অক্ষয়ের ‘জলি এলএলবি-টু’কে বাটা-র আইনি নোটিশ
মুক্তির আগেই অক্ষয় কুমার অভিনীত ‘জলি এলএলবি-টু’ পড়ে গেল আইনি ঝামেলায়। জুতা তৈরির প্রতিষ্ঠান বাটা তাদের পণ্যের নামে ‘অপমানজনক’ সংলাপ রাখার প্রতিবাদে আইনি নোটিশ পাঠিয়েছে সিনেমা সংশ্লিষ্ট সবাইকে।
সিনেমার ট্রেইলারে এক পর্যায়ে দেখা যায়, আদালতে আন্নু কাপুর অক্ষয়কে তার গরিবী পোশাকের জন্য খোঁচা মেরে বলেন, “বাটার জুতা আর টেরিকটের শার্ট পরে আমার সাথে মুখে মুখে তর্ক করছিস!”
এই সংলাপেই চটেছেন বাটার কর্মকর্তারা।
পরিচালক সুভাষ কাপুর, প্রযোজক কমিটি এবং অক্ষয় কুমার ও আন্নু কাপুরের বিরুদ্ধে আইনি নোটিশ পাঠিয়েছে বাটা। সেখানে বলা হয়েছে, ট্রেইলার এবং অন্য সব জায়গা থেকে ওই ডায়লগ গুলো মুছে ফেলতে হবে। সেইসঙ্গে লিখিতভাবেও ক্ষমাপ্রার্থণা করতে হবে তাদের।
বিভিন্ন সূত্র জানায়, সুভাষ কাপুর নোটিশ পাওয়ার ব্যাপারে তাদের জানিয়েছেন। তবে পরবর্তীতে কী পদক্ষেপ নেবেন সেই ব্যাপারে কিছু বলেননি।
