২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কারিনার সন্তানকে ঘিরে সোহার উচ্ছ্বাস

প্রতীক্ষার অবসান ঘটলো অবশেষে। মঙ্গলবার সকালে ফুটফুটে এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা কাপুর। এই শুভক্ষণে চারপাশ থেকে আসছে শুভকামনা। ছেলের নাম রাখা হয়েছে তৈমুর আলি খান পতৌদি। সাইফ আলি খানের বোন সোহা আলি খান জানিয়েছেন, তৈমুর-এর আগমনে খুবই আনন্দিত তার পরিবার।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2016, 05:34 PM

Updated : 12 Apr 2022, 03:33 AM

ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, মঙ্গলবার সকাল ৭.৩০টায় মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন কারিনা। এর কিছুক্ষণ পর সোহা তার অনুভূতি জানান, “আমাদের পরিবার দারুণ উচ্ছ্বসিত। তৈমুর আলি খান পতৌদি খুব সুন্দর একটি শিশু। মা এবং ছেলে উভয়ই সুস্থ আছেন।”

কারিনা এবং সাইফও নিজেদের সন্তানের আগমনের খবর জানান, “আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে আমাদের ছেলে তৈমুর আলি খান পতৌদির জন্ম হয়েছে। আমরা গণমাধ্যমকে ধন্যবাদ জানাতে চাই, তারা গত ৯ মাস আমাদের যতটা সমর্থন দিয়ে গেছেন তার জন্য ধন্যবাদ। আমাদের ভক্তদেরও মন থেকে ধন্যবাদ জানাতে চাই।”

এদিকে বলিউডের তারকারাও একে একে শুভকামনা জানাচ্ছেন সাইফিনাকে। পরিচালক করণ জোহর থেকে শুরু করে সোনম কাপুর, কাজল আগরওয়াল এবং সাইফ-এর সাবেক স্ত্রী অমৃতা সিংও এই জুটিকে শুভকামনা জানিয়েছেন।