২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আর্থিক সহায়তা পেলেন তিন সঙ্গীত ব্যক্তিত্ব

অসুস্থ তিন সঙ্গীত ব্যক্তিত্বকে আর্থিক সহায়তা দেওয়ার মধ্যে দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সোহেল আহসান

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2016, 05:55 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

শনিবার ঢাকার ওয়েস্টিন হোটেলে এক অনুষ্ঠানে সুরকার আলাউদ্দিন আলী, কণ্ঠশিল্পী লাকী আখান্দ ও শাম্মী আক্তারের চিকিৎসায় আর্থিক সহায়তা দেওয়া হয়।  

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের উদ্যোগে আয়োজিত ‘শিল্পীর পাশে ফাউন্ডেশনের’ পক্ষ থেকে ক্যান্সার আক্রান্ত আলাউদ্দিন আলীকে ২০ লাখ, লাকী আখান্দকে ৪০ লাখ ও শাম্মী আক্তারকে ১০ লাখ টাকা দেওয়া হয়। 

অনুষ্ঠানে লাকী আখান্দ ও আলাউদ্দিন আলী নিজ হাতে অনুদান নিলেও অনুপস্থিত ছিলেন শাম্মী আক্তার।  

অনুষ্ঠান মঞ্চে এসে আবেগাপ্লুত লাকী আখান্দ বলেন, “আমি চাই আরও ৩০ থেকে ৪০ বছর যেন গান গাইতে পারি। যদি ঈশ্বর আমাকে বাঁচিয়ে রাখেন।”

এরপর তিনি গেয়ে শোনান ‘আগে যদি জানতাম, তবে মন ফিরে চাইতাম’ গানটির অংশবিশেষ। কিছুটা বিরতি নিয়ে তিনি শোনান ‘আমায় ডেকোনা ফেরানো যাবেনা’, ‘আবার এলো যে সন্ধ্যা’সহ তার কয়েকটি জনপ্রিয় গান।

এরপর আলাউদ্দিন আলী গেয়ে শোনান ‘আবার সময় হতে না হতে’, ‘একবার যদি কেউ ভালোবাসত’, ‘কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল’, ‘আছেন আমার মোক্তার’সহ কয়েকটি গান।

এই দুই সঙ্গীত ব্যক্তিত্বের সঙ্গে মঞ্চে গানে সঙ্গ দেন কণ্ঠশিল্পী খুরশিদ আলম, চিত্রনায়ক আলমগীর, শম্পা রেজা, ফাহমিদা নবী, সামিনা চৌধুরী, নীলু বিল্লাহ, ফেরদৌস ওয়াহিদ, রফিকুল আলম, আবিদা সুলতানা, জানে আলম, কনকচাঁপা, ফোয়াদ নাসের বাবু প্রমুখ।

অনুষ্ঠানে বিনোদন জগতের তারকাদের মধ্যে আরও এসেছিলেন নাসির উদ্দিন ইউসুফ, পীযুষ বন্দ্যোপাধ্যায়, জুয়েল আইচ, শেখ সাদী খান, সৈয়দ সালাউদ্দিন জাকী, ফরিদুর রেজা সাগর, নওয়াজীশ আলী খান, সাদী মহম্মদ, ফেরদৌস আরা, ইলিয়াস কাঞ্চন, শহীদুল্লাহ ফরায়জী, সুজিত মোস্তফা , মুনমুন আহমেদ, মাকসুদ, আইয়ূব বাচ্চু, হামিন আহমেদ, মকসুদ জামিল মিন্টু, এস আই টুটুল, বাপ্পা মজুমদার, হাবিব, ফেরদৌস, অপি করিম, তানভীন সুইটি, দীপা খন্দকার, শিবলী মহম্মদ, শামীম আরা নীপা, কানিজ আলমাস খান, শওকত আলী ইমন, ইমন সাহা, আবদুন নূর তুষার, চয়নিকা চৌধুরী, জুনায়েদ হালিম, আসিফ ইকবাল, আনিসুর রহমান মিলন, বন্যা মির্জা, শিমুল, শাবরিন শাকা মিম, কোনাল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক বলেন, “শিল্পীরা ভালো না থাকলে সমাজের পক্ষেও ভালো থাকা সম্ভব নয়।

“এখন থেকে আর কোনো শিল্পীকে যাতে তার শিল্প সাধনায় বাধাগ্রস্ত হতে না হয়, সেদিকে নজর রাখবে ‘শিল্পীর পাশে ফাউন্ডেশন’। এখন পর্যন্ত এ ফাউন্ডেশনের তহবিল সংগ্রহ হয়েছে দুই কোটি ১০ লাখ টাকা।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অধ্যাপক আবদুল্লাহ আবু সাইয়ীদ, কণ্ঠশিল্পী ফেরদৌসী রহমান, কথাশিল্পী সেলিনা হোসেন, শিল্পী মুস্তাফা মনওয়ার প্রমুখ।

সবশেষে ‘হ্যাপি টাচ’ ব্যান্ডদলের শিল্পীরা লাকী আখান্দ ও হ্যাপী আখান্দের গান পরিবেশন করেন।