বিজয় দিবসে মুক্তি পাচ্ছেনা ‘পোস্টমাস্টার ৭১’
মুক্তিযুদ্ধের সময়ে একজন পোস্টমাস্টারের জীবনের গল্পকে ঘিরে নির্মিত হয়েছে নবাগত পরিচালকদ্বয় আবির খান ও রাশেদ শামীমের ‘পেস্টমাস্টার ৭১’ সিনেমাটি । বিজয়ের মাসে সিনেমাটি মুক্তির আভাস অনেক আগেই পাওয়া গেলেও ডিসেম্বরে নাকি এটি মুক্তি পাচ্ছেন না, গ্লিটজকে এমন তথ্যই জানালেন এর প্রধান অভিনেতা ফেরদৌস।
এ প্রসঙ্গে ফেরদৌস বলেন, “আমাদের পরিকল্পনা ছিলো ‘পেস্টমাস্টার ৭১’ সিনেমাটি ডিসেম্বর মাসেই মুক্তি দেওয়ার। কিন্তু এখনও সিনেমার ডাবিং শেষ হয়নি। তাই ১৬ ডিসেম্বর সিনেমাটি মুক্তির পরিকল্পনা থাকলেও তা এখন আর হচ্ছেনা।”
সিনেমায় একজন পোস্টমাস্টারের চরিত্রে অভিনয় করেছেন ‘হঠাৎ বৃষ্টি’ খ্যাত এই অভিনেতা।
সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, “ মুক্তিযুদ্ধের ঘটনা নিয়ে সিনেমা নির্মাণ করা প্রায় অসম্ভব। আমার কাছে মনে হয় এটা অনেক বড় ক্যানভাস। তাছাড়া মুক্তিযুদ্ধের সময় প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ জায়গা থেকে মুক্তিযুদ্ধের সময় দেশের জন্য যুদ্ধ করেছে। কিন্তু সেই সময় একজন পেস্টমাস্টার কীভাবে তার নিজের অবস্থান থেকে যুদ্ধে অংশগ্রহন করেছিলো, সেই র্বাতাটাই আমার দর্শকরা এই সিনেমায় পাবেন।”
মুক্তিযুদ্ধের সিনেমায় এর আগেও অভিনয় করেছিলেন ফেরদৌস। নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চুর ‘গেরিলা’ সিনেমায় সাংবাদিক হাসানের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।
সেক্ষেত্রে একজন অভিনেতার জায়গা থেকে এই চরিত্রের জন্য নিজের প্রস্তুতির জায়গটা কেমন ছিলো জানতে চাইলে গ্লিটজকে তিনি বলেন, “এজন্য আমাকে অনেক পড়ালেখা করতে হয়েছে। ইন্টারনেট থেকে অনেক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে সেগুলো পড়েছি। এছাড়া মুক্তিযুদ্ধের উপর নির্মিত আমাদের অন্যান্য বাংলা সিনেমাগুলো দেখেছি। এছাড়া যেহেতু আমি এর আগে ‘গেরিলা’, ‘ধ্রুবতারা’র মতো মুক্তিযুদ্ধের সিনেমাগুলোতে অভিনয় করেছি, সেহেতু সেই অভিজ্ঞতাগুলো কাজে লেগেছে- সবকিছু মিলিয়ে আমার প্রস্তুতিটা বেশ ভালোই ছিলো।”
সবকিছু ঠিকঠাক মতো চললে নতুন বছরে ‘পেস্টমাস্টার ৭১’ সিনেমাটি মুক্তি পেতে পাবে বলে ইঙ্গিত দিলেন এর প্রযোজক।
গ্লিটজকে তিনি বলেন, “যেহেতু সিনেমাটি চ্যানেল আই মুক্তি দিবে, তাই সবকিছু ঠিকঠাক মতো চললে ২০১৭ সালের ২৬ র্মাচ সিনেমাটি মুক্তি দেওয়া হতে পারে।”
এই মুহূর্তে দেলওয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে একাত্তর’, মিনহাজ অভির ‘মেঘ কন্যা’ ও আঁকা রেজা গালিবের ‘কালের পুতুল’ সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন ফেরদৌস।
