এক গানে জোট বাঁধলেন তারা
তরুণ সংগীতশিল্পী নাহিদ মেহেদীর গান ‘হারালাম অজানায়’তে মডেল হলেন মডেল-অভিনয়শিল্পী জুটি তৌসিফ ও স্পর্শিয়া। বছরের শেষ মিউজিক্যাল ফিল্ম হিসেবে ৩১ ডিসেম্বর গানটি ইউটিউবে মুক্তি পেতে যাচ্ছে।
তানিম রহমান অংশুর পরিচালনায় সম্প্রতি সিলেটের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রধারণ সম্পন্ন হয়েছে।
গানটির সুর ও সংগীতায়োজন করেছেন অদিত। লিখেছেন সূচি। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিও ‘লোকাল বাস’ দিয়ে আলোচনায় আসা তানিম রহমান অংশুর নির্মাণে বছর শেষের চমক হিসেবেই গানটি সবার সামনে উন্মুক্ত হচ্ছে বলে জনিয়েছেন গানটির কণ্ঠশিল্পী নাহিদ মেহেদী।
তার ভাষ্যে, “সময়ের সাথে সাথে গান যায়, গান আসে। সেই ফাঁকে কিছু গান থেকে যায় মনের গহীন চিলেকোঠায়। অদিতের সুরে জাদু আছে। আমি আমার সবটুকু উজাড় করেই গেয়েছি। স্পর্শিয়া আর তৌসিফও গল্প অনুযায়ী অংশু ভাইয়ের নির্দেশনায় শতভাগ আশাপূরণ করেছেন। আমার দৃঢ় বিশ্বাস এই গানটি দর্শক শ্রোতাদের মনের গহীন চিলেকোঠায় থেকে যাবে।”
গানটি প্রসঙ্গে সংগীত পরিচালক অদিত বলেন, “প্রথমত এটি নিজের তৈরি গান, তাই প্রাণ খুলে বেশি কিছু বলতেও পারছি না। গানটির ভিডিও নির্মাণের সময়ও আমি উপস্থিত ছিলাম। কারণ, আমি চেয়েছি বছরের শেষ উপহার হিসেবে এটি যেন দারুণ কিছু হয়। আর নাহিদ মেহেদী প্রসঙ্গে এটুকুই বলবো, দারুণ কণ্ঠ তার। আমরা একসঙ্গে আরও অনেক কাজ করার পরিকল্পনা করছি।”
ভিডিও নির্মাতা তানিম রহমান অংশু বলেন, “চেষ্টা করেছি ভালো কিছু করার। চেষ্টা ছিল মিউজিক ভিডিও না বানিয়ে একটি মিউজিক্যাল ফিল্ম তৈরির। শুটিং শেষে সম্পাদনার টেবিলে বসে এখন মনে হচ্ছে- কাজটি মনের মতো করতে পেরেছি। যদি তাই হয়, তবে এটা হবে আমাদের সবার জন্য- হ্যাপি ইয়ার এন্ডিং ফিল্ম।”
গানটির মডেল অর্চিতা স্পর্শিয়ার কণ্ঠেও নতুন চমকের আভাস পাওয়া গেলো।
তিনি বলেন, “এই বছরই আমি চারটা মিউজিক ভিডিও করলাম। এরমধ্যে অংশু ভাইয়ের দুটি কাজ। কাজগুলো প্রথমত করেছি গানগুলো শুনে পছন্দ হওয়ার পর। গান পছন্দ হওয়ার পর যখন ভিডিওর জন্য একটা দারুণ গল্প পাই তখন আরও ভালো লাগে। বছরের শেষ এই কাজটিও তেমন কিছু হয়েছে। কারণ অংশু ভাইয়ের কাজ মানেই একটা অসাধারণ গল্প খুঁজে পাওয়া। আর আমার সঙ্গে বন্ধু তৌসিফ থাকা মানেই অন্যরকম রসায়ন। ফলে এই মিউজিক্যাল ফিল্মটি না দেখলে আগাম বোঝানো যাচ্ছে না!”
বছরের শেষদিন ‘হারালো অজানায়’ মুক্তি পাচ্ছে আন্তর্জাতিকভাবে। এছাড়া গানটির কণ্ঠশিল্পী নাহিদ মেহেদীর নিজস্ব ভ্যারিফায়েড ফেসবুক পেইজের মাধ্যমেও পাওয়া যাবে গানটির ভিডিও লিঙ্ক।
