২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিরকুটের ‘অন্তরে বাহিরে’ গানের আমেরিকাজয়

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের অফিসিয়াল লাতিনো শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬-এর আসরে শ্রেষ্ঠ মিউজিক ভিডিওর পুরস্কার অর্জন করেছে চিরকুট ফিউচারিং টোয়েন্টিফোর আওয়ার্স-এর ‘অন্তরে বাহিরে’ গানটি।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2016, 10:11 PM

Updated : 11 Oct 2022, 09:25 PM

শনিবার রাতে গ্লিটজে বিষয়টি নিশ্চিত করেছেন চিরকুট ব্যান্ডের সদস্য শারমীন সুলতানা সুমী নিজেই।

Image
 ছবি: চিরকুট ব্যান্ড-এর ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা হয়েছে

 ছবি: চিরকুট ব্যান্ড-এর ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা হয়েছে

এ প্রসঙ্গে তিনি বলেন, “এই গানটি ছিলো রবি-ইয়ন্ডার মিউজিকের একটি প্রকল্প। চলতি বছরের র্মাচ মাসে যখন আমেরিকার টেক্সাসে একটি উৎসবে শো করতে গিয়েছিলাম তখন চিরকুট, জোহান অ্যালকোভার ও টোয়েন্টিফোর আওয়ার্স- আমরা সবাই মিলে এই গানটি করেছিলাম। গানের লেখা, সুর ও কম্পোজিশন সবই আমাদের। তারা কেবল আমাদের সঙ্গে এই গানটিতে কন্ঠ দিয়েছেন। গানের মিক্সড ও মাস্টারিং করেছেন জোহান অ্যালকোভার। এই গানটি করার পরে তাদের খুবই পছন্দ হয়ে যায়। সেখানেই আমাদের এই গানটির মিউজিক ভিডিও র্নিমান করা হয়। পরবর্তীতে তাদের পক্ষ থেকেই যুক্তরাষ্ট্রের অফিসিয়াল লাতিনো শর্টফিল্ম ফেস্টিভ্যাল ২০১৬ উৎসবে গানটি জমা দেওয়া হয়। সেখানে আমাদের গানের মিউজিক ভিডিওটি শ্রেষ্ঠ পুরস্কার জয় করেছে।”

তিনি আরও বলেন, “সবচেয়ে মজার ব্যাপার হলো এই ল্যাটিন পুরস্কারের উপরে বাংলায় ‘অন্তরে বাহিরে’ গানের কথাটি লেখা রয়েছে। এই বিষয়টি আমাদের খুবই ভালো লাগছে।”

উৎসবের অফিসিয়াল ওয়েবসাইট officiallatino.com এর তথ্য অনুযায়ী শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ নাটক, শ্রেষ্ঠ তথ্যচিত্র, শ্রেষ্ঠ ভিডিও ব্লগসহ মোট ২১টি বিভাগে পুরস্কার প্রদান করা হয়। 

নিজেদের এই অর্জনে খুবই আনন্দিত চিরকুট।

Image
 ছবি: চিরকুট ব্যান্ড-এর ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা হয়েছে

 ছবি: চিরকুট ব্যান্ড-এর ফেইসবুক পেইজ থেকে সংগ্রহ করা হয়েছে

নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করতে গিয়ে সুমী বলেন, “যাত্রা শুরুর পর থেকেই অনেক বাধা বিপত্তি পেরিয়ে আমাদের চিরকুট সকলের হৃদয় জয় করে সামনে দিকে এগিয়ে যাচ্ছে। এই পুরস্কার আমাদের সকলের কঠোর পরিশ্রমের অর্জন। এটা আমাদের একত্রে কাজ করার ফসল। আমরা শুধুমাত্র এই গানটি নিয়েই নয় বরং বিগত ছয় বছর ধরে আন্তর্জাতিক অঙ্গনে আমাদের বাংলা গান নিয়ে আমরা মুভমেন্ট করছি। এটাই আমাদের চিরকুটের প্রচেষ্টা। সারা বিশ্বে আমাদের বাংলা গানকে উপস্থানের মধ্যে একটা অন্যরকম ভালোলাগা রয়েছে।”

পুরস্কার পেয়েছেন নভেম্বরেই; তাহলে খবরটা জানতে একমাস লেগে গেল কেন?

উত্তরে সুমী বলেন, “এতোদিন আমরা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলাম। এই কারনে আমাদের ভক্তদের সুখবরটি জানাতে একটু দেরি হয়ে গেল। তবে আমাদের অর্জনটা আমরা আমাদের বাংলাদেশের সকল মানুষের সঙ্গে ভাগ করে নিতে চাই।”

গানটির মিউজিক ভিডিও র্নিমান করেছেন আরিস। আর সমন্বয়ক হিসেবে কাজ করেছেন অ্যাঞ্জেল ডি সুজা।