২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মরছে কে, শিল্প, ব্যবসা নাকি জাতীয়তা?

নভেম্বরের ৩০ তারিখ টেলিভিশন শিল্পের সঙ্গে জড়িত মানুষেরা হঠাৎ করে শহীদ মিনারে চলে এলেন কিছু দাবি নিয়ে। ২০০০ সাল পর্যন্ত ভীষণ দাপুটে এই মাধ্যমের শিল্পীদের জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। নতুন সহস্রাব্দের সঙ্গে এগিয়ে চলার প্রতিশ্রুতিতে ব্যর্থ হওয়া এই টেলিভিশন বিনোদন মাধ্যম বর্তমানে পিছিয়ে পড়েছে নানাভাবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাকসুদা আজীজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2016, 10:30 PM

Updated : 11 Oct 2022, 09:26 PM

বিজ্ঞাপনের একচেটিয়া দাপটে টেলিভিশনে এখন কোনো অনুষ্ঠানই দেখা দায়! সঙ্গে যোগ হয়েছে মানহীন এবং ভারতের অনুকরণে তৈরি অনুষ্ঠান। সম্প্রতি বিদেশি নাটকের ডাবিং এবং বিজ্ঞাপন ভারতীয় চ্যানেলে চলে যাওয়ায় এক অর্থে কোণঠাসা হয়েই আন্দোলনের পথে এসেছেন কলাকুশলীরা।

মাহবুবা বেগম একজন গৃহিনী। বয়স ৫৭। সন্তানরা নিজ নিজ পেশা এবং সংসার নিয়ে ব্যস্ত। একাকী জীবনে তার সঙ্গী টেলিভিশন সিরিয়াল। তার প্রিয় চ্যানেল জি বাংলা। জি বাংলার প্রতিটি সিরিয়াল এবং অন্য অনুষ্ঠান তিনি খুব মন দিয়ে দেখেন। মাঝেমধ্যে তার সন্তানদের সঙ্গে সিরিয়ালে থাকা চরিত্রদের নিয়ে এমনভাবে আলাপ করেন যেন তারা তাদের পরিবারেরই কেউ। টেলিভিশন মিডিয়ার প্রভাব বা দাপট এতখানিই।

টেলিভিশন মিডিয়ার এই দাপট শুধু যে ভারতীয় চ্যানেলের তা কিন্তু নয়। ১৯৯৩ সালে বাংলাদেশেই একটা নাটক দেখানো হতো, ‘কোথাও কেউ নেই’। সে নাটকের জনপ্রিয় চরিত্র ‘বাকের ভাই’ বর্তমান সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। আজও লোকে তাকে বাকের ভাই ডাকতে দ্বিধা করেন না। সে সময় নাটকের চরিত্র বাকের ভাইয়ের ফাঁসি বাতিলের জন্য সারাদেশের মানুষ মিছিল পর্যন্ত করেছিল।

দুঃখজনক হলেও সত্যি বাংলাদেশের টেলিভিশন মিডিয়ার এখন সেই দাপট নেই। বিজ্ঞাপনের ভিড়ে হারিয়ে যায় আসল অনুষ্ঠান। যতটুকু যা অনুষ্ঠান দেখা যায় সেগুলোর মান নিয়েও প্রশ্নের অন্ত নেই। এক একটা নাটকে এমন কোনো গল্প, অভিনয়, সংলাপ বা নির্দেশনার মুনশিয়ানা নাই যা দাগ কাটতে পারে দর্শকের মনে। মুক্তবাজার অর্থনীতি আর আকাশ সংস্কৃতির যুগে এসে দর্শকদের রুচি বা সাধ্যকে বাধার উপায় একটিই। তা হল, মান সম্মত অনুষ্ঠান তৈরি করা।

কিন্তু প্রশ্ন হল, এই মানটা নির্ধারণ করবে কে? দর্শক নাকি শিল্পবোদ্ধারা?

নব্বইয়ের দশকের খ্যাতনামা অভিনেতা ও ২০০০ পরবর্তী সময়ে চলচ্চিত্র নির্দেশনা দিয়ে আলোচনায় আসা তৌকির আহমেদ বলেন,  “মান দুভাবেই হতে পারে, দর্শকের রুচি ধরেও এগিয়ে যাওয়া যায় আবার বোদ্ধারাও দর্শকদের পথ দেখাতে পারেন।”

