‘দঙ্গল’ দেখে আমিরকে জড়িয়ে ধরলেন মহাবীর ফোগাত
মাসের পর মাস পরিশ্রম করে আমির খান নিজেকে গড়েছেন তার আদলে। ভারতের বিখ্যাত কুস্তিগীর মহাবীর ফোগাত-এর জীবনের ঘটনা নিয়েই নির্মীত হয়েছে তার সিনেমা ‘দঙ্গল’। সেই ছবি মুক্তি পেয়েছে বৃহস্পতিবার। আর পর্দায় আমিরকে নিজের চরিত্রে দেখে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন মহাবীর নিজেই।
সিনেমার উদ্বোধনী প্রদর্শনীতে সপরিবারে উপস্থিত ছিলেন মহাবীর। সিনেমা শেষে আমিরকে জড়িয়ে ধরেন তিনি।
সিনেমার পরিচালক নিতেশ তিওয়ারি এব্যাপারে বলেন, “আমাদের জন্য এটি খুবই আবেগময় মুহূর্ত ছিল যখন গীতা এবং ববিবতাকে নিয়ে মহাবীর ফোগাত সিনেমাটি দেখছিলেন। আমাদের এতোদিনের পরিশ্রম তাদের চোখেই মূল্যায়িত হচ্ছিল, যাদেরকে আমরা পর্দায় তুলে ধরেছি। আমাদের ভাগ্য ভালো ফোগাতজি সিনেমাটি পছন্দ করেছেন।”
সিনেমার প্রদর্শনী শেষে বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজেদের অনুভূতি তুলে ধরে ফোগাত পরিবার।
সেখানে মহাবীর ফোগাত বলেন, “খুব ভালো লেগেছে ছবি।গল্পটা আমার ছিল, কিন্তু শচীনজি, রাজ থ্যাকারেজি যখন দেখে বের হচ্ছিলেন সিনেমাটা, তারাও আমিরকে বলেছেন, অনেক পরিশ্রম করে সিনেমাটি করেছেন, খুব ভালো লেগেছে।”
‘দঙ্গল’-এ দেখানো হয় কীভাবে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের দুই মেয়ে ববিতা ও গীতাকে কুস্তিগীর হিসেবে তৈরি করেন মহাবীর ফোগাত। সিনেমায় গীতার চরিত্রে ফাতিমা সানা শেখ আর ববিতার চরিত্রে অভিনয় করেছেন সানিয়া মালহোত্রা।
ববিতা ফোগাত এব্যাপারে বলেন, “বিখ্যাত সব ব্যক্তিরা যখন জিজ্ঞেস করছিলেন, বাস্তবেও কি একরমই ঘটেছিল? আমরা বলেছি, এ তো কিছুই নয়, এর চেয়েও অনেক বেশি পরিশ্রম করেছি।”
তিনি আরও বলেন, “সাধারণ দুই মেয়ে থেকে কুস্তিগীর হওয়ার রাস্তাটা অনেক লম্বা । পুরোটা তো দুই-আড়াই ঘন্টার সিনেমায় তুলে আনা সম্ভব নয়। তারপরও, আমির খান, সাক্ষী মালিক, সানিয়া মালহোত্রা, ফাতিমা সানা শেখরা তাদের সর্বোচ্চটাই দিয়েছেন। একারণেই খুবই সুন্দর করে উঠে এসেছে আমাদের গল্প।”
