বাবাই আমাকে পুরুষ হিসেবে গড়ে তুলেছেন: প্রিন্স জ্যাকসন
সংগীত তারকা হিসেবে তো কাঁপিয়েছেন পুরো বিশ্ব। কিন্তু বাবা হিসেবে কেমন ছিলেন মাইকেল জ্যাকসন? এই প্রসঙ্গ নিয়ে জল্পনা কল্পনা কম হয়নি মাইকেল-এর বেঁচে থাকার সময়েও। মৃত্যুর পরেও এসব নিয়ে কথা থামেনি। এবার মাইকেল-এর বড় ছেলে প্রিন্স জ্যাকসন জানালেন, বাবাই তাকে ‘পুরুষ’ হিসেবে বেড়ে উঠতে সাহায্য করেছেন।
১৯ বছর বয়সী প্রিন্স তার গড়ে ওঠার পেছনে বাবার অবদানকেই সবচেয়ে বড় করে দেখছেন, “সে আমাকে শিখিয়েছিল একজন পুরুষ কীভাবে হতে হয়, কীভাবে একজন বাবা হতে হয়। আমিও আমার সন্তানদের কাছে সেটা পৌঁছে দিতে চাই, অথবা যাদের সন্তান আছে এমন কাউকে। আমি আমার কাজিন টিজে জ্যাকসন-এর বাচ্চাদের নিজের সন্তান হিসেবেই দেখি। তাদের সাথে অনেক মজা করি, তাদের দেখভাল করতেও ভালোবাসি। তাদের উজ্জীবিত করি যতটা সম্ভব। আমার মনে হয় এটাই শিক্ষা দেওয়ার আদর্শ উপায়।”
বাবা মাইকেল সবাইকে আনন্দ দান করতেন বলেই জানিয়েছেন প্রিন্স, “আমার মনে আছে একবার সে একটি বাচ্চাদের হাসপাতালে গিয়েছিল। সবাই খুব দুঃখী ছিল। কিন্তু বাবা প্রবেশ করার পরেই সবাই আনন্দে ফেটে পড়ে।”
২০০৯ সালে শেষ নিঃশ্বাস ত্যাগ করা মাইকেল জ্যাকসন জীবদ্দশায় বিয়ে করেছিলেন দুইবার। দুই স্ত্রীর গর্ভে দু্ই সন্তান প্রিন্স এবং প্যারিস ছাড়াও ব্ল্যাঙ্কেট নামের আরেকটি সন্তান তিনি নেন সারোগেসির মাধ্যমে।
