‘এই মুহুর্তটির জন্য এতোদিন ধরে প্রস্তুতি নিয়েছি’
প্রথমবারের মত নিজের একক অ্যালবাম প্রকাশ করলেন সংগীত শিল্পী কারিশমা সানু সভ্যতা। বৃহস্পতিবার রাতে জিপি মিউজিক স্টোরে প্রকাশিত হলো তার ‘যদি থাকতো ডানা’ অ্যালবামটি। ক্যারিয়্যারের প্রথম একক অ্যালবামকে ঘিরে বৃহস্পতিবার রাতে গ্লিটজের সঙ্গে এক আড্ডায় মেতে উঠেছিলেন তিনি।
গ্লিটজ: কিছুক্ষণ পরেই ক্যারিয়্যারের প্রথম অ্যালবাম প্রকাশিত হচ্ছে। নিজের ভিতরে কোনো উত্তেজনা কাজ করছে কি?
সভ্যতা: আসলে আমরা ছোটবেলায় একটি অ্যালবাম প্রকাশের সময় যেমন ধরনের উত্তেজনা নিয়ে, বিশেষ করে ঈদের সময় টাকা জমিয়ে নতুন অ্যালবামটি কেনার জন্য যেতাম, এখন আর সেই সময়টা নেই। এখন কিন্তু আমার অ্যালবাম আমি প্রকাশ করছি না। জিপি মিউজিক অ্যালবামটি প্রকাশ করছে। আমি তাদেরকে শুধু আমার গানগুলো দিয়ে দিয়েছি। তাই ছোটবেলার সেই যে নতুন অ্যালবাম হাতে ছোয়ার অনুভুতি কিংবা নতুন অ্যালবামের গন্ধটা উপভোগ করতে পারছি না। তাই নিজের ভিতরে তেমন বেশি উত্তেজনা কাজ করছেনা।
গ্লিটজ: অ্যালবামের নাম ‘যদি থাকতো ডানা’ কেন?
সভ্যতা: আমার খুবই পছন্দের একটি গানের নাম- ‘যদি থাকতো ডানা’। ছোটবেলা থেকে এই পর্যন্ত আমি যতগুলো গান তৈরি করেছি তার মধ্যে থেকে শতকরা নিরানব্বই ভাগ গানই ফেলে দিতে হয়েছে। কারন এখন তো আর আমি ছোট নেই, তাই এই বয়সে এসে ওই গানগুলো আর ভালো লাগে না। কিন্তু ‘যদি থাকতো ডানা’ হলো একমাত্র গান যেটি টিকে গেছে। তার মানে আমার এই গানটি সারা জীবন থেকে যাবে। তাই অ্যালবামের নাম রাখলাম ‘যদি থাকতো ডানা’।
গ্লিটজ: অ্যালবামে জন্য সাতটি গান র্নিবাচন করেছেন, সংখ্যাতত্বে বিশ্বাসী নাকি?
সভ্যতা: আরে, আমি তো এটা ভেবে দেখিনি! যদিও আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী না, কিন্তু আমার লাকি নম্বর সাত। আমি জুলাই মাসের ৭ তারিখে জন্ম গ্রহন করেছি। সেই হিসেবে আমার জন্মদিন ও জন্মমাস দুটোই সাত!
গ্লিটজ: অ্যালবামে নিজের কথা ও সুরে ছয়টি গান রয়েছে। প্রথম অ্যালবামেই কেন এমন ঝুঁকি নিলেন?
সভ্যতা: এখানে ঝুঁকির কিছুই নেই। এই ঝুঁকিটা নেওয়ার জন্যই তো আমি এতোবছর ধরে শিখেছি, এই মূর্হুতের জন্যই প্রস্তুতি নিয়েছি। একদিন না একদিন আমাকে এমন ঝুঁকি তো নিতেই হতো। এটাই তো আমার কাজ।
গ্লিটজ: অ্যালবামে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ও দ্বিজেন্দ্রলাল রায়কে নিবেদন করে একটি গান আছে। এরকম একটি গান তৈরির পেছনে আপনার চিন্তাটা কী ছিল?
সভ্যতা: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, অতুল প্রসাদ সেন, রজনীকান্ত সেন ও দ্বিজেন্দ্রলাল রায়- এঁরা হলেন আমাদের পঞ্চকবি। আসলে এই পঞ্চকবি না থাকলে বাংলা সাহিত্যও হতো না, এমনকি গানও হতো না।
কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে দ্বিজেন্দ্রলাল রায়ের গানগুলো সবসময়ই খুব ভালো লাগে। সত্যি বলতে, তার গানের সংখ্যাও তেমন বেশি নয়। সব মিলিয়ে ৫১ কিংবা ৫২টি গান হবে । আর রবীন্দ্রনাথের গানও আমি বেশ পছন্দ করি। আর নজরুল সংগীতও আমাকে ভীষণভাবে নাড়া দেয়। আর তাই পঞ্চকবির মধ্যে আমার পছন্দের তিন কবির তিনটি গান অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধন ধান্যে পুষ্পেভরা’, রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আনন্দলোকে’ ও কাজী নজরুল ইসলামের ‘দাও শৌর্য দাও ধৈর্য’ গানগুলো নিয়ে এই ট্রিবিউটটি তৈরি করেছি।
সভ্যতা: সত্যি বললে, যেদিন আমার পকেটে টাকা থাকবে সেদিনই আমার গানের মিউজিক ভিডিও তৈরি করতে পারবো। ‘এখানেই পথ আমার’ গানের মিউজিক ভিডিওটির নির্মাণে আমাকে তো সহযোগিতা করেছে জিপি মিউজিক। অ্যালবামের বাকি গানগুলোর মিউজিক ভিডিও বানানোর বিষয়টি তো পুরোটাই আমার হাতে। এমন যদি হয়, আমার পকেটে কাল অনেক টাকা চলে আসে, তাহলে কালই আমি মিউজিজ ভিডিও তৈরিতে হাত দেব।