তবে অভিনেতা ও নাট্যকার রওনক হাসান মনে করেন, “দর্শকদের রুচির কোনো শেষ নেই। নানান রকমের দর্শক থাকে, একজন সম্পূর্ণ অশিক্ষিত দর্শক যেটা পছন্দ করবে শিল্পবোদ্ধা, শিক্ষিত দর্শকের রুচির সঙ্গে তা যাবে না। এর মাঝামাঝি যারা বাস করে তারা অনেকটাই নির্দেশ নিতে অভ্যস্ত। ফলে একটা একটা গুণ্ডা চরিত্র যদি গুণ্ডামি করে পৃথিবী জয় করে ফেলে এটা অবশ্যই দর্শকের জীবনদর্শনকে প্রভাবিত করবে এবং তা একটা অনুকরণীয় দৃষ্টান্ত হওয়াও অস্বাভাবিক না। যেটা বর্তমানে অহরহ হচ্ছে।”

টেলিভিশন বিনোদনের এরকম অবনতির পিছনে, শিল্পী কলা-কুশলীরা মূলত দায়ী করেন বাজেট স্বল্পতাকে। ২০০০ সালেও যেখানে একটা নাটকে একটা পর্বের জন্য দেড় লাখ টাকা খরচ করা হতো, বর্তমানে সেই অঙ্ক নেমে এসেছে ৬০ থেকে ৭০ হাজার টাকায়। ফলে খরচের কথা মাথায় রেখে, দক্ষ লোক নেওয়া অনেক সময় অসম্ভব হয়ে পড়ছে বলেই জানান এই শিল্পের সঙ্গে জড়িতরা।

ফেডারেশন অফ টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও), যারা কিনা ‘শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই’ শিরোনামের এই আন্দোলনের অন্যতম সংগঠক, তাদের সদস্য সচিব গাজী রাকায়েত এই ব্যাপারে বলেন, “নাটক শিল্পের মাধ্যম থেকে ব্যবসার মাধ্যম আর নির্মাণের দায়িত্ব বিজ্ঞাপনী সংস্থার কাছে যাওয়া থেকে এই অধঃপতনের সূচনা। বিজ্ঞাপনী সংস্থা তাদের ব্যবসাকে প্রসারের কথা মাথায় রেখে নাটকের বিষয় নির্ধারণ করে, কলাকুশলী বাছাই করেন। ফলে নাটক যত না শিল্পের কথা বলে, তার চেয়ে অনেক বেশি তাদের পণ্যের কথা বলে।”

“এখানে একটা মেয়ে জয়ী হয় তার সৌন্দর্য দিয়ে; তার দক্ষতা বা বুদ্ধিমত্তা দিয়ে নয়, এমনকি মানুষের উদারতা দিয়েও নয়,” ব্যাখ্যা করেন রাকায়েত।

ওদিকে রওনক মনে করছেন, বাংলা নাটকের এই মান নেমে যাওয়ার পেছনে সংশ্লিষ্ট সবাই সমানভাবে দায়ী।

তিনি বলেন, “একটা নাটক যখন লেখা হয় এবং সেটার গল্পের কোনো আবেদন থাকে না, কোনো গাঁথুনি থাকে না আর সেই গল্পটা নিয়ে একজন নির্মাতা কাজ শুরু করেন, অভিনেতা অভিনয় করেন, বিজ্ঞাপনী সংস্থা অর্থ লগ্নি করে তখন এই অবনতির জন্য সকলে সমানভাবে দায়ী।” 

“আমাদের বিনোদন জগত দীর্ঘদিন ধরে একটা অনিয়ম, অব্যবস্থাপনার মধ্য দিয়ে যাচ্ছে। শুরু থেকেই এখানে অনেক চুক্তি, প্রতিশ্রুতি মৌখিক। কোনো কাজেই পেশাদারিত্বের কোনো বিষয় নেই। এখানে দর্শকদের চাহিদাকে ভীষণভাবে অবহেলা করা হয়েছে, ফলে দর্শক সহসাই ঝুঁকে পরেছে বিদেশি চ্যানেল বা সিরিয়ালের দিকে”-- যোগ করেন রওনক।

শিল্পীদের আন্দোলন থেকে একটি বড় প্রশ্ন উঠেছে বিভিন্ন বেসরকারি চ্যানেলে বাংলায় ডাবকৃত বিদেশি টিভি সিরিজের প্রচার নিয়ে, দীপ্ত টিভিতে প্রচারিত তুর্কি টিভি সিরিজ ‘সুলতান সুলেমান’ দিয়ে যার সূচনা। বিপুল দর্শকপ্রিয়তার কারণে টিভি সিরিজটির তৃতীয় মৌসুম চলছে এখন।

বাংলাদেশে ডাবকৃত বিদেশী টিভি সিরিজ প্রচারের ধারা অবশ্য নতুন নয় মোটেই। আশি এবং নব্বইয়ের দশকেই বিটিভিতে বিভিন্ন সময়ে জনপ্রিয়তা অর্জন করেছে, ‘ম্যাকগাইভার’, ‘স্টার ট্রেক: দ্য নেক্সট জেনারেশন’, ‘হারকিউলিস’, ‘রোবোকপ’, ‘দ্য অ্যাডভেঞ্চার্স অফ সিনবাদ’, ‘অ্যারাবিয়ান নাইটস’, ‘সোর্ড অফ টিপু সুলতান’, ‘এক্স ফাইলস’-এর মতো টিভি সিরিজগুলো।

