শম্পা রেজার লেখনিতে যুদ্ধদিনের স্মৃতি
চতুর্দিকে কি ভয়াল অন্ধকারাচ্ছন্ন হিংস্রতা। অথচ মানুষের মনে সেকি নির্মল সাহস, কি পবিত্র আশা, কি বুদ্ধিদীপ্ত স্বপ্ন, কি স্বচ্ছ হাতে হাত বাধা মানব বঞ্চল, কি দৃঢ় অবিচল সঙ্কল্প। স্বাধীনতা। মুক্তির যুদ্ধ! জয় বাংলার শক্তি!!! বাংলাদেশের বাঙালিদের জন্য সর্বশ্রেষ্ঠকাল, মহান গৌরবের বছর- ১৯৭১। অবিভক্ত, সম্মিলিত বাঙালির মননে, আদর্শে এক মাত্র নেতা, পথপ্রদর্শক, জাতির পিতা বঙ্গবন্ধু।
৭১-এর কথা, মুক্তিযুদ্ধের কথা লিখতে গেলে শত সহস্র স্মৃতি এসে সামনে দাঁড়ায়। অবাক হয়ে স্মৃতির পানে চেয়ে দেখি ঝলমল করছে মুক্তোর মতো, ঝিকমিক করছে হীরের মতো। সত্যিই ১৯৭১ এর দিনগুলি হীরে, মনি, মুক্তের চেয়েও দামী আমার কাছে। কারণ বাংলাদেশের বাঙালি তখন মানবাত্মার শ্রেষ্ঠ পরিচয়ে অবতীর্ণ হয়েছিল।
আমার বাবা আহমেদ রেজা বিমান বাহিনীর প্রাক্তন বৈমানিক হওয়ার দরুন আমাদের বাড়ী ছিল তদানীন্তন ক্যান্টনমেন্টে। যেটি বর্তমানে ওল্ড ডি ও এইচ এস নামে পরিচিত। সে সময় আমাদের মতো গুটিকয়েক পারিবারিক বাড়ি ছাড়া এলাকাটি মোটামুটি মাঠ আর গাছ সর্বস্ব ছিল। ছুটোছুটির দিন, গাছে চড়ার দিন, সাইকেল চালানোর দিন ছিল ডি ও এইচ এস-এ সে সময়।
আমরা পাঁচ ভাই-বোন তখন স্কুল ছাত্র-ছাত্রী। বাড়িতে প্রায়ই সব বাঙালি বিমান বাহিনীর আঙ্কেলরা মিলিত হতেন। তবে ১৯৭০ এর শেষে এবং ১৯৭১- এর শুরুতে লক্ষ্য করতে শুরু করলাম জরুরি মিলন আমাদের বাড়ীতে। এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার আঙ্কেল, এয়ার ভাইস মার্শাল বাশার আঙ্কেল, উইং কমান্ডার মির্জা আঙ্কেল এবং আরো অনেকে। যোগ দিতেন আমাদের দুই কমিউনিস্ট, সোসালিস্ট পন্থি খালুও। সবাই বঙ্গবন্ধুর নির্দেশের অপেক্ষায়, সবাই উদ্বিগ্ন। তারই মাঝে খালুদের মোটরবাইকে চড়ে গভীর রাতে ঢাকা শহরের দেয়ালে পোস্টার লাগানোর অভিজ্ঞতা। ফেব্রুয়ারি মাসে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় এই চমৎকার সুযোগের আবির্ভাব। ভীষণ থমথমে অথচ নীরবে নিভৃতে শুরু হয়ে গেছে মানসিক প্রস্তুতি।
৭ মার্চ বাবারা সবাই চলে গেলেন বঙ্গবন্ধুর অমর বাণী, ঐতিহাসিক বক্তৃতার মাঠে। আমাদের মা, রানু রেজা আমাদের গ্রুন্ডিগ টেপ রেকর্ডারে পুরো ভাষণটি ধারণ করলেন। আমরা সবাই মন্ত্রমুগ্ধের মতো ভাষণটি শুনলাম। পরবর্তীতে টেপ রেকর্ডার শুনে শুনে আমার গানের ডায়রিতে পুরো ভাষণটি লিপিবদ্ধ করে মুখস্ত করলাম। যদি কেউ জানতে চায় কেন, বলতে পারব না। সেই ছোট্টো স্কুল পড়য়া আমি বঙ্গবন্ধুর দ্বারা প্রচণ্ড আন্দোলিত হয়েছিলাম। যেমন আমাদের সারা পরিবার। দেশের প্রতিটি মানুষ হয়েছিল। সেই মানসিক অবস্থান কি আজকের বাংলাদেশের মানুষকে বোঝানো যাবে?
