কাঙ্গানাকে রোমান্টিক বার্তা দিলেন হৃত্বিক?
হৃত্বিক রোশান ও কাঙ্গানা রানাউতের সম্পর্কের টানা-পোড়েন প্রতিনিয়তিই মোড় নিচ্ছে নতুন দিকে। কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্যের জের ধরে একজন আরেকজনেকে উকিল নোটিস পাঠিয়েছেন। এবারে হৃত্বিকের বিরুদ্ধে অনলাইনে হয়রানির অভিযোগ তুলেছেন কাঙ্গানা। তবে হৃত্বিক বলছেন তার সঙ্গে প্রতারণা করা হয়েছে।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, সম্প্রতি কাঙ্গানার ব্যাক্তিগত ই-মেইলে বেশ কিছু রোমান্টিক বার্তা আসে। সম্পর্ক চলাকালীন সময়ে কাঙ্গানার সঙ্গে ই-মেইল আদান-প্রদান করতে যে অ্যাকাউন্টটি ব্যবহার করতেন হৃত্বিক, সে অ্যাকাউন্ট থেকে এ ই-মেইলগুলো এসেছে বলে দাবি করছেন তিনি।
কাঙ্গানাকে কোনো ধরণের প্রেমের বার্তা পাঠানো হয়নি বলে মন্তব্য করেছেন তিনি। ই-মেইল আইডি’র প্রকৃত মালিককে খুঁজে বের করতে আদালতের শরণাপন্নও হয়েছেন তিনি।
এদিকে, কাঙ্গানার পক্ষ থেকে দাবি করা হয়েছে, অন্য কেউ নয়, হৃত্বিকই করেছেন এই কাজ। কাঙ্গানার আইনজীবী বলেন, “কেউই হৃত্বিকের সাথে প্রতারণা করেনি বরং তিনিই এখন সবার সাথে প্রতারণা করছেন। এর আগেও বেশ কয়েকবার কাঙ্গানার ই-মেইল অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করেছে হৃত্বিক।”
আইডিটি যুক্তরাষ্ট্রের হওয়ায় এ ব্যাপারে কিছুই করতে পারছে না ভারতীয় সাইবার অপরাধ বিভাগ। ফলে এ অ্যাকাউন্টটির প্রকৃত মালিক কে সে বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না।
