভিনয় করছি। সেখান থেকে সিনেমায় গিয়ে অভিনয় করে নিজেকে কতটুকু খাপ খাওয়াতে পারবো সেটাও বেশ গুরুত্বর্পূণ। সিনেমায় অভিনয়ের ক্ষেত্রে অনেক ধরনের চরিত্রে অভিনয়ের ব্যাপার রয়েছে। যেগুলো নিয়ে আগে কখনোই আমার গবেষনা করা হয়নি। তাই আমার কাছে মনে হয় আমি এখুনি সিনেমার জন্য প্রস্তুত নই।”
তিনি আরো বলেন, “কাজের ক্ষেত্রে আমার ভিতরে বেশ কিছু সীমাবদ্ধতা রয়েছে। আমি চাই না সিনেমা করতে গিয়ে সেগুলোকে অতিক্রম করতে। সিনেমা করতে গিয়েও আমি সেইগুলো মেনে চলবো। সিনেমার জন্য আমি নিজেকে হঠাৎ করে বদলে ফেলতে পারবো না। সিনেমা আমার চূড়ান্ত গন্তব্য নয়।”
২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া ভুবনে ক্যারিয়্যার শুরু করেন মডেল ও অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’ নাটকে অভিনয়ের মাধ্যমে প্রথমবারের মত টেলিভিশন অভিনেত্রী হিসেবে অভিষিক্ত হন তিনি। এরপরের গল্পটা সকলেরই জানা।
তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে ‘মাঝে মাঝে তব দেখা পাই`, ‘কল সেন্টার’, ‘মেয়ে শুধু তোমার জন্য’, ‘আজও ভালোবাসি মনে মনে’, ‘হাসো আন লিমিটেড’ ‘ধান্দা’, ‘ফিল্ম মানিয়া’,‘ব্ল্যাক রোজ’ ইউনিভার্সিটি ইত্যাদি।
এর নেপথ্যের কারন সম্পর্কে গ্লিটজকে তিনি বলেন, “খন্ড নাটকের অভিনয় নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি। সত্যি বলতে ধারাবাহিক নাটকগুলোর প্রতি আমার নিজের কোন আগ্রহ নেই। কারন ধারাবাহিক নাটকের বেশিরভাগ ক্ষেত্রে একটা সময়ে গিয়ে গল্পটা ঝুলে যায়। অন্যদিকে সময় মিলানো নিয়ে আমার একটি সম্যস্যা হয়ে থাকে। কারন নাটকে অভিনয় করার পাশাপাশি আমি বিজ্ঞাপন চিত্রে মডেলিং ও বিভিন্ন টেলিভিশনে নাচের অনুষ্ঠানে অংশ গ্রহন করে থাকি। মূলত সবকিছু মিলিয়ে সময় হয়ে ওঠে না বলেই খন্ড নাটকে নিয়মিত কাজ করি।”
বিশেষ দিবস উপলক্ষে ইতমধ্যে নাকি ব্যস্ততা আরোও বেড়েছে। ভালোবাসা দিবস, বিজয় দিবস ও ঈদ উপলক্ষে সম্প্রতি বেশ কিছু কাজ সম্পন্ন হয়েছে। এছাড়াও হাতে আরো বেশ কিছু কাজের প্রস্তাব রয়েছে। এমনটাই গ্লিটজকে জানালেন তিনি।