ডায়েরিটি আজও আমার কাছে সযতনে রাখা আছে।
ফেরুয়ারি থেকে মাচর্, ১৯৭১ আমাদের ডিওএইচএস বাড়ীর রেকর্ড প্লেয়ারে উচ্চ ভলিউমে ‘জয় বাংলা বাংলার জয়’ গানটি সকাল সন্ধ্যা বেজে যেতো। টিক্কা খান ইতিমধ্যে ঢাকায় অবতীর্ন হয়েছেন এবং প্রায়শই শাদা পায়জামা পাঞ্জাবি পড়া তার লম্বা চওড়া দেহটি নিয়ে আমাদের বাড়ির সামনের রাস্তা দিয়ে একাকি হাটতেন। কোথায় থাকতেন, সে বয়সে আমাদের জানার কথাও নয়, বা তার গুরুত্বও আমাদের বোঝার কথা নয়। বাবা-মা জানতেন যে টিক্কা খান প্রায়শই আমাদের বাড়ির সামনে টহল দিচ্ছেন।
তদানীন্তন পাকিস্তান টেলিভিশন ঢাকা। মার্চ মাসে শুরু করলেন দেশাত্মবোধক গানের সরাসরি সম্প্রচার। অনুষ্ঠানটির সময় এভাবেই নির্ধারিত হলো যে সেটি রাত বারোটা পেরিয়ে প্রচারিত হতো। অতএব পাকিস্তানি পতাকা প্রদর্শন বর্জন করা সম্ভব হলো। সে রকমই একটি অনুষ্ঠানের মহড়া শুরু হলো। লাকী আখান্দের সুরে এবং এসএম হোদায়েৎ-এর গীতিকাব্যে রচিত সেই অনুষ্ঠানের শিল্পীরা ছিলেন শ্রদ্ধেয়া সাবিনা ইয়াসমিন, পাপিয়া সারোয়ার, মিনি হক, আজাদ হাফিজ, ডালিয়া নওশীন এবং আরও অনেকে। আমিও আমন্ত্রিত হলাম। শাড়ী পরে বড় হয়ে গেলাম। ২৫ মার্চ রাতে অনুষ্ঠানটির প্রচার শুরু হলো।
হঠাৎ রাত সাড়ে দশটার দিকে বিদ্যুৎচলে গেল। টেলিভিশনের পুরাতন ভবনের খাঁ খাঁ অন্ধকারে আমার মনে পড়ে সবাই এসে সামনের লাউঞ্জের সিড়ির ওপর বসলেন। টিভির সব কর্মকর্তা, শিল্পী কলাকুশলী। আমার বাবাও ছিলেন। কারণ বাবা অনুষ্ঠান শেষে আমায় বাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন। সবাই খুবই চিন্তিত, কি হচ্ছে, কি হবে? পৌনে এগারোটার দিকে আমরা পুরাতন টেলিভিশন ডিআইটি ভবন থেকে ডিওএইচএসের বাড়ির পথে রওনা দিলাম। রাস্তা খাঁ খাঁ। কোথাও বিদ্যুৎ নেই। অন্ধকার থমথমে ঢাকা শহর।
বাড়ী পৌঁছুতেই মা বলল, সবাই ফোন করছেন। বলছেন আমরা যেন ডিওএইচএস থেকে এই মুহুর্তেই বেরিয়ে যাই। বাবাও ফোনে খন্দকার আঙ্কেল, বাশার আঙ্কেল, আমার খালুদের সঙ্গে কথা বললেন। হঠাৎ ফোন লাইন কেটে গেল। সঙ্গে সঙ্গে বাবাÑমা আমাদের পাঁচ ভাইবোন আর তাঁদের নিজেদের দুটো করে কাপড় এবং প্রয়োজনীয় কিছু জিনিস একটি স্যুটকেসে গুছিয়ে নিলেন। আমরা সবাই আমাদের ভক্সওয়াগন গাড়িতে চড়ে ধানমণ্ডিতে নানা-নানুর বাড়ীর উদ্দেশ্যে রওনা দিলাম। তখন সময় রাত পৌনে বারোটা।
