২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাহুবালি-টু’য়ের দৃশ্য ফাঁস, গ্রেপ্তার গ্রাফিক্স ডিজাইনার

আগামী বছর মুক্তি পাবে ভারতের অন্যতম সাড়া জাগানো ‘বাহুবালি’ সিরিজের দ্বিতীয় পর্ব, ‘বাহুবালি-টু: দ্যা কনক্লুশন’। তবে ‍মুক্তির আগেই বিপদে পড়ে গেছেন পরিচালক এসএস রাজামৌলি, সিনেমার ৯ মিনিটের একটি দৃশ্য ফাঁস হয়ে গেছে অনলাইনে। ভিডিও ফাঁসের অভিযোগে ভারতের অন্ধ্র প্রদেশ থেকে সিনেমাটির একজন গ্রাফিক্স ডিজাইনারকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2016, 04:48 PM

Updated : 12 Apr 2022, 03:22 AM

হিন্দুস্তান টাইমস জানায়, মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটির অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু দৃশ্য সম্বলিত ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দিয়েছিলেন গ্রাফিক্স বিভাগের একজন। ওই ব্যক্তি হায়দ্রাবাদ অন্নপূর্ণা স্টুডিওর একজন কর্মী। পরিচালকের অভিযোগের পর হায়দ্রাবাদ পুলিশ তাকে গ্রেপ্তার করে।

‘বাহুবালি-টু’-এর প্রযোজনা প্রতিষ্ঠান অর্ক মিডিয়াওয়ার্কসের শবু ইয়ারলাগাদ্দা এক টুইটে জানিয়েছেন, “এটা খুবই দুঃখজনক যে বাহুবালি-এর ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। এই কাজের সাথে জড়িত ব্যক্তিকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং অপরাধ ব্রাঞ্চের হাতে সোপর্দ করেছে।”

ভিডিও ছড়িয়ে পড়ার ব্যাপারটি তাদের জানানোয় ভক্তদের ধন্যবাদ জানাতে ভোলেননি শবু। একই সঙ্গে এই ভিডিও পরবর্তীতে আর শেয়ার না করারও অনুরধ করেন তিনি।

শবু বলেন, “দ্রুত এই ব্যাপারে আমাদের জানানোর জন্য ভক্তদের ধন্যবাদ। আমাদের নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল। তবে সিনেমার সাথে বহু মানুষ যুক্ত থাকে। মাঝে মাঝে এরকম অপ্রীতিকর ঘটনা ঘটে যায়।”

আগামী বছরের ২৮ এপ্রিল সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ২০১৫ সালে মুক্তি পায় 'বাহুবালি: দা বিগিনিং'। মুক্তি পাওয়ার পরপরই আয়ের সব রেকর্ড ছাড়িয়ে যায় প্রভাস ও তামান্না ভাটিয়া অভিনীত সিনেমাটি।