২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমার অভিনয় জাতীয় পুরস্কারের যোগ্য না : শাহরুখ

নিজের দীর্ঘ ক্যারিয়ারে পুরস্কার কম পাননি বলিউডের বাদশাহ। কিন্তু জাতীয় পুরস্কারটা এখনো অধরাই রয়ে গিয়েছে শাহরুখ খান-এরকাছে। তবে শাহরুখ নিজেই মনে করেন, এখনো জাতীয় পুরস্কার পাওয়ার মতো অভিনয় তিনি করেননি!

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2016, 07:51 PM

Updated : 12 Apr 2022, 03:34 AM

ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে কিং খান বলেন, “দর্শক এবং বিচারকমণ্ডলীর অশেষ কৃপায় আমি এতদূর এসেছি এবং এত পুরস্কার জিতেছি। এটা ভুল হবে যদি আমি বসে বসে বলি, আহা ওই সিনেমার জন্য যদি অ্যাওয়ার্ড পেতাম! যেটা আমি পাইনি,আমি মনে করিনা আমি সেটার যোগ্য!  আমি মনে করিনা এখনো জাতীয় পুরস্কার পাওয়ার মতো অভিনয় করেছি।”

তবে সেই আশা এখনও ছাড়েননি বলেই জানালেন শাহরুখ, “আমি কঠোর পরিশ্রম করলে ইনশাল্লাহ একদিন অবশ্যই এটা পাবো এবং আমি তখনই সেটার যোগ্য হবো।”

এদিকে শাহরুখ মনে করেন, বলিউডের অভিনেতাদের জন্য অস্কার পাওয়াটাই সব নয়, “বাফটা এবং গোল্ডেন গ্লোব পুরস্কারও আছে,কিন্তু অস্কারটা বেশি জনপ্রিয়তা পেয়ে গিয়েছে। এটা বহু বছর ধরেই হয়ে আসছে। এটা প্রেরণাদায়ী হতে পারে, কিন্তু এটাই একমাত্র মানদণ্ড হতে পারে না। আমাদের নিজেদের স্বতন্ত্র একটা লক্ষ্য তৈরি করতে হবে।”

চলতি বছরের যশ চোপড়া মেমোরিয়াল অ্যাওয়ার্ডের জন্য মনোনিত হয়েছেন শাহরুখ। এর আগে এই পুরস্কার অর্জন করেছেন লতা মুঙ্গেশকর, অমিতাভ বচ্চন ও রেখার মতো তারকারা।

অনেকেই মনে করছেন, এই বছরের শুরুতে ‘ফ্যান’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করে জাতীয় পুরস্কারের দৌড়ে অনেকটাই এগিয়ে আছেন শাহরুখ। আগামী বছরের শুরুতেই মুক্তি পাচ্ছে তার বহু প্রতিক্ষীত সিনেমা ‘রইস’।