তদানীন্তন ক্যান্টনমেন্ট গেট, বর্তমানের জাহাঙ্গীর গেট যখন পার হচ্ছি, পেছনে শুনতে পেলাম গ-র-র-র আওয়াজ, সামনে ‘হল্ট’ বলে চিৎকার। পেছনে ট্যাঙ্ক, সামনে পাকিস্তানি আর্মির কঠিন চেকপোস্ট। বাবা, শুধু বললেন ‘সবাই মাথা নিচু করে থাকো। এই বলে গাড়ির গতি ভীষণ বাড়িয়ে বেড়িয়ে পড়লেন ক্যাান্টনমেন্টের বুক থেকে। এলিফ্যান্ট রোডে এসে এলাকার যুবকদের গাছপালার ব্যারিকেডে পড়লাম আমরা।
বাবাকে ওনারা বললেন গাড়িটা ঘুরিয়ে তদানিন্তন সেকেন্ড ক্যাপিটাল, বর্তমানের মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে ধানমণ্ডি প্রবেশ করতে। বাবাও আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে তাঁদেরকে সাবধানতা অবলম্বন করার উপদেশ দিলেন। আমরা ঠিক পঁচিশে মার্চ রাত বারোটায় ধানমণ্ডিতে নানা-নানুর বাসায় পৌঁছলাম। আর সারা ঢাকা শহরের চতুর্দিকে আকাশছোঁয়া আগুনের লেলিহান শিক্ষা জ্বলে উঠল। মানুষের ভয়ার্ত আর্তনাদ, কুকুরের চিৎকার, গুলির মুহুর্মুহু আওয়াজ। যেন চতুর্দিক থেকে ঢাকা শহরের প্রতিটি মানুষের মৃত্যু দূত এসে হাজির হয়েছে। দেড় দুই ঘন্টার ব্যবধানে জীবন গেল পাল্টে।
২৭ মার্চ আমরা ঢাকা ছেড়ে শীতলক্ষার ওপারে নবারুণ জুট মিলে চলে যাই। বাবা সে সময় সেই জুট মিলের দায়িত্বে ছিলেন। যাওয়ার পথে আর্মিদের বিশাল লরির কনভয় দেখতে পাই। তাতে পাহাড়সম মৃত দেহ তারপলীন দিয়ে ঢাকা, কিন্তু হাত পা বেড়িয়ে আছে। শীতলক্ষা নদীর পাড়ে পৌঁছে দেখেছি নদীর কিনারায় শত শত মৃত দেহ ফুলে ফেপে উঠেছে। পাকিস্তানি আর্মিদের এই মৃতদেহ অন্যত্র সরানোর কোনো উদ্যোগই চোখে পড়েনি। চিলেরা খাচ্ছে ডাঙ্গায় এসে পড়া মৃতদেহগুলি কুকুরের খাদ্যে পরিনত হয়েছে। এখন বুঝি পাকিস্তানি আর্মিদের এই তুচ্ছ তাচ্ছিল্য করার কারণ, মানুষরা যেন এইসব মৃত দেহ দেখে ভয় পায়। উল্টোটিই ঘটেছিল। বঙ্গবন্ধুর শক্তি যে তখন সারা দেশে বিস্তৃত। এইটা বোঝার বুদ্ধি পাকিস্তানিদের ছিল না।
শীতলক্ষার ওপারে নবারুণ জুট মিলে পৌছেই বাবা খন্দকার আক্কেল, বাশার আক্কেল, মির্জা আক্কেল এবং আরো কয়েকজন বাঙালি বিমান বাহিনীর বৈমানিক কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ স্থাপন করলেন। উদ্দেশ্য সবাই মিলে মুক্তিযুদ্ধে যোগদান। এপ্রিলের শুরুতে সপরিবারে এবং পাঁচজন অবিবাহিত বাঙালি বীর বিমান বাহিনী কর্মকর্তা রওনা দিলেন ভারতের পথে। সেই যাত্রা পথের অনেক ঘটনার মাঝে একটি এখানে উল্লেখ করি।
