গুরুতর অসুস্থ কবির বকুল
গুরুতর অসুস্থ গীতিকার কবির বকুল। শনিবার রাত সাড়ে দশটায় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্র আইসিইউতে ভর্তি করা হয়। এর আগে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রোববার গ্লিটজকে এ তথ্য নিশ্চিত করেন তার স্ত্রী সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি।
জানা যায়, ১৩ ডিসেম্বর থেকে শারীরিক অসুস্থতাজনীত কারণে হলি ফ্যামিলি হাসপাতালে চিকিৎসা গ্রহন করছিলেন কবির বকুল। নিউমোনিয়া ও শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি। টানা পাঁচ দিনেও অবস্থার উন্নতি না হলে তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন চিকিৎসকরা।
সর্বশেষ শনিবার রাতে জরুরী অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গে চিকিৎসকরা কবির বকুলকে আইসিইইউতে স্থানান্তর করেন। নিউমোনিয়ায় আক্রান্ত কবির বকুল শ্বাসকষ্ট ও রক্তক্ষরণজনিত জটিলতায় ভূগছিলেন।
রোববার দুপুরে বকুলের স্ত্রী মুন্নী গ্লিটজকে বলেন, “এখনও তিনি আইসিইইউতেই আছেন। চিকিৎসকরা বলছেন গতরাতের চেয়ে হৃৎপিণ্ড কিছুটা সচল হয়েছে। আরও ২৪ ঘন্টা না পেরুলে আশংকামুক্ত কিনা বলা যাবেনা। সবাই তার জন্য দোয়া করবেন।”
চারবারের জাতীয় চলচ্চিত্র জয়ী এই গীতিকার চলচ্চিত্র ও অডিও অ্যালবামের জন্য গান লিখেছেন পাঁচ হাজারেরও বেশি। এছাড়াও বিনোদন সাংবাদিক হিসেবে দীর্ঘদিন ধরে কর্মরত আছেন তিনি।
