২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিস সিনেফেস্টের বিচারক বাংলাদেশি তরুণ

বিশ্বের বিভিন্ন দেশের ১৯ জন তরুণ বিচারকের মধ্যে স্থান করে নিয়েছেন তরুণ চলচ্চিত্র নির্মাতা রাজীব খান পাঠান। আগামি ২০ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হবে এ আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসব। 

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2016, 07:11 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

প্যারিস ইন্টারন্যাশনাল সিনেফেস্ট এর বিচারক হলেন বাংলাদেশের তরুণ নির্মাতা রাজীব খান পাঠান। প্রতি বছর শিল্প সাহিত্যের শহর প্যারিসে বসে তরুণ নির্মাতাদের নির্মিত সিনেমা নিয়ে গুরুত্বপূর্ণ আসর ‘প্যারিস ইন্টারনেশনাল সিনেফেস্ট’। বিশ্বের মেধাবী তরুণ নির্মাতারা তাদের সেরা সিনেমা নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন। আর এমন প্রতিযোগিতায় জুরি হিসেবে ভূমিকা পালনের আমন্ত্রণ পেলেন বাংলাদেশের এ মেধাবী তরুণ।

জুরি হিসেবে আমন্ত্রণের ডাক পেয়েই অনলাইনে সিনেমা দেখতে শুরু করেছেন রাজীব। জুরি হিসেবে তাকে দেখতে হবে বিভিন্ন দেশের একশ সিনেমা। আন্তর্জাতিক এ উৎসবের অংশ হতে পেরে উচ্ছ্বসিত এ তরুণ বলেন- ‘প্যারিস ইন্টারনেশনাল সিনেফেস্ট’-কর্তৃপক্ষের আমন্ত্রণ পেয়েই সাড়া দিই। সিনেমা নিয়ে ইন্টারনেশনালি মুভ করার এমন একটি সুযোগ আমি কি করে ফিরিয়ে দিই! আমি ‘হ্যাঁ’ বলার পরেই তারা তাদের অফিশিয়াল ওয়েবসাইটে জুরি হিসেবে আমার নাম যুক্ত করে।’ 

বিশ্বের বিভিন্ন দেশের ১৯জন তরুণ বিচারকের মধ্যে স্থান করে নেয়া এ তরুণ নির্মিত চলচ্চিত্র ‘কাগজের নৌকা’ রাশিয়ার কিনোপ্রভা ফিল্ম ফেস্টিভালে স্থান করে নেয়। চলচ্চিত্রটি দেশে ও দেশের বাইরে বিভিন্ন স্থানে প্রদর্শিত ও প্রশংসিত হয়। এছাড়া তার নির্মিত হোয়াইট লাই চলচ্চিত্রটিও ইন্টারন্যাশনাল ইন্ডিপেন্ডেন্ট এন্ড শর্টফিল্ম ফেস্টিভালে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়।

আগামী ২০ মার্চ ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিতব্য এ উৎসবে বিচারক হিসেবে দায়িত্ব পালন প্রসঙ্গে রাজীব আরও জানান, ‘এরইমধ্যে বিভিন্ন দেশ থেকে প্রচুর ছবি জমতে শুরু করেছে। অনলাইনে সিনেফেস্টের একটি নির্দিষ্ট সার্ভারে জমা হওয়া সিনেমাগুলো দেখছি। প্রতিজন জুরির একশো করে সিনেমা দেখতে হবে। তবে জুরি হিসেবে পরবর্তীতে আমাকে প্যারিসে যেতে হবে কিনা সে বিষয়ে এখনো আমি কিছু জানি না।’ 

ছোট পরিসর, ছোট দল, কম বাজেট কিন্তু মেধা আর সৃষ্টিশীলতার গন্ডিটা যাদের বিশাল এবং যারা সিনেমা নির্মাণ করতে চান তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি প্লাটফর্ম ‘প্যারিস ইন্টারনেশনাল সিনেফেস্ট’। এ উৎসবে সেরা সিনেমা(ফিচার), সেরা শর্টফিল্ম, সেরা নির্মাতা, সেরা সিনেমাটোগ্রাফার, সেরা চিত্রনাট্য, সেরা অ্যানিমেশন, সেরা মিউজিক ভিডিও এবং সেরা ডকুফিল্মসহ মোট আটটি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

তবে শুধু সিনেমা প্রতিযোগিতার প্লাটফর্মই নয় প্যারিস সিনেফেস্ট, বরং যারা সিনেমার মধ্য দিয়ে গতানুগতিকতার বাইরে গিয়ে ভালো গল্প আর মেধার জোরে এগিয়ে যেতে চান এবং স্বল্প বাজেটে ভালো কাজের ক্ষমতা রাখেন তাদের সিনেমা বানানোয় আর্থিক সহায়তাও প্রদান করে।