পরদিন ভোরে আমরা এপার থেকে ওপারে যাব। রাতে আমাদের আশ্রয় দিয়েছিলেন গ্রামের এক কৃষক পরিবার। তাদের ঘরটি আমাদেরকে ছেড়ে দিয়ে তাঁরা তাদের পরিবার নিয়ে গোয়াল ঘরে ছিলেন। আমরা পাঁচ ভাই বোন, বাশার আঙ্কেলের দুই মেয়ে শম্পা আর ইকরা, খন্দকার আঙ্কেলের দুই ছেলে মেয়ে তমাল আর মিতুল, সবাই ঘুমিয়ে পড়েছিলাম হাঁটতে হাটতে ক্লান্ত হয়ে। বাবা মা’র এবং পথপ্রদর্শকরা সবাই চাপা উত্তেজনায় আলোচনায় ব্যস্ত ছিলেন। রাত দুটোর উত্তেজনায় আলোচনায় ব্যস্ত ছিলেন। রাত দুটোর দিকে আমাদের ঘুম থেকে তোলা হলো। গ্রামবাসিরা সবাই মিলে পোলাউ আর মুরগির তরকারি রান্না করেছেন আমাদের জন্য। সেই স্বাদ আর সেই আন্তরিকতা আজও অনেক শ্রদ্ধার সঙ্গে, আদরের সঙ্গে মনের মাঝে ধারণ করি।
সোনামুড়া বর্ডার দিয়ে আমরা এপ্রিল মাসে ওপাড়ে প্রবেশ করি। কিছুদিন আগরতলায় থাকার পর একটি উড়েজাহাজে সবাই কলকাতায় অবতরণ করি। কলকাতার লিটন হোটেলে কিছুদিন থাকার পর আমাদের সব পরিবারকে নদিয়ার কল্যাণীতে বাসস্থান দেওয়া হয়। ইতিমধ্যে বাবারা সবাই মুক্তিযুদ্ধের কর্মকাণ্ডে নিযুক্ত হয়ে পড়েছেন। আমাদের বাবা মুক্তিযোদ্ধা আহমেদ রেজা প্রথমে একটি অতি গোপন অ্যাসাইমেন্ট পান। পরে জেনেছি সেটি ছিল নৌবাহিনীর কমান্ডো গ্রুপের ডিরেক্টর পদ এবং কর্মস্থল ছিল পলাশিতে। আমার বাবার কমান্ডো ট্রেনিং ছিল দেখেই তাকে এই দায়িত্ব দেয়া হয়েছিল। পরবর্তীতে বাবাকে মুক্তিযোদ্ধা ট্রেনিং ক্যাম্পের ডিরেক্টরের দায়িত্ব প্রদান করা হয়। কিন্তু বিমান বাহিনীর সবার মনের মাঝে ইচ্ছে ছিল বাংলাদেশ বিমান বাহিনী গঠন করে পাকিস্তানিদের সঙ্গে সরাসরি যুদ্ধ করা। কারণ তাঁরা সবাই ছিলেন ফাইটার প্লেন পাইলট। কিন্তু সেই স্বপ্ন যে কোনো কারণেই হোক বাস্তবায়িত হয়নি।
কল্যাণীতে আসার পর একদিন রোববার আমাদের বাড়িতে এলেন ফাদার বিশ্বাস এবং একজন ব্রিটিশ ভদ্রমহিলা ক্যারেলিন অ্যাডামস। আমার বাবা সেদিন ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন। অতিথি দুজন জোড় হাত করে আমার বাবা-মাকে বললেন আপনাদের দুই মেয়েকে আমাদের সঙ্গে শরনার্থী ক্যাম্পে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করার অনুমতি দেবেন? আমরা সেভ দ্য চিলড্রেন ফান্ড থেকে শরনার্থী ক্যাম্পে কর্মরত। বাবা-মা সঙ্গে সঙ্গে রাজী হয়ে গেলেন। শুরু হলো পরদিন ভোর ৫টা থেকে সন্ধে সাতটা পর্যন্ত আমার বড় বোন রিনি রেজা আর আমার কর্মমূখর অভিজ্ঞতা ভরপুর অন্য এক জীবন।
