১৬ ডিসেম্বর আমাদের হৃদয়ের গভীরে প্রোথিত
১৬ ডিসেম্বর আমাদের জন্যে গৌরবের দিন, আনন্দের দিন এবং প্রত্যয় ব্যক্ত করার দিন। এ দিনটি আমাদের জাতীয় জীবনের অন্যতম উল্লেখযোগ্য দিনও বটে। আজ থেকে ৪৫ বছর আগে যে চেতনার ওপর ভিত্তি করে ১৬ ডিসেম্বর আমাদের হৃদয়ের গভীরে প্রোথিত হয়েছিল, আজ তার মূল্যায়ণের সময় এসেছে।
৫২-এর ভাষা আন্দোলন থেকে বাঙালি জাতির আত্ম-পরিচয়ের লক্ষে সংগ্রামী আন্দোলনের ফলশ্রুতিই হচ্ছে এই ১৬ ডিসেম্বর। জাতি হিসেবে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত হবার জন্যে যে সব সামাজিক, রাজনৈতিক, মানবিক মূল্যবোধের উন্মেষ ঘটানোর প্রয়োজন হয়েছিল, তারই প্রধান ভূমিকায় যিনি অবতীর্ণ হয়েছিলেন তিনিই হচ্ছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
তারই রাজনৈতিক প্রজ্ঞাময় পরিচালনায় বাঙালি জাতির জন্যে বিশ্বের মানচিত্রে শোষণমুক্ত মানবিক চিন্তায় সিক্ত বাংলাদেশের আবির্ভাব ঘটে। মুক্তিযুদ্ধের চেতনা তথা বাঙালি জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও গণতন্ত্র- এই মূল চার নীতিকে ধারণ করেই বঙ্গবন্ধু বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন। ৭৫ সালে ঘাতকরা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তির সহায়তায় বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করে মুক্তিযুদ্ধের চেতনার কবর রচিত করে এবং সঙ্গে সঙ্গেই মুক্তিযুদ্ধের চেতনাগুলো বিভ্রান্তির কবলে নিমজ্জিত হয়। শুরু হয় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির তাণ্ডব কর্মকাণ্ড। পাকিস্তানি ভাবধারার পুনঃপ্রতিষ্ঠার প্রয়াস। রাজনৈতিক প্রশাসনিক প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানপন্থিদের প্রতিস্থাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনার মূল উৎপাটনের দুর্মর প্রচেষ্টা। এমনিভাবেই আমাদের স্বাধীনতার সবচেয়ে বড় প্রাপ্তি মানবতাবোধ তথা ধর্মনিরপেক্ষতা। অথচ আমাদের এই চেতনায় প্রচণ্ড আঘাত হানা হয়।
পাকিস্তান আমলে ধর্মকে যেভাবে রাজনৈতিক বৈতরণী পাড়ি দেবার হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো, সেই মানসিকতাকে ব্যবহার করে পাকিস্তানপন্থি রাজনীতিকরা বাংলাদেশের ভূমিতে শেকড় গাড়তে শুরু করে ৭৫-এর ১৫ আগষ্টে জাতির পিতাকে সপরিবারে নৃঃসংশভাবে হত্যার মাধ্যমে। আরম্ভ হয় মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির পদচারণা। প্রশাসনিক, রাজনৈতিক, সাংস্কৃতিক প্রতিটি ক্ষেত্রে স্বাধীনতা বিরোধী শক্তির পুনঃপ্রতিষ্ঠার বিভিন্ন ধরণের প্রক্রিয়া। সঙ্গে সঙ্গে শুরু হয় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা বিরুদ্ধ প্রচারণা। কোমলমতি শিশু-কিশোরদের শেখানো হয় ভুল ইতিহাস। সৌর্য-বীর্য এবং বৈভবের স্পর্শে কিশোর-কিশোরিদেরকে ত্যাগ-তিতিক্ষার আন্দোলন থেকে সরিয়ে নেয়া হয়। তাদের মাঝে ছড়িয়ে দেয়া হয় সন্ত্রাসী মনোভাব। সন্ত্রাসের মাধ্যমে নিজেরদের শ্রেষ্ঠত্ব প্রমাণের স্পৃহার অনুভূতি তাদের মাঝে গ্রথিত করা হয়। এভাবেই আমাদের জনগোষ্ঠীর বৃহত্তর অংশ, যাদের জন্ম স্বাধীনতা পরবর্তীকালে। সেইসব কোমলমতি কিশোরÑকিশোরি, যাদের মাঝে রয়েছে সৃষ্টির অপার সম্ভাবনা। তারাই জড়িয়ে পড়ে অবক্ষয়ী, নেশাগ্রস্থ থেকে সন্ত্রাসী মনোভাবের আবর্তে। সৃষ্টির শক্তি থেকে তারা ছিটকে পড়তে থাকে।