ওইসব টিভি সিরিজ নিয়ে প্রশ্ন তোলা না হলে, ‘সুলতান সুলেমান’ নিয়ে আপত্তি কোথায়- জানতে চাইলে প্রসঙ্গে গাজী রাকায়েত বলেন, “বিদেশি সিরিয়াল বাংলাদেশে আগেও এসেছে। সেগুলোও আমাদের জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল না। তবে সেগুলো সরাসরি আমাদের জীবন বা সংস্কৃতির সঙ্গে সাংঘর্ষিকও ছিল না। সেখানে খোলামেলা ভাবে ব্যভিচার বা হিংস্র রাজনীতি দেখানো হতো না। বর্তমানে যা হচ্ছে তা আমাদের সামাজিক অবক্ষয়কে প্রশ্রয় দেবে।” 

বাংলাদেশের চ্যানেলগুলোর একমাত্র আয়ের উৎস বিজ্ঞাপন। এই বিজ্ঞাপন পেতে চ্যানেলরা শুধু যে সময় দেয় তাই নয়, অনুষ্ঠানের মধ্যে যত্রতত্র যে কোনো সময়, পপ আপ,  স্ক্রল করে বা স্ক্রিনের একপাশ জুড়ে এসে বসে একটা বিজ্ঞাপন। এতে বিনোদন গ্রহণে বাধাও তৈরি হয়। যেহেতু বিজ্ঞাপন ছাড়া আর কোনো আয়ের উৎসও নেই তাই এ থেকে মুক্তিও নেই।

“আমাদের চ্যানেলগুলো যদি পেইড চ্যানেল হতো তাহলে বিজ্ঞাপন সংস্থার এই একচেটিয়া আধিপত্য থেকে মুক্ত থাকা যেত,” বলেন তৌকির। 

রাকায়েত বলেন, “আমাদের অবস্থাটা অনেক জটিল। আমাদের বাজেট থাকে কম, দক্ষ কলাকুশলীদের কাজ করার সুযোগ সীমিত কিন্তু দিন শেষে আমাদের পাল্লা লাগাতে হয় এমন সব কাজের সঙ্গে যাদের ধারে কাছে যাওয়ার মতো আর্থিক অবস্থা বা সুযোগ আমাদের নাই। বিপুল সম্পদে ঝলসে যাওয়া চোখ নিয়ে দর্শক তখন আমাদের দিকে ফিরেও তাকায় না।”

এই ‘জটিল পরিস্থিতি’ মোকাবেলা করতেই শিল্পীদের একাট্টা হতে হবে বলেই মনে করছেন রাকায়েত।

“সব ধরনের পেশাজীবীরাই নিজেদের মধ্যে দলবদ্ধ হয়ে থাকে। এতে তাদের স্বার্থ যেমন ঠিক থাকে কাজের মানও ঠিক থাকে। আমাদের এফটিপিও’র বিষয়টাও অনেকটা এরকম। এটি এমন আমাদের স্বার্থ রক্ষা করবে আমরাও এটির মাধ্যমে কাজের মান নিশ্চিত করতে সচেষ্ট হব,” বলেন তিনি।

তৌকিরের মতে, “এই একটা সংস্কৃতি শিল্পে শৃঙ্খলা সৃষ্টি করবে যা আমাদের অনেক আগে থেকে থাকা উচিত ছিল।”

দেশীয় শিল্পের এই প্রশ্নবিদ্ধ পরিস্থিতিতে সকল স্রোতের বিপরীতে দাঁড়িয়ে ঠিকই সফল হয়ে দেখিয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘আয়নাবাজি’ সিনেমাটি। এর প্রযোজক সংস্থা ‘কন্টেন্ট ম্যাটার্স’-এর সিইও রফিকুল্লাহ রোমেল সম্পূর্ণ ভিন্ন আলোকে ব্যাখ্যা করেন টেলিভিশন মিডিয়ার এই সমস্যাকে এবং তুলে ধরেন এর সম্ভাবনাও।

রোমেলের মতে, “এ যুগের যুদ্ধ আর ঢাল তলোয়ারে পড়ে নেই; যুদ্ধ হল বুদ্ধিমত্তার ও কৌশলের। তাই আন্দোলনের মাধ্যমে দাবি আদায়ের চেয়ে ব্যবসার ধারাকে বোঝা বেশি জরুরি। যখন কোনো সমস্যা হয় সেই সমস্যাটাকেই একটা নতুন ব্যবসার সুযোগ বানানো সম্ভব।”

