বিচ্ছেদ ঠেকাতে সন্তান নিচ্ছেন ‘বেনিফার’!
কিছুদিন আগেই শোনা গিয়েছিলো বিবাহ বিচ্ছেদ করতে চলেছেন হলিউডের জনপ্রিয় তারকা জুটি বেন অ্যাফ্লেক ও জেনিফার গার্নার। কিন্তু শেষ মুহূর্তে এসে বিচ্ছেদের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন তারা!
মার্কিন গণমাধ্যম ‘এসশোবিজ’ জানায়, সম্পর্ক ঠিক করতে সন্তান নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এ তারকা দম্পতি। একটি নতুন সন্তান তাদের সম্পর্ককে আবারো সুন্দর করে তুলবে এমনটাই মনে করছেন তারা।
গার্নারের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, দু’জনে মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তারা। আর এতে দারুণ খুশি গার্নার! শুধু তাই নয় নতুন করে বেনকে দিয়ে কিছু প্রতিজ্ঞাও করিয়ে নিয়েছেন তিনি। এ শর্তগুলোর মাঝে রয়েছে রাত করে বাড়ি না ফেরা ও নাইট-পার্টি কমিয়ে দেয়া!
স্ত্রীর দেয়া শর্ত নাকি সানন্দেই মেনে নিয়েছেন অভিনেতা বেন অ্যাফ্লেক। নতুন সন্তানের আগমনের প্রতীক্ষায় রয়েছেন তিনি। দশ বছরের সংসারে এ দম্পতির ঘরে এসেছে তিন কন্যা। এবারে চতুর্থ সন্তানের অপেক্ষায় দিন গুনছেন তারা।
পরকীয়ার জড়িয়ে পড়েছেন বেন- এমন অভিযোগের ভিত্তিতে গত বছর বিচ্ছেদ মামলা করেছিলেন গার্নার।
২০০৩ সালে ‘ডেয়ারডেভিল’ ছবির সেটে পরস্পরের পরিচয়। প্রেমের এ সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয় ২০০৪ সালের দিকে। ২০০৫ এ এসে বিয়ের সিদ্ধান্ত নেন এ জুটি।
