বাবায় চিরমুগ্ধ কন্যা আমি
খালেদ খান-এর প্রয়াণ দিবস উপলক্ষ্যে পড়ুন তার কন্যা ফারহিন খান জয়িতার লেখা
বাবাকে নিয়ে আমাকে লিখতে বললে আমি ভীষণ বিপদে পড়ে যাই। আমার মনে হয় আমি ঠিক গুছিয়ে লিখতে পারবো না, অথবা লিখতে গেলে লেখাটা শেষ করতে পারবো না! বাবা চলে যাওয়ার এই তিন বছরে দ্বিতীয়বারের মতোন বাবাকে নিয়ে লিখতে বসা। লিখতে বসে আবারো মনে হচ্ছে শিল্পী খালেদ খান আর ঘরের মানুষ খালেদ খান, এই দুই জায়গাতেই অতুলনীয় আমার বাবাকে নিয়ে বলতে গেলে গল্প আসলে শেষ করা যায় না! তার চেয়ে বরং ভাবি, তার কোন দিকটা নিয়ে বেশি গর্বিত হবো ? শক্তিমান শিল্পী হিসেবে তাকে নিয়ে গব করবো? নাকি একটা অবিশ্বাস্য রকম শক্তিমান মন নিয়ে ছুটে চলা যে একটা মানুষ - তাকে নিয়ে গর্বিত হবো? দুটোই আসলে সমান্তরাল ভাবে যায়! মঞ্চ- টেলিভিশন কাঁপিয়ে দেয়া যে অভিনেতায় বারবার মুগ্ধ হয়েছে দর্শক , ঠিক একই রকমভাবে গানে পারদর্শী খালেদ খানের গান শুনে সকলইে বার বার মোহিত হয়েছে।
বাচিক শিল্পী খালেদ খানের তো তুলনাই হয় না! আর এই বাবায় চিরমুগ্ধ কন্যা আমি, প্রতিনিয়ত হয়েছি বিস্মিত, গর্বিত! অচলায়তন নাটকে পঞ্চক চরিত্রের দ্যুতি মানুষের মনে যেমন আনন্দ দিয়েছে, গান শুনে দর্শক যেমন আত্মহারা হয়েছে, তেমনি রক্তকরবীর বিশু পাগলার কন্ঠে "....আমার তরী ছিল চেনার কুলে, বাঁধন যে তার গেলো খুলে! তারে হাওয়ায় হাওয়ায় নিয়ে গেলো কোন অচেনার ধারে..." এই গান শুনে আমার মতন অনেক দর্শককে কাঁদতে দেখেছি! শিল্পীর সার্থকতা তো এখানেই! যখন দর্শক শ্রোতার সাথে এই সংযোগ তৈরি হয়, সেখানেই একজন শিল্পীর মুনশিয়ানা, তার জাদুকরি প্রভাব! টেলিভিশন নাটকেও নায়ক এবং খলনায়ক সব চরিত্রেই সার্থক খালেদ খান। এখনো একটি প্রজন্মের মুখে মুখে প্রচলিত আছে রূপনগর নাটকের সেই বিখ্যাত সংলাপ “ছি ছি ছি, তুমি এতো খারাপ! " এখনো মানুষের মুখে শুনি পোকা মাকড়ের ঘর বসতি সিনেমার কথা। অনভ্যস্ত একটি আঞ্চলিক ভাষায় কোনো জড়তাহীন অভিনয় করে র্দশকের অন্তর ঠিকই ছুঁয়ে গেছে আমাদের খালেদ খান। আমাদের সবার প্রিয় , কিংবদন্তি নায়িকা এবং প্রফেশনাল চলচ্চিত্র অভিনেত্রী ববিতার সঙ্গে চমৎকার ভাবে মানিয়ে যায় থিয়েটার করা, টিভি নাটক থেকে আসা এই অভিনেতা! এত সততার সঙ্গে, নিষ্ঠার সঙ্গে এবং ভালোবাসার সঙ্গে শিল্পচর্চা করেছে বলেই মানুষ তাকে মনে রেখেছে এবং ভবিষ্যতেও মনে রাখবে। আরেকটি কথা না বললেই নয়, বাবার রাজনতৈকি সচেতনতা এবং সামাজিক দায়িত্ববোধ , আমাকে সারাজীবন উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও করবে। প্রথমেই বলেছিলাম, আসলে বলতে শুরু করলে শেষ করা মুশকিল হয়ে যায়। আর এতো মেধাবী একটা মানুষকে নিয়ে কথা বলার যোগ্যতা তো আমার নেই।
এই মানুষটা ঘরে বড়ই অদ্ভুত! একদিকে ভীষণ রাগী, কিন্তু বুকে অসম্ভব মায়া মানুষটার মধ্যে। সবার পছন্দ অপছন্দ, ভালো লাগা, মন্দ লাগা এই সব মনে রাখা মানুষ আমার বাবা। কে কোনটা খেতে পছন্দ করে, কাকে কোন উপহার দিলে সে খুশি হবে আমরা কেউ না জানলেও সে জানে সব।
