ভারতীয় সিনেমার উপর নিষেধাজ্ঞা তুললো পাকিস্তান
ভারতীয় ছবির উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে পাকিস্তান। সোমবার থেকে পাকিস্তানের হলগুলো আবারো দেখা যাবে ভারতীয় সিনেমা।
জম্মু ও কাশ্মির সীমান্তে ‘উরি হামলা’কে কেন্দ্র করে পাকিস্তান ও ভারতের মধ্যে শুরু হয় সম্পর্কের টানাপোড়েন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানি তারকাদের বয়কটের সিদ্ধান্ত নেয় ভারত আর পাকিস্তানও পাল্টা জবাব হিসেবে ভারতীয় ছবির আমদানির উপর জারি করে নিষেধাজ্ঞা। এবারে বোধহয় সম্পর্কের বরফ গলতে শুরু করলো।
পাকিস্তানের সিনেমা হল মালিকেরা বলছে, ৩০ সেপ্টেম্বর নিষেধাজ্ঞা আরোপের পর থেকে যে সিনেমাগুলো মক্তি পেয়েছে সেগুলোই আগে দেখানো হবে। তারই ধারাবাহিকতায় প্রথম মুক্তি পাবে নওয়াজউদ্দিন সিদ্দিকি অভিনীত ‘ফ্রিকি আলি’।
এদিকে পাকিস্তানি পত্রিকা ‘দ্য ডন’ বলছে, হিন্দি ছবি না আসায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছিলেন পাকিস্তানি হল মালিকেরা। নিষেধাজ্ঞা তুলে নেয়ার এ সিদ্ধান্ত দু’দেশের সম্পর্কে একটি ইতিবাচক প্রভাব ফেলবে- এমনটাই মনে করছেন তারা।
পাকিস্তানে এ সিদ্ধান্তের ফলে ভারতের বাজার আবারও পাকিস্তানের জন্য খুলে যাবে কি না তা এখনো জানা যায়নি। তবে অচিরেই ভারত তাদের সিনেমাশিল্পে পাকিস্তানি তারকাদের ফিরিয়ে নেবেন- এমনটাই প্রত্যাশা তাদের।
২০০৮ সাল থেকে পাকিস্তানের হলগুলোতে ভারতীয় ছবি আমদানির সিদ্ধান্ত নেয়া হয়। এর মাধ্যমে দীর্ঘ ৪৩ বছর পর আবারও পাকিস্তানি হলে শুরু হয় ভারতীয় সিনেমার প্রচার।
