টম ক্রুজের প্রেমে পড়ি হঠাৎ করেই: নিকোল কিডম্যান
নব্বইয়ের দশকে তাদের প্রেম, বিয়ে ও বিচ্ছেদ ছিল সিনেমাপ্রেমীদের অন্যতম আলোচ্য বিষয়। নিকোল কিডম্যান আর টম ক্রুজকে ডাকা হতো ‘হলিউডের আদর্শ জুটি’ নামে। তবে সেসবের পুরোটাই ইতিহাস এখন; ক্রুজ-এর বিচ্ছেদ বেদনা ভুলে গায়ক কিথ আরবান-এর সঙ্গে সুখেই সংসার করছেন তিনি। জানালেন ক্রুজের সঙ্গে বিচ্ছেদের মতোই প্রেমটাও হয়েছিল হঠাৎ করেই।
সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এটা একেবারে হঠাৎ করেই হয়েছিল। কিন্তু জানেন কি, যখন টমের প্রেমে আমি পড়লাম, কোনোকিছুরই তোয়াক্কা করিনি। মনও বসতো কিছুতে।”
১৯৮৯ সালের সিনেমা ‘ডেইজ অফ থান্ডার’-এর সেটে পরিচিত হন কিডম্যান-ক্রুজ জুটি। প্রথম দেখাতেই প্রেমের এই সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। ১১ বছরের দাম্পত্য শেষ হয় ২০০১ সালে।
টম ক্রুজ-এর সঙ্গে বিচ্ছেদ নিকোল কিডম্যানকে ডুবিয়ে দিয়েছিল বিষাদের অতলে। সেখান থেকে উঠে আসতে সিনেমারই সাহায্য নেন তিনি। ওই সময় ‘দ্য আওয়ার্স’ সিনেমায় বিষাদগ্রস্ত ব্রিটিশ সাহিত্যিক ভার্জিনিয়া উল্ফ-এর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি, যা পরবর্তীতে তাকে এনে দেয় ক্যারিয়ারের একমাত্র অস্কার।
“আমি তখন খুবই বিষণ্ন থাকতাম। আর তাই, আমি যেন ভার্জিনিয়ার ভেতরে হারিয়ে গেলাম। শুনে হয়তো মনে হবে আমি প্রলাপ বকছি; কিন্তু এই চরিত্রটিই আমার জীবন বাঁচিয়েছিল,” বলেন তিনি।
এখন অবশ্য বিষণ্নতায় আর ভোগেন না তিনি; কিথ আরবান-এর সঙ্গে তার সংসারে এসেছে ফুটফুটে দুই কন্যাসন্তান ফেইথ ও সানডে রোজ। তবে তার আগেই ক্রুজ-এর ঘরে থাকতেই ইসাবেলা আর কনর নামের দুই শিশুকে দত্তক নিয়েছিলেন তিনি।
এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি জানতাম আমি দত্তক গ্রহণ করবো, কারণ আমি সবসময় সন্তান চাইতাম। অনেক অল্প বয়স থেকেই সন্তান চাইতাম; সেই সন্তান নিজের গর্ভজাতই হতে হবে- এমনটা কখনও ভাবিনি আমি। তাই প্রথমেই আমি দত্তক নিয়েছিলাম।”
