শাহরুখের সঙ্গে আমার দর্শন মিলে যায়ঃ আনুশকা
তার অভিনয় জীবন শুরু শাহরুখ খান-এর হাত ধরেই। ‘রবনে বানাদি জোড়ি’ সিনেমাতে কিং খান-এর সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে আনুশকা শর্মা বুঝিয়ে দিয়েছিলেন, তিনি বলিউডে থাকতেই এসেছেন। আগামী বছর তৃতীয়বারের মতো শাহরুখ-এর সঙ্গে রুপালী পর্দায় দেখা যাবে তাকে। এবার আনুশকা জানালেন, শাহরুখ-এর সঙ্গে তার চিন্তাভাবনা অনেকটাই মিলে যায়।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, এক সাক্ষাৎকারে আনুশকা শাহরুখ-এর সঙ্গে কাজের ব্যাপারে নিজের অনুভূতির কথা প্রকাশ করেন, “শাহরুখ খান সত্যিই একজন বুদ্ধিমান মানুষ, আমি তাকে খুবই সম্মান করি। তিনিও ইন্ডাস্ট্রির বাইরে থেকে এসে নিজের অবস্থান তৈরি করেছেন, এটা আজীবন থাকবে। আমিও বাইরে থেকে এসেছি, তাই আমি ব্যাপারগুলো জানি।”
শাহরুখ -এর সঙ্গে তার সম্পর্কটা সবার চেয়ে আলাদা বলেন জানান আনুশকা, “রণবীর-এর সঙ্গে কাজের সময় আমরা একে অপরকে খুবই জ্বালাতন করি। কিন্তু শাহরুখ খান-এর সঙ্গে ব্যাপারটি পুরোপুরি ভিন্ন। এটা সবসময়ই জীবনধর্মী হয়। তার থেকে অনেক কিছুই শেখার আছে। তার সঙ্গে কথা বলতে সময় দারুণ লাগে আমার। আমি সবার সঙ্গে মিশতে পারিনা, সবাইকে মনের কথা বলতেও পারি না। রণবীরকে আমি সব বলতে পারিনা কারণ সে অল ইন্ডিয়া রেডিওর মতো, সবাইকে জানিয়ে দেবে! কিন্তু শাহরুখ এরকম না, তার সঙ্গে আমি অনেক ব্যাপারেই খোলামেলা কথা বলতে পারি।”
ইমতিয়াজ আলির সিনেমাতে কাজ করতে গিয়ে তাদের দুজনের সম্পর্কটা নতুন মাত্রা পেয়েছে বলেই জানান আনুশকা, “প্রতিটা সিনেমার সঙ্গে সঙ্গে আমাদের সম্পর্কটা আরও সহজ হয়েছে। ইমতিয়াজের সিনেমাগুলো চরিত্র নির্ভর। তাই একে অন্যের সঙ্গে ভালো সম্পর্ক রাখাটা জরুরী। সিনেমাটা দারুণ হবে। এখানে আমরা দুজনই নতুন একটা পরিস্থিতির মুখোমুখি হব।”
আগামী বছর আগস্টে মুক্তি পাওয়ার কথা রয়েছে ইমতিয়াজ আলির এই নতুন সিনেমা ‘রেহনুমা’র। কিছুদইন আগেই সালমান খান টুইট করে সিনেমাটি সম্পর্কে জানিয়েছিলেন সবাইকে।
