২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রা শুরুর অপেক্ষায় বিটিভির ‘টেলিভিশন মিউজিয়াম’

অর্ধশতকেরও বেশি সময়ের পথচলায় অর্জিত স্মৃতিস্মারকগুলো এবার এক ছাদের নিচে নিয়ে আসার উদ্যোগ নিল বাংলাদেশ টেলিভিশন। সেই প্রয়াসেই বাংলা ভাষার সর্বপ্রথম এই টিভি চ্যানেলের কার্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছে সংগ্রহশালা ‘টেলিভিশন মিউজিয়াম’। পয়লা ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে এটি সর্বসাধারনের জন্য উন্মুক্ত করা হবে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2016, 07:14 PM

Updated : 12 Apr 2022, 03:23 AM

রোববার বিকালে গ্লিটজকে এ খবর জানান জাদুঘরের শিল্প নির্দেশক এবং বিটিভির পরিচালক (শিল্প নির্দেশনা) গোলাম কিবরিয়া চৌধুরী।

এ প্রসঙ্গে বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ বলেন, “বিটিভি হলো বিশ্বে

বাংলা ভাষার প্রথম টেলিভিশন চ্যানেল। আজ আমাদের দেশে বেসরকারি টেলিভিশন চ্যানেলের যে বিস্তৃতি ও বিকাশ- তার সূচনা হয়েছিল ১৯৬৪ সালে বিটিভির মাধ্যমে। বিটিভির এ দীর্ঘ পথচলায় যে নিদর্শন আছে, সেগুলো আমাদের টেলিভিশন গণমাধ্যমের বিকাশের দলিল। আমরা সম্মিলিতভাবে  মিউজিয়ামটি সমৃদ্ধ করার চেষ্টা করছি।”

পয়লা ডিসেম্বর বিকাল সাড়ে তিনটায় মিউজিয়ামটি উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য সিমিন হোসেন রিমি, তথ্য সচিব মরতুজা আহমেদ, বিটিভির মহাপরিচালক হারুন-অর-রশীদ প্রমুখ।

প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত  বিটিভিতে সংগীতানুষ্ঠান, নাটক, আলেখ্যানুষ্ঠান, যাত্রা, ম্যাগাজিন অনুষ্ঠানসহ স্মরণীয় যেসব অনুষ্ঠান প্রচার হয়েছে, সেগুলোই এই সংগ্রহশালায় সংরক্ষিত আছে। বিটিভির সদর দফতরের নিচতলার একটি কক্ষে প্রাথমিকভাবে এটি প্রতিষ্ঠা করা হয়েছে। পর্যায়ক্রমে এটিকে সমৃদ্ধ করার পরিকল্পনা আছে কর্তৃপক্ষের।

দর্শনার্থীরা দর্শনী ছাড়াই সরকারি বন্ধ ব্যতিত প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ১২টা এবং দুপুর ২টা ৩০ মিনিট থেকে সাড়ে চারটা পর্যন্ত টেলিভিশন মিউজিয়ামটি ঘুরে দেখার সুযোগ পাবেন।