২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আবারও অস্কারে এ আর রাহমান!

সেই ৯০ দশক থেকে তার জাদুকরি সুরে মুগ্ধ গোটা ভারতবাসী। ২০০৯ সালে আসে সেই পরম আকাঙ্ক্ষিত অস্কার পুরস্কার। এবার হয়তো আবারও বিশ্বমঞ্চে দেশের নাম উজ্জ্বল করবেন সংগীত পরিচালক এ আর রাহমান। ‘পেলে: বার্থ অফ এ লেজেন্ড’ সিনেমার অরিজিনাল স্কোরের জন্য তিনি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের প্রাথমিক মনোনয়ন পেয়েছেন তিনি।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2016, 05:53 PM

Updated : 12 Apr 2022, 03:31 AM

ইন্ডিয়া টুডে জানায়, জীবনীভিত্তিক সিনেমা ‘পেলে: বার্থ অফ এ লেজেন্ড’-এর ‘জিঙ্গা’ গানটির জন্য তিনি দারুণভাবে প্রশংসিত হয়েছেন। সেটিই এবারের অস্কারের লড়াইয়ে প্রাথমিক মনোনয়ন পেয়েছে। ‘অরিজিনাল সং’ ক্যাটেগরিতে বাকি ৯১টি গানের সঙ্গে প্রতিযোগিতায় নেমেছে তার এই গানটিও।জেফ জিম্বালিস্ট এবং মাইকেল জিম্বালিস্ট পরিচালিত এই সিনেমাটিতে ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার পেলের জীবন তুলে ধরা হয়েছে।

২০০৯ সালেও দু’টি অস্কার পেয়েছিলেন এ আর রাহমান। ‘স্লামডগ মিলিওনিয়ার’ ছবিতে ব্যাকগ্রাউন্ড স্কোর ও “জয় হো” গানের জন্য অস্কার পেয়েছিলেন তিনি। এরপর ২০১১ সালে ৮৩তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে তিনি ‘ওয়ানটোয়েন্টিসেভেন আওয়ার্স’ ছবির অরিজিনাল স্কোর ও ‘ইফ আই রাইজ’ গানটির জন্য মনোনীত হয়েছিলেন।

২০১৭ সালের ২৪ জানুয়ারি ৮৯তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সম্পূর্ণ তালিকা প্রকাশিত হবে। ২৬ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।