কারিনার সন্তানের নাম নিয়ে সমালোচনায় চটেছেন ঋষি কাপুর
প্রথমে সন্তানের ছবি নিয়ে বিতর্ক, এরপর নাম নিয়ে। সাইফ আলি খান ও কারিনা কাপুর এর শিশুপুত্র তৈমুর জন্মের পর থেকেই খবরের শিরোনামে! তবে ভাতিজিরসন্তানের নাম নিয়ে মানুষের আজেবাজে মন্তব্য একেবারে সহ্য করতে পারছেন না ঋষি কাপুর। সমালোচকদের ধুয়ে দিয়েছেন এই বর্ষীয়ান এই অভিনেতা।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, নাতির নাম নিয়ে মানুষের নানা মন্তব্য একেবারে ভালো চোখে দেখেননি কারিনার চাচা ঋষি, “ মা বাবা তার নাম কী রেখেছে এটা নিয়ে মানুষের এত মাথাব্যথা কেন? নিজের চরকায় তেল দিন। আপনাদের এখানে নাক গলানোর কিছু নেই। এটা সম্পূর্ণ মা বাবার ইচ্ছা।”
সমালোচকদের কিছু মন্তব্যে জবাব দিয়ে তাদের ধুয়ে দিয়েছেন ঋষি, “নিজের চরকায় তেল দাও সবাই। তোমার ছেলের নাম তো আর রাখেনি! তোমার মন্তব্য করারকি দরকার?’
২০ ডিসেম্বর মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে জন্ম নেয় কারিনা কাপুরের পুত্র। নাম রাখা হয় তৈমুর আলী খান পতৌদি। অনেকে সঙ্গে সঙ্গেই বলতে শুরু করেন, পঞ্চদশ শতাব্দীর মোঙ্গল শাসক তৈমুর লং এর নামেই কেন সন্তানের নাম রাখলেন কারিনা। অত্যাচারী তৈমুর-এর আক্রমণে দিল্লীর কয়েক হাজার মানুষ নিহত হয়েছিলেন ছয়শ বছর আগে, আর এরকম একজনের নামে ভারতীয় তারকাদের সন্তানের নাম রাখা ঠিক হয়নি বলেই মনে করছেন অনেকে।
এই সমালোচনারও জবাব দিয়েছেন ঋষি। তিনি বলেন, “আলেকজান্ডার কিংবা সিকান্দার- এরা কেউই ধোয়া তুলসিপাতা ছিলেন না। অথচ’ এই নামদুটো কিন্তু ভারতে খুবই প্রচলিত!”
তৈমুর শব্দের অর্থ ‘সাহসী রাজা’ বা ‘সিংহের মতো’। এই রাজসিক অর্থের কারণেই ছেলের নাম এই শব্দে রেখেছেন বলেই ধারণা করছেন সবাই।
