বিশ্ব ঘুরছে ‘মাই বাইসাইকেল’-এর চাকা
বাংলাদেশে নির্মীত সর্বপ্রথম চাকমা ভাষার চলচ্চিত্র ‘মর থ্যাঙ্গারি (মাই বাইসাইকেল)’ ঘুরছে সারা বিশ্বে। এ পর্যন্ত পৃথিবীর বিভিন্ন দেশের বিশটি উল্লেখযোগ্য উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। তারই ধারাবাহিকতায় এবার কম্বডিয়া ও কানাডার দুটি উৎসবে প্রদর্শিত হবে এটি।
কম্বডিয়ার ফনম ফেন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত সিনেমাটি। বিশ্বের বিভিন্ন চলচ্চিত্রকে উদযাপন করার লক্ষ্যে মুক্ত এবং অপ্রতিযোগীতামূলক এ উৎসবে এবার ৩৮ টি চলচ্চিত্র দেখানো হবে। ২১ নভেম্বর থেকে শুরু হওয়া উৎসবটি চলবে ৩০ নভেম্বর পর্যন্ত।
এছাড়াও কানাডার উইনিপেগ এবোরিজিনাল ফিল্ম ফেস্টিভ্যালেও প্রদর্শিত হবে ‘মর থ্যাঙ্গারি’। ২৪ নভেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ২৭ নভেম্বর পর্যন্ত।
কানাডার মানিটোবার অন্তর্গত উইনিপেগে আয়োজিত এ উৎসব সারা বিশ্বের জনজাতিক সম্প্রদায়ের উল্লেখযোগ্য সব নতুন ছবিকে উৎসর্গ করে আয়োজিত হয়। তারই মাঝে স্থান করে নিয়েছে অং রাখাইন-এর এই সিনেমা।
‘মর থ্যাঙ্গারি’র বিশ্বযাত্রা ও নিজের চলচ্চিত্রযাত্রা প্রসঙ্গে অং রাখাইন গ্লিটজকে বলেন, “বিশ্বের প্রায় উল্লেখযোগ্য বিশটি চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। এ যাত্রায় আমি আনন্দিত। আমি এখন আমার দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছি। রাখাইন জাতিগোষ্ঠির জেলেদের গল্প নিয়ে আমার দ্বিতীয় চলচ্চিত্রটি নির্মাণ করবো। ২০১৮ সালের মধ্যে এর নির্মাণ কাজ শুরু করবো আশা করছি।”
‘মাই বাইসাইকেল’ এরই মধ্যে বিশ্বের বেশ কয়েকটি প্রধান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। চাকমা জনবসতির একটি গ্রামের এক পরিবারের সাইকেলে করে যাত্রী বহনের নতুন ব্যবসায়কে কেন্দ্র করে তাদের টিকে থাকা ও সংগ্রামের উপর নির্মিত হয়েছে এ ছবিটি। ক্ষুদ্র নৃ গোষ্ঠির নিজস্ব ভাষা ব্যবহার করে নির্মিত হওয়া প্রথম বাংলাদেশি চলচ্চিত্র এটি।