জন্মদিনগুলো এতো অভিনবভাবে পালন করতো বাবা, যে গত তিন বছর ধরে আমার জন্মদিন আসলে আমার মন ভালো না হয়ে খারাপ হতে থাকে।
ভুল বোঝাবুঝি ,মান-অভিমান যে হয়নি কখনো তা নয়, তবে সবটাই সুন্দর মনে হয় এখন। একটা অপরিচিত রোগ যখন বাসা বাঁধলো শরীরে, আস্তে আস্তে কাজের ক্ষেত্র বদলে ফেলল বাবা। কারণ অভিনয় করার মতন শারীরিক শক্তি কমে আসছিল। জীবনে আগমন এবং প্রস্থান সর্ম্পকে সচেতন হওয়া খুব জরুরি, এই সচেতনতা আমি দেখেছি বাবার মধ্যে। জীবনে থামতে জানতে হয় এবং সে থেমে যাওয়া মেনে নেয়ার মতন শক্তি, সাহস মনে থাকতে হয়। এই যে সব কিছু মেনে নিয়ে জীবনটাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা, এটা আমি এখনো জানিনা কিভাবে সম্ভব। এর চেয়ে কম কষ্টে আমি মানুষকে ভেঙে চুরমার হয়ে যেতে দেখেছি। কিন্তু বাবা ভেঙে পড়লেও নিজেকে সামলে উঠে যেভাবে জীবনের বাকি দিনগুলো কাটিয়েছে সেটা একটা দৃষ্টান্তমূলক ব্যাপার। এই মনোবল, এই দৃঢ়তা বিরল। পা বিকল, হাত বিকল, তবুও জীবনের শেষ দিন র্পযন্ত কাজ করে যাওয়া কোনো সোজা কথা নয়! বাবা পেরেছে। একজন পঙ্গু মানুষ শারীরিকভাবে কিছুটা নির্ভরশীল হলে, মানসিকভাবে কারো উপর নিভরশীল হয়নি। আমরাই বরং শেষ পযন্ত বাবার উপর কোনো না কোনো ভাবে নির্ভরশীল থেকেছে। তবে আনন্দের বিষয় হলো, বাবা আমার দাদার মতন শিক্ষক হতে চেয়েছিলো, অভিনয়ের নেশায় সেটা হয়ে ওঠেনি। অভিনয় যখন ছেড়ে দিলো । এরপর ইউনিভাসিটি অব লিবারেল র্আটস এ শিক্ষকতায় যোগ দিয়েছিলো বাবা। সে ক্ষেত্রে বলা যায় বাবার এই স্বপ্নটাও পূরণ হয়েছে। আমরা এখনো ভাবতে পারিনা বাবা ছাড়া কিভাবে চলছে । কিন্তু জীবন চলে যায়। এটাই নিয়ম। আমাদের বাড়ির আনন্দের উৎস, আমাদের শক্তি, আমাদের ছায়া, আমাদের পরম বন্ধু, ছোটোদের সবচেয়ে প্রিয় মানুষ, আমার বাবা নেই আজ তিন বছর। বাবা অনেক ভালো আছে আমার বিশ্বাস, কারণ ভালো থাকা তার প্রাপ্য। আমরা প্রতি মুর্হূতে তাঁর অভাব বোধ করি, সামনেও এর ব্যতিক্রম হবে না। কারণ এই মানুষটার তুলনা শুধু সে নিজেই। বাবার করা অনবদ্য আবৃত্তি, নির্মলেন্দু গুণের সেই বিখ্যাত কবিতার লাইন কানে বাজে প্রতিদিন, যখনই মানুষটাকে মনে পড়ে, সেই কবে থেকে তুমি যাচ্ছ, তোমার চলে যাওয়া কিছুতেই শেষ হচ্ছে না...শেষ হচ্ছে না।
গান, বাবা আর আমি, অবিচ্ছেদ্য সবসময়! এখনো ভালো গান শুনলে কিংবা নতুন গান তুললে মনে হয় যদি বাবাকে শুনাতে পারতাম। তাই বাবার জন্য রবীন্দ্রনাথের একটা গান উৎর্সগ করলাম-
আমার খেলা যখন ছিলো তোমার সনে তখন কে তুমি তা কে জানত। তখন ছিল না ভয় ছিল না লাজ মনে জীবন বহে যেতো অশান্ত। তুমি ভোরের বেলা ডাক দিয়েছো কতো, যেন আমার আপন সখার মতো, হেসে তোমার সাথে ফিরছিলেম ছুটে সেদিন কতো না বন-বনান্ত। ওগো সেদিন তুমি গাইতে যেসব গান কোনো
অর্থ তাহার কে জানত। শুধু সঙ্গে তারি গাইত আমার প্রাণ, সদা নাচতো হৃদয় অশান্ত। হঠাৎ খেলার শেষে আজ কী দেখি ছবি, স্তব্ধ আকাশ, নীরব শশী রবি, তোমার চরণপানে নয়ন করি নত ভুবন দাড়িয়ে আছে একান্ত !
লেখক : খালেদ খানের মেয়ে এবং সংগীতশিল্পী