সে সময় বাংলাদেশের শরনার্থীদের চেয়ে বিশাল শরনার্থী শিবির ভারত সরকার বদিয়াতেই স্থাপন করেছিলেন। লাখো মানুষের আশ্রয় কেন্দ্র। আমার আর রিনির দায়িত্ব ছিল সেই সব শরনার্থী শিবিরের শিশুদের-বাচ্চাদের কিশোর কিশোরিদের দেখ ভাল করা।
সকালে ঘুম থেকে জাগিয়ে তাদের খাওয়ানো, লেখাপড়া করানো, গোসলের ব্যাবস্থা, দুপুরের খাওয়া বিতরণ, পর্যবেক্ষন, বিকেলের খেলাধুলো, রাতের খাওয়া-দাওয়া এবং ঘুম পাড়িয়ে ঘরে ফেরা। আমার আর রিনির সঙ্গে অনেক ব্রিটিশরাও কর্মরত ছিলেন। ক্যারোলিন অ্যাডামস ছিলেন মহাপরিচালক এবং সঙ্গে ছিলেন ভ্যালাবি, মার্গারেট, ভিভিয়ান, রবার্ট এবং আরও অনেকে।
সেই সাত-আট মাসের অভিজ্ঞতা আমার জীবনের অতি মূল্যবান সম্পদ। যেটি কি-না ভাষা দিয়ে বলে বা লিখে বোঝানো অসম্ভব। সেই প্রথম বাংলাদেশের লাখো লাখো মানুষের সংস্পর্শে আসা, বাংলাদেশের শিশু কিশোরদের এতো কাছ থেকে দেখা, তাদের সরল ভালোবাসায় নিজেকে সিক্ত করা তাদের পাশে দাড়ানোর সৌভাগ্য পাওয়া।
ক্যারোলিন নিজ হাতে আমাদের শেখালো কিভাবে কিছু নেই এর মাঝে বাচ্চাদের লেখাপড়া শেখানো যায়। কেবল পাথর পাতা, ঘাস, ফুল, মাটি খড়, ছাই ইত্যাদি দিয়ে। নানান রকম দেশী গ্রামের খেলা শিখলাম, শিখলাম ব্রিটিশ খেলাও। যার সঙ্গে আমাদের গ্রামের খেলাগুলোর যথেষ্ঠ মিল। ক্যারোলিনের কাছে শেখা, সেই শিশুদের কাছে শেখা পৃথিবীর অজানা অনেক কিছুই আজও আমার পৃথিবীতে বাসের আনন্দ জোগায়। স্বাধীনতার ১৯তম বছরে ক্যারোলিনের সঙ্গে আমার আবার দেখা। সে আরেক গল্প।
বিজয়ের এই ৪৫ মত দিবসে আমি আমার ভালোবাসা আর শ্রদ্ধা জানাই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সাথে জড়িত সব বাংলাদেশীদের এবং বিদেশী বন্ধুদের।
আমার বাবা খালুরা, বিমান বাহিনীর অনেক আঙ্কেলরা, ক্যারোলিন, এরা সবাই পাড়ি জামিয়েছেন অন্য জগতে। কিন্তু তাঁদের এবং অনেকের সৎ ভালোবাসায় এই অতি আদরের বাংলাদেশের জন্ম। আমরা যেন সৎ, স্বচ্ছ ভালোবাসায় জড়িয়ে ধরি বাংলাদেশকে, লোভের চাদরে নয়। জয় বাংলা।
লেখক : কণ্ঠশিল্পী ও অভিনেত্রী
