বদলে যাচ্ছে বিএফডিসি, কী ভাবছেন সিনেমা-সংশ্লিষ্টরা?
বহুদিন ধরেই দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্ট প্রায় সকলেরই দাবি ছিলো, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন(বিএফডিসি)-এর উন্নয়নের। তারই ধারাবাহিকতায় এবার ঢাকাই সিনেমার আতুঁর ঘরের ৩ ও ৪ নম্বর শুটিংফ্লোর ভেঙে বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা চলছে বলেই জানালেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা হিমাদ্রী বড়ুয়া।
তিনি বলেন “গণর্পূত মন্ত্রণালয় থেকেই এই বিল্ডিংগুলোকে (৩ ও ৪ নম্বর ফ্লোর) কনডেমড ঘোষণা করেছে। তাই এখানে আমরা কোনো ধরণের রিনোভেশনের কাজ করছি না। সম্ভবত এখানে বহুতল বিল্ডিং নির্মান করা হবে। তবে এখনো পুরোপুরি কোনো অনুমোদন হয়নি।”
তাহলে কি থাকছে এই বহুতল বিল্ডিংয়ে? সেই প্রসঙ্গেও জানালেন হিমাদ্রি।
তিনি বলেন, “পনেরো তলা বহুতল বিল্ডিংয়ে একটি সিনেপ্লেক্স, খাবারের জন্য ফুড কোর্ট, সিনেমার দৃশ্যধারণের জন্য ফ্লোর নির্মাণ করা হবে। তবে এখানে আরও কী থাকবে সেই ব্যাপারে এখনো চূড়ান্তভাবে কোনো কিছুই ঠিক করা হয়নি। বর্তমানে এর ডিজাইনের কাজ চলছে।”
কী ভাবছেন তারকারা?
বিএফডিসির যে কোন উন্নয়ন ঢাকাই সিনেমার স্বার্থ সংশ্লিষ্ট হওয়া উচিত বলে মনে করেন নির্মাতা এস এ হক অলিক।
সেই সঙ্গে বহুতল ভবন নিয়ে প্রকাশ করলেন নিজের দুর্ভাবনার কথা।
“যে বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে আসলে কী হবে তা আসলেই দেখার ও ভাবনার বিষয়। যদি অন্য কোনো পরিকল্পনা থাকে, তাহলে তা খুবই দুঃখজনক।”
অন্যদিকে বিএফডিসির ৩ নম্বর ও ৪ নম্বর শুটিংফ্লোরের স্থানে বহুতল বিল্ডিং নির্মানের ব্যাপারে এখনও স্পটভাবে নাকি কিছুই জানেন না নির্মাতা সোহানুর রহমান সোহান।
গ্লিটজকে তিনি বলেন, “আমাদের ৩ এবং ৪ নম্বর শুটিংফ্লোরের পিছনে যে ডাবিং কমপ্লেক্স ছিলো সেগুলো ভেঙ্গে ফেলা হবে বলে আমি জানি। কিন্তু এই দুটি ফ্লোর ভেঙে ফেলার খবর আমরা কখনও শুনি নাই।”
তিনি আরও বলেন, “তবে বিএফডিসিতে ডেভেলপমেন্টের কাজ হওয়া তো উচিত। আমাদের শুটিংফ্লোরগুলো পুরনো হয়ে গিয়েছে। সেক্ষেত্রে উন্নয়ন অবশ্যই প্রয়োজন। বিশেষ করে সেখানে যদি কেন্দ্রীয়ভাবে শীতাতপ নিয়ন্ত্রিত সুবিধা সংযোজন করা হয় তাহলে সবচেয়ে বেশি ভালো হয়।”
তবে ৩ ও চার নম্বর শুটিংফ্লোর ভাঙা হলে কঠিন পদক্ষেপ গ্রহণের হুশিয়ারী দিলেন ‘কেয়ামত থেকে কেয়মত’ খ্যাত এই নির্মাতা।
তিনি বলেন, “যদি ৩ এবং ৪ নম্বর শুটিংফ্লোর ভেঙ্গে যদি অন্য যদি বহুতল বিল্ডিং নির্মাণ করে তাহলে আমাদের তরফ থেকে প্রচণ্ড প্রতিবাদ থাকবে। যদি কেউ এমন কাজ করে তাহলে আমাদের সিনেমা শিল্পে বৃহৎ আন্দোলন হবে।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “আমি যতদুর জানি বিএফডিসি প্রবেশ করার সময় যে ফাঁকা জায়গা রয়েছে সেখানে সম্ভবত বিল্ডিং নির্মাণ করা হবে। যেটাকে আমরা এডিটিংয়ের মাঠ বলে থাকি। কিন্তু শুটিং ফ্লোর ভেঙে ফেলবে সেটাতো আমরা কেউ জানি না। আসলে পুরো পরিকল্পনাটি বোঝা যাচ্ছে না।”
তিনি বেশ বিরক্তের সুরে আরও বলেন, “এমনিতেই আমাদের সিনেমা ব্যবসা আগের মত আর নেই, বড় বড় প্রযোজকরা লগ্নি করছেন না, এখানে বিল্ডিং নির্মাণ করলে কে ভাড়া নিবে? বিএফডিসির কর্মকর্তারা ভাড়া নিবে নাকি কারওয়ান বাজারের ব্যবসায়ীরা এসে ফ্লোর ভাড়া নিবেন? তারা যে এখানে এসে উঠবেন না, তার কি নিশ্চয়তা রয়েছে?”
এদিকে পুরো বিষয়টিকে অনেকটাই ইতিবাচক হিসেবে দেখছেন অভিনেতা ওমর সানী।
তিনি বলেন “যুগে যুগে পৃথিবীর অবকাঠামো পরিবর্তন হয়েছে। বিএফডিসি আমাদের জন্য এভারগ্রিন একটা জায়গা। এই জায়গা যদি ভাঙা হয় ব্যাথা তো লাগবেই। এখানে দ্বিমত পোষন করা কিছু নেই। উন্নয়নের জন্য কোনো ফ্লোরকে টার্গেট করে যদি বর্তমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আরও আধুনিক করা হয় তাহলে তো ভালোই হবে।”
