‘রংবাজ ২’-এর খবর ভুয়া: খোকন
শনিবার সন্ধ্যা থেকেই সিনেমাপাড়ায় গুঞ্জন রটেছে বদিউল আলম খোকনের ‘রংবাজ ২’ সিনেমায় নাকি শাকিব খানের বদলে আরিফিনশুভ অভিনয় করছেন। আর সিনেমায় নায়িকা হিসেবে নাকি অভিনয় করছেন মাহিয়া মাহি। তবে পুরো বিষয়টিই গুজব বলে উড়িয়ে দিলেন নির্মাতা খোকন।
এ প্রসঙ্গে গ্লিটজকে তিনি বলেন, “আমি আরিফিন শুভকে নিয়ে ‘তুমি আমার প্রিয়া’ সিনেমা নির্মাণ করছি। ‘রংবাজ ২’ নামে কোন সিনেমা নির্মাণের ঘোষণা আমি দেইনি। এটা আসলে ভুল খবর। আমি এমন ধরনের সিনেমা নির্মাণ করি না। আমি কখনোই এই সিনেমা নির্মানের কথা কোথাও বলিনি।”
নির্মাতা খোকন-এর মতোই বিষয়টিকে মিথ্যা বলে দাবি করলেন আরিফিন শুভও।
তিনি বলেন, “এটা একেবারেই সত্যি নয়। আমার সঙ্গে এই ব্যাপারে খোকন ভাইয়ের সঙ্গে কোন কথাই হয়নি। তাছাড়া এই খবরটি এমন ভাবে এসেছে যা আমার জন্য লজ্জার ও বিব্রতকর। শাকিব খানের জন্যও এটা বিব্রতকর।”
তিনি আরও বলেন, “একজন সিনিয়র অভিনেতার সঙ্গে আমার মত একজন জুনিয়রের সঙ্গে তুলনায় যাওয়া খুবই ন্যাক্কারজনক একটি বিষয়। আমি আমার কাজ করি, শাকিব খান তার কাজ করেন। এইভাবে জোর করে দুইজনের মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার কোন মানে হয় না। এখানে প্রতিদ্বন্দ্বীতার কোন অবকাশ নেই। প্রতিদ্বন্দ্বীতা হবে পর্দায়। কিন্তু এভাবে জোর করে প্রতিদ্বন্দ্বীতা সৃষ্টি করাটা খুবই বিব্রতকর ও দুঃখজনক।”
বদিউল আলম খোকনের ‘প্রিয়া আমার প্রিয়া’ সিনেমায় অভিনয়ের মাধ্যমেই ঢাকাই সিনেমায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন শাকিব। শাকিব খানকে নায়ক বানিয়ে খোকন পর্যন্ত ২২টি সিনেমা র্নিমান করেছেন। যার মধ্যে উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে-‘হিরো দ্য সুপারস্টার’, ‘নাম্বার ওয়ান শাকিব খান’, ‘মাই নেইম ইজ খান’-এর মতো সিনেমাও।
কিন্তু সম্প্রতি বিভিন্ন কারণে শাকিব খানকে নিয়ে সিনেমা তৈরি না করার ঘোষণা দেন খোকন।
শাকিবকে নিয়ে ‘আমার প্রতিজ্ঞা’ নামের একটি সিনেমা নির্মাণের পরিকল্পনা থাকলেও বতর্মানে সেই ভাবনা থেকে সরে এসেছেন তিনি।
নির্মাতা বদিউল আলম খোকন
এই মুহূর্তে বিএফডিসির পরিচালক-প্রযোজক সমিতির নির্বাচন নিয়ে ব্যস্ত আছেন খোকন। আর তাই ‘তুমি আমার প্রিয়া’ সিনেমার কাজ নির্বাচনের পরেই ধরবেন বলে গ্লিটজকে জানালেন খোকন।
তিনি বলেন, “বতর্মানে আমি নির্বাচন নিয়েই মূলত বেশি ব্যস্ত। সম্ভবত জানুয়ারী মাসে সিনেমার দৃশ্যধারনের কাজটি শুরু করবো। অন্যদিকে আমার পরিচালিত ‘হারজিৎ’ সিনেমার একটি শিডিউল আছে। তার পরেই ‘তুমি আমার প্রিয়া’ সিনেমার কাজ শুরু করবো। এরইমধ্যে তাদের সঙ্গে আমার প্রাথমিক আলোচনা হয়েছে।”
