‘পদ্মাবতি’তে ঐশ্বরিয়াও?
‘বান্টি অউর বাবলি’ সিনেমার ‘কাজরারে’ গানটার কথা মনে আছে? সিনিয়র আর জুনিয়র দুই বচ্চনকে ছাপিয়ে আইটেম গানটির সব আলো কেড়ে নিয়েছিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন নিজেই। সেটাই ছিল বড়পর্দায় ঐশ্বরিয়ার সর্বশেষ আইটেম গানে অভিনয়। শোনা যাচ্ছে, এবার সঞ্জয় লিলা বনসালির ‘পদ্মাবতি’র জন্য আরও একবার আইটেম গানে দেখা যেতে পারে তাকে।
কারান জোহারের সিনেমা ‘অ্যাই দিল হ্যায় মুশকিল’-এর মাধ্যমে আবারও আলোচনার টেবিলে উঠে এসেছে সাবেক এই বিশ্বসুন্দরীর নাম। তারই ধারাবাহিকতায় ঐশ্বৈরিয়া এবার বিশেষ এক চরিত্রে চুক্তিবদ্ধ হবেন ‘পদ্মাবতি’তে- এমন গুজবে সরগরম মুম্বাই সিনেপাড়া!
ডিএনএ ম্যাগাজিনের একটি প্রতিবেদন থেকে জানা যায়, ঐশ্বরিয়ার ব্যক্তিত্বের জাদুতে দর্শককে মাত করতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন বানসালি। সূত্র বলছে, এ মুহূর্তে বানসালির সাথে এ নিয়ে আলাপ আলোচনা করছেন বচ্চনবধূ আর সবকিছু ব্যাটে-বলে মিলে গেলে শিগগিরই লেগে যাবেন দৃশ্যধারণের কাজে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, একটি বিশেষ গানের দৃশ্যে দেখা যাবে অ্যাশকে। গানের পাশাপাশি এতে কিছু সংলাপও রয়েছে এ অভিনেত্রীর। একটি স্টুডিওতে গানটির দৃশ্যধারণের জন্য টানা ১৫-২০ দিন সময় দিতে হবে অ্যাশকে। তবে ঐশ্বরিয়া ও দিপিকাকে এক পর্দায় দেখা যাবে কি না সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি।
সর্বশেষ বানসালি’র ছবিতে এ অভিনেত্রীকে দেখা ছয় বছর আগে। ২০১০ সালে বানসালির ‘গুজারিশ’ ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অ্যাশ।
‘পদ্মাবতি’তে জুটি বেঁধে অভিনয় করছেন দিপিকা পাড়ুকোন ও শাহিদ কাপুর। শক্তিশালী একটি চরিত্রে দেখা যাবে রানভির সিংকেও। সিনেমাটি মুক্তি পাবে ২০১৭ সালের ১৭ নভেম্বর।
