‘এই নাচ কেউ খুঁজে পায়, কেউ পায় না’
হাওয়া যখন গাছের পাতায় কাঁপন ধরায়, উড়বে বলে পাখি যখন ডানা ঝাপটায়, কিংবা মেয়েরা যখন রান্নাঘরে রুটি বানায়- সবখানে তার চোখ খুঁজে পায় মুদ্রা, ধা ধিন ধিন ধা।
মঞ্চের মন্দিরে তার হৃদয়ের কম্পন ছন্দবদ্ধ দেহভঙ্গিতে হয়ে ওঠে নাচ; তিনি হয়ে ওঠেন বিরজু মহারাজ।
উপমহাদেশের এই কিংবদন্তী নৃত্যগুরু সোমবার রাতে ছায়ানটে কত্থক নৃত্য উৎসবের মঞ্চে এসে শোনালেন নিজের কর্মময় জীবনের গল্প, নাচ নিয়ে একান্ত ভাবনার কথা।
গল্পে গল্পে বিরজু মহারাজ জানালেন, তার ‘অন্তরে নাচ, বাহিরে নাচ’। নেচে- নেচে বিশ্ব মাতানো এই কিংবদন্তী খুঁজে ফেরেন সেই ছন্দ, ‘যা ভগবানের দান’; কখনও মানুষে, কখনও আবার প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গে।
বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী শিবলী মুহম্মদ, মুনমুন আহমেদ; এমনকি বলিউডের অনেক নামকরা অভিনেত্রীও এই নৃত্যগুরু কাছে তালিম নিয়েছেন। অথচ খ্যাতি মাড়িয়ে আটপৌরে জীবনাচরণকেই তিনি সঙ্গী করেছেন সবসময়।
বিরজু মহারাজ আসবেন শুনে ছায়ানট মিলনায়তনে তিলধারণের ঠাঁই নেই। শীতের রাত; অথচ রাত যত গভীর হল, দর্শকের সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ল। এদের কেউ নৃত্যশিল্পী, কেউ শিখছেন। সবাই শুনতে চান মহারাজের কথা।
মাত্রই আরব আমিরাত সফর শেষে এসেছেন। শরীর ‘ভালো নেই’; তবুও ‘প্রিয়তম’ বাংলায় যে তাকে আসতেই হবে। কথা বলতে হবে নাচ নিয়ে।
মঞ্চে মহারাজের পাশে ছিলেন তার শিষ্যরা; শ্বাশতী সেন, মুনমুন আহমেদ, শিবলী মুহম্মদ। কথার ফাঁকে ফাঁকে চলছিল ‘তেহাই’। নাচের পাশাপাশি বিরজু মহারাজ শাস্ত্রীয় সংগীতে কতটা পারদর্শী, তার নমুনা দেখা গেল একের পর এক পরিবেশনায়। কখনও নৃত্যের তালে, কখনো সংগীতের মূর্ছনায় তিনি মাতিয়ে তুললেন দর্শকদের। হাতের মুদ্রায় একে একে ফুটে উঠতে থাকল কত্থকের বোলচাল।
“দুই বছর থেকে নাচ করি। নাচ আমার রক্তে, আমার চেতনায়। সংগীতও তাই। ছোটবেলায় কলকাতায় নেচে অনেক তারিফ পেয়েছিলাম, বাঙালিরাই আমাকে দিয়েছিল জীবনের প্রথম পুরস্কার।”
উপমহাদেশের কত্থক কিংবদন্তি ঈশ্বরী প্রসাদের এ বংশধর জন্ম নেন জন্ম ১৯৩৮ সালের ৪ ফেব্রুয়ারি। বাবা পতি অচ্ছন মহারাজের কাছে ‘তেহাই’ আর ‘টুকরা’ আবৃত্তি দিয়ে শুরু; আট বছর বয়সেই নাচ, গান আর বাদনে তুখোড় হয়ে ওঠেন।
নয় বছর বয়সে ‘শিক্ষক’ বাবাকে হারিয়ে ছন্দপতন। নিরুপায় হয়ে ভিটেবাড়ি বিক্রি করতে হলেও সংগীত আর নৃত্যসাধনা থেকে একচুল বিচ্যুত হননি ‘দুঃখহরণ নাথ’। শৈশবে এ নামেই পরিচিত ছিলেন বিরজু মহারাজ।
নিজস্ব শিল্পরীতিতে বিশ্ব নৃত্যান্দোলনের মূল ধারায় নিজেকে অনন্য অবস্থানে নিয়ে যাওয়া বিরজু মহারাজ কত্থকের একাধিক বিন্যাসপর্ব নির্মাণ করেছেন।
আন্দাজ, আমদ, ঠাঁট বা নিকাষ, গৎ, গৎভাও, বোলপরম ও ঠাঁট- তার নৃত্যের এমন সুচারু, প্রাণবন্ত, উদ্দাম, গতিশীল উপস্থাপনা কত্থক নৃত্যে যোগ করেছে ভিন্ন যোজনা। কত্থকের কৌশল, ব্যাকরণিক বিন্যাস, উপস্থাপন রীতিতে তিনি যুক্ত করেছেন অভিনব রুচি ও নান্দনিক শৃঙ্খলা।
ভারতীয় পুরাণ, ইতিহাস ও ঐতিহ্যনির্ভর ১৭টি নৃত্যনাট্য নির্দেশনা দিয়েছেন তিনি। ঠুমরি, দাদরা, ভজন, গজল গায়ক হিসেবেও কুড়িয়েছেন খ্যাতি। আবার সেতার, সরোদ, বেহালা, সারেঙ্গি, তবলাসহ একাধিক যন্ত্রবাদনে তিনি পারদর্শী। তিনি একাধারে কবি, লেখক।
পেয়েছেন সংগীত ও নাটক আকাদেমি অ্যাওয়ার্ড, কালিদাস সম্মাননা, নৃত্যচূড়ামণি পুরস্কারসহ আরও অসংখ্য পদক ও পুরস্কার।
বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়, খাইরাগারাহ বিশ্ববিদ্যালয় তাকে দিয়েছে সন্মানসূচক ডিগ্রি।
শিল্পসাধনাকে নিজের ‘প্রথম ও শেষ আরাধনা’ হিসেবে তুলে ধরে এ পণ্ডিত বলেন, সংগীত ও নৃত্য পরস্পর সম্পর্কিত। ছন্দ, লয় ছাড়া সংগীত হয় না, নৃত্যও হয় না। ছন্দের স্বর্গীয় সুধা নিয়েই শিল্প জীবন।
“মঞ্চ আমাদের কাছে মন্দির। মঞ্চে আমরা শিল্পের মধ্য দিয়ে ধর্মীয় নানা আচারও পালন করি।”
শ্বাশতী শুরু করেন ‘কৃষ্ণবন্দনা’দিয়ে। অর্চনার পর তিনি ফুটিয়ে তুলেন শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে আধুনিকতার সংমিশ্রণ; বাদ্যের তালে তালে পা ঠুকে তৈরি করেন অপূর্ব নান্দনিক মাত্রা।
