২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ক্যারি ফিশার

‘স্টার ওয়ার্স’ এর প্রিন্সেস লেইয়া চরিত্রটির জন্য সবাই চেনেন মার্কিন অভিনেত্রী ক্যারি ফিশারকে। শুক্রবার লন্ডন থেকে লস এঞ্জেলসে উড়ালপথে যাওয়ার সময় বিমানের মধ্যেই আচমকা হৃদরোগে আক্রান্ত হয়ে পড়েন এ তারকা।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2016, 05:49 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

বিবিসি জানায়, ক্যারি তার প্রকাশিত একটি বইয়ের প্রচারণার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে বিমানে করে লস অ্যাঞ্জেলস ফিরছিলেন তিনি। বিমানে অবস্থানকালে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েন তিনি।

ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই ষাট বছর বয়সী এই অভিনেত্রীর প্রাথমিক সেবার ব্যবস্থা করেন বিমান কতৃপক্ষ। লস অ্যাঞ্জেলসে বিমান থামার সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। বিমান অবতরণের মাত্র ১৫ মিনিট আগেই এ ঘটনাটি ঘটে।

এনবিসি জানায়, ক্যারি ফিশারের অবস্থা এখনও আশঙ্কাজনক।

ওইসময় হাসপাতালে উপস্থিত ছিলেন ক্যারির ভাই টড। তিনি বলেন, “এ মুহূর্তে আমাদের হাতে কিছুই নেই। সবই উপরওয়ালার হাতে। আপনারা সবাই আমার বোনের জন্য প্রার্থনা করুন। সৃষ্টিকর্তা যেন তাকে সুস্থ করে তোলেন।”

একদিন পরেই ক্রিসমাস। এর মধ্যে ক্যারির হৃদরোগের ঘটনায় স্বাভাবিকভাবেই বেশ মুঘড়ে পড়েছেন তার ভক্ত ও সহকর্মীরা। হলিউড তারকারা তাদের টুইটারে ক্যারির সুস্থতা কামনা করে আবেগঘন পোস্ট দিয়েছেন।

‘স্টার ওয়ার্স’- এ তার সহঅভিনেতা মার্ক হ্যামিল তার টুইটার পোস্টে লিখেছেন, “ফিশারের জন্য ভালোবাসা।”

এ সিনেমার আরেক অভিনেতা পিটার মেহিউ লিখেছেন, “আমাদের সবার প্রিয় প্রিন্সেস লেইয়ার জন্য অনেক অনেক প্রার্থনা ও শুভকামনা।”

আরেক ‘স্টার ওয়ার্স’ তারকা গাটেন মাতারাজ্জো ক্যারির একটি উক্তিকেই উদ্ধৃত করে লিখেছেন, “মে দ্য ফোর্স বি উইথ ইউ ক্যারি ফিশার।”

জনপ্রিয় কৌতুক অভিনেতা বিলি ইচনার লিখেছেন, “আমরা কি ক্যারি ফিশারের মতো একজন প্রতিভাবান অভিনেত্রীকে হারাতে চলেছি? নিশ্চয়ই না। আমরা কোনোভাবেই তাকে হারাতে রাজি না। ক্যারি তুমি ফিরে এসো। তোমার জন্য ভালোবাসা।”