“যেমন ধরুন, যখন বিজ্ঞাপনে দর্শক অস্থির তখন গাজী টিভি বিজ্ঞাপন বিহীন নাটক তৈরি করে নিজেদের অবস্থান পাকা করে ফেলেছে,” ব্যাখ্যা করেন রোমেল।  

তিনি মনে করেন, শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য ব্যবসা এবং ব্যবসাকেও বাঁচিয়ে রাখার জন্য শিল্পটা খুব জরুরি। দুটি একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বাজারকে বিশ্লেষণ করা, নতুন সম্ভাবনা খুঁজে বের করা, দর্শকের সঙ্গে একাত্ম হওয়া এবং সেটার জন্য এগিয়ে যাওয়া সব মিলেই এগিয়ে নিতে হবে এই ইন্ডাস্ট্রিকে। নিজেদের সংস্কৃতিকে তুলে আনতে না পারলে মুক্ত বাজারে কোনো অবস্থান তৈরি করা কিছুতেই সম্ভব না। এই অবস্থান কোনোভাবেই অনুকরণ থেকে আসবে না।

রোমেল আরও বলেন, “টেলিভিশন শিল্পের সঙ্গে আসলে অনেকগুলো ছোট ছোট অংশ জড়িত। এখানে একজন নাট্যকার, নির্দেশক, অভিনেতা যেমন প্রয়োজন তেমনি, একজন একজন ভালো সিনেমাটোগ্রাফার এমনকি একজন ফিচার সাংবাদিকের গুরুত্বও এক বিন্দু কম নয়।”

“আমরা যতই শিল্প বা শিল্পীকে বাঁচাতে চাই, বিজ্ঞাপনী সংস্থাকে এড়িয়ে শিল্পকে বাঁচানো খুব সহজ নয়,” জোর দিয়ে বলেন রোমেল।

শিল্প, শিল্পী, ব্যবসা, জাতীয়তার এই যুদ্ধে সবচেয়ে জরুরি বিষয় কী?

এই প্রশ্নের জবাবে রোমেল বলেন, “এই যুদ্ধে সবচেয়ে জরুররি বিষয় হল, শিল্প মান। কারণ এই ব্যাবসার পণ্যটাই হচ্ছে শিল্প, যেটাকে আমরা ইংরেজিতে বলি ‘কন্টেন্ট’। কন্টেন্ট যদি ঠিকঠাক না হয় তবে দর্শক, বিজ্ঞাপনী সংস্থা সবাই শিল্পকে ছেড়ে চলে যাবে। যেটা আমাদের ক্ষেত্রে হয়েছে।”

“যেমন, ‘আয়নাবাজি’ মুক্তি পাওয়ার আগে সবাই এর মার্কেটিং নিয়ে অনেক কথা বলেছেন। তবে সিনেমার মধ্যে যদি দর্শককে ধরে রাখার মতো কোনো বিষয় না থাকতো তবে তা এক সপ্তাহও বাজারে টিকত না,” ব্যাখ্যা করেন তিনি।

রোমেলের মতে, “এখন যে অবস্থাটা তৈরি হয়ে গিয়েছে তা একদিনে উঠে যাবে না, তবে এই শিল্পের মান নিয়ন্ত্রণ সংস্থাকে খুব শক্তিশালী হতে হবে। এভাবে শিল্পের মানও উন্নত হবে, কাজের পরিবেশ ঠিক হবে এবং ব্যবসাও স্থিতিশীলতা পাবে।”

“নিজেদের কাজগুলো যথাযথভাবে না করতে পারলে, শিল্প সংস্কৃতির বাজার তো আমরা হারাবোই সঙ্গে হারাবো বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং নিজেদের পরিচয়ও,” উদ্বেগ প্রকাশ করেন তিনি।

দেশের বেসরকারি টিভি চ্যানেলে বাংলায় ডাব করা বিদেশি সিরিয়াল ও অনুষ্ঠান প্রচার বন্ধ করা, টেলিভিশন অনুষ্ঠান ক্রয় ও প্রচারের ক্ষেত্রে এজেন্সির হস্তক্ষেপ বন্ধে কার্যকর ব্যাবস্থা গ্রহন করা, টেলিভিশন শিল্পের সর্বক্ষেত্রে এআইটির নূন্যতম ও যৌক্তিক হার পুনঃনির্ধারণসহ ডাউনলিংক চ্যানেলের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশিয় বিজ্ঞাপন প্রচার বন্ধ করা ও দেশের টেলিভিশন শিল্পে বিদেশি শিল্পী ও কলাকুশলীদের অবৈধভাবে কাজ করা বন্ধ করার পাঁচ দফা দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে টিভি নাটক কর্মীরা। আন্দোলনের অংশ হিসেবে ১৬ ডিসেম্বর আরও একটি সমাবেশ করার পরিকল্পনা রয়েছে তাদের।