বিজয় দিবসে আমরা যারা এখনো স্বাধীনতার পূর্ণ ইতিহাস সম্পর্কে জ্ঞাত আছি, তাদের দায়বদ্ধতার কথা ভুললে চলবে না। মুক্তিযুদ্ধের চেতনার পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমেই স্বাধীনতার সুফল বাংলাদেশের প্রতিটি ধুলিÑকণাতে ছড়িয়ে দেবার দায়িত্ব আমাদেরই। আমাদের অন্যতম চেতনা ছিলো বাঙালি জাতীয়তাবোধ। এই চেতনা আর কিছু নয়, বাঙালি সংস্কৃতিকে ধারণ করে একটি বোধের সৃষ্টি। পৃথিবীর প্রতিটি দেশই তার নিজস্ব সাংস্কৃতি দ্বারাই চিহ্নিত হয়ে থাকে এবং নিজেকে আলাদা বৈশিষ্ট্য ম-িত করে থাকে। আমাদের যে ঐতিহ্য এবং সংস্কৃতি আছে তা দু’ একদিনে গড়ে উঠেনি। এর পেছনে রয়েছে সংস্কৃতিকর্মীদের নিরলস প্রচেষ্টা। সেই প্রতিষ্ঠিত সংস্কৃতিকে বাস্তবে রূপ দেয়ার অন্যতম অঙ্গীকার ছিল মুক্তিযুদ্ধের চেতনায়। আমাদের সংস্কৃতিকে পৃথিবীর অন্য সংস্কৃতির সঙ্গে একই সারিতে প্রতিষ্ঠিত করতে হলে এ দেশের প্রতিটি মানুষের প্রতিটি স্তরে প্রতিফলন ঘটাতে হবে সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে। আমাদের বাঙালি সংস্কৃতিকেও প্রতিষ্ঠিত করতে হলে আমাদের বাঙালিদের আচার-আচরণগুলো প্রস্ফুঠিত হতে হবে আমাদের নাটক, গানসহ সব শিল্পকলার মাধ্যমে।
নাটক শুধু নিছক শিল্প নয়। নাটক সমাজের দর্পণ এবং একই সঙ্গে সমাজের যত অন্যায় ও অসত্য তার সোচ্চার প্রতিবাদ। নাটকের মঞ্চে ও নেপথ্যে যেসব কর্মী কাজ করেন, তাদের সবার সচেতন দায়বদ্ধতার সম্মিলিত যে ফসল, তা প্রতিটি সামাজিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে বলিষ্ঠ ভূমিকা পালন করে এসেছে এবং আগামীতেও করবে।
আজ বিশ্বজুড়ে যে অশান্তি ও অস্থিরতা তার বিরুদ্ধে নাটকই সবচেয়ে বেশি প্রতিবাদমূখর। পরাশক্তির সামরিক আগ্রাসন, অর্থনৈতিক ভারসাম্যহীনতা, সাম্প্রদায়িকতা ইত্যাদি আজ যখন মানবতাকে চরমভাবে ভুলুণ্ঠিত করছে, নাটক তখন তৎপর হয়ে উঠে বিশ্বমানবতার শ্লোগানে। বাংলা নাটকও মোটেই ব্যতিক্রম নয়, বরং অনেক বেশি সজাগ ও সোচ্চার। আমাদের সাম্প্রতিক নাটকে তাই অবধারিতভাবে আগ্রাসন, শ্রেণীবৈষম্য ও ধর্মান্ধতার বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ উচ্চারিত হয় দৃঢ়ভাবে। মুক্তবুদ্ধি ও প্রগতিশীল চিন্তাধারা যখন অন্ধশক্তির দ্বারা আক্রান্ত হয়, তখন বদলে যায় নাটকের কাহিনী, দৃশ্যপট, অভিনয় ও কলাকুশল।
বিশ্বকে একটিমাত্র পরিবার করবার ইচ্ছা সারা পৃথিবীর মানুষের মাঝে যে জেগেছে, তা থেকে আমরা বিচ্ছিন্ন থাকতে পারি না। তাই বিভিন্ন দেশ এবং জাতির সংস্কৃতির আদান-প্রদানের প্রচেষ্টা চলছে। আমাদের সংস্কৃতি অন্য সংস্কৃতি দ্বারা আচ্ছাদিত না হয়ে লেন-দেনের মাধ্যমে একই সারিতে যাতে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত হতে পারে তার জন্যে আমাদেরকে সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরো সৎ এবং সাহসী হতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্যে এমন সংস্কৃতি গড়ে তুলতে হবে যেখানে মানবতাবোধই শ্রেষ্ঠত্ব লাভ করে।
লেখক : নাট্যকার, নির্দেশক, অভিনেতা ও সংগঠক
