২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইফ-কারিনার ছেলের নাম নিয়ে সমালোচনার ঝড়

‘নামে কী আসে যায়’- শেক্সপিয়র-এর এই উক্তি বোধহয় সাইফ আলি খান এবং কারিনা কাপুর-এর পুত্রের ক্ষেত্রে খাটছে না। বহু শখ করে কারিনা-সাইফ জুটি হয়ত ছেলের নাম রেখেছিলেন 'তৈমুর আলি খান পতৌদি'। কিন্তু এই নাম নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2016, 07:41 PM

Updated : 11 Oct 2022, 09:28 PM

কিন্তু কী এমন রয়েছে তৈমুর নামটায়? এই প্রশ্নের উত্তর পেতে ফিরে যেতে হবে প্রায় ছয়শ বছর আগে। পঞ্চদশ শতাব্দীতে ভারতের দিল্লীতে আক্রমণ চালিয়েছিলেন মোঙ্গল সম্রাট তৈমুর লং। হাজারো দিল্লিবাসীকে হত্যা করেছিলেন তিনি। এছাড়াও পারস্যসহ এশিয়ার অনেক জায়গাই তার অধীনে নিয়ে এসেছিলেন। তিনি ‘তৈমুর’ রাজবংশেরও প্রবর্তক। জানা যায়, তৈমুর লং-এর ধংসযজ্ঞ থেকে উঠে দাঁড়াতে দিল্লির শত বছরেরও বেশি সময় লেগেছিল।

বিপত্তিটা বেঁধেছে এখানেই। অনেকেই প্রশ্ন তুলেছেন, যে মানুষটির হাতে ভারতের এত মানুষ নিহত হয়েছিলেন, কারিনা নিজের পুত্রের নাম কীভাবে তার নামের সাথে মিলিয়ে রাখতে পারলেন! সন্তান জন্ম নেওয়ার খবর প্রকাশের পর থেকেই এই গুঞ্জনটি বেশ জোরালো হয়েছে। যদিও তুর্কি শব্দ ‘তৈমুর’ এর অর্থ হচ্ছে ‘সাহসী রাজা’ অথবা ‘সিংহেরমতো’।

তবে সাইফ এবং কারিনা তাদের পুত্রের নাম ‘তৈমুর’ রাখার অধিকার আছে- এই বক্তব্য উচ্চকণ্ঠে বলছেন একজন ব্যক্তিই। তিনি হলেন  জম্মু-কাশ্মীরের সাবেক প্রধানমন্ত্রী ওমর আবদুল্লাহ।

কারিনা-সাইফ জুটিকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “সন্তানের নাম ঠিক করার একমাত্র হক হচ্ছে মা-বাবার এবং তাদের নিকটজনের। অন্য কারো মতামত কেনই বা আমলে নিতে হবে? তাদের সন্তানের দীর্ঘায়ু কামনা করছি। তৈমুর আলি খান-এর জীবন সুখী এবং সুস্থ হোক।”