আমিরের বিপরীতে কৃতি?
‘থাগস অফ হিন্দুস্তান’ সিনেমা নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়ে গিয়েছে বলিউডে। কিছুদিন আগেই ঘোষণা এসেছে, সিনেমাতে প্রধান দুই চরিত্রে থাকছেন আমির খান এবং অমিতাভ বচ্চন। এবার জানা গেলো, আমিরের বিপরীতে অভিনয় করতে পারেন তরুণ অভিনেত্রী কৃতি শ্যানন।
এরই মধ্যে সিনেমাটির জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে দিয়েছেন আমির। ‘দঙ্গল’-এর প্রচার চালানোর সময় তাকে দেখা গেছে দাড়ি-গোঁফ ওয়ালা অবতারে, মাথায় ছিল স্কার্ফ।
‘হিরোপান্তি’ দিয়ে বলিউডে অভিষেক ঘটা কৃতির বয়স মোটে ২৬। ওদিকে আমির এই বছরে পা দিয়েছেন ৫১ বছর বয়সে।
বয়সের এই বিরাট ব্যবধান সত্ত্বেও কৃতির সঙ্গে কাজের ব্যপারে দারুন আগ্রহ দেখিয়েছেন আমির। ‘এই প্রজন্মের অন্যতম সেরা নায়িকা’ হিসেবেই নাকি কৃতিকে এই সুযোগ দিচ্ছেন তিনি। সিনেপাড়ায় গুঞ্জন, কৃতির সঙ্গে সিনেমার ব্যাপারে কথাও বলেছেন তিনি।
ভারতের স্বাধীনতাপূর্ব কিছু বিপ্লবী মানুষকে নিয়ে গড়ে উঠেছে সিনেমার কাহিনী। ২০১৮ সালের মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। আগামী বছরের মার্চে শুরু হতে পারে সিনেমার শুটিং। এই সিনেমার মাধ্যমে ‘ধুম থ্রি’র পর আবারো যশ রাজ ফিল্মসের সাথে কাজ করবেন আমির।
