২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নোবেল নিতে যাচ্ছেন না বব ডিলান!

আসছে ডিসেম্বরে হতে যাওয়া নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাচ্ছেন না আমেরিকার সংগীত শিল্পী ও গীতিকার বব ডিলান। রয়্যাল সুইডিশ একাডেমিতে পাঠানো এক চিঠিতে এ বিষয়ে তিনি তার অপারগতার কথা জানিয়েছেন।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Nov 2016, 03:33 PM

Updated : 12 Apr 2022, 03:19 AM

বুধবার রয়াল সুইডিশ একাডেমির এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এব্যাপারে সিনহুয়ায় প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায়, এক ব্যক্তিগত চিঠিতে তিনি জানিয়েছেন, পূর্ববর্তী কিছু কাজের জন্য ডিসেম্বরে স্টকহোমে আসতে পারবেন না। তিনি আরও জানিয়েছেন এই পুরস্কার পেয়ে কতোটা সম্মানিত বোধ করছেন। তিনি আশা করছেন ব্যক্তিগতভাবে পুরস্কারটি গ্রহণ করতে পারবেন।

নোবেল একাডেমী আরও জানিয়েছে, “আমরা বব ডিলানের কথা শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। তিনি এটা অবশ্যই নেবেন, ডিসেম্বর ১০ থেকে শুরু করে পরবর্তী ৬ মাসের মাঝে।”

চলতি বছরের ১৩ অক্টোবর সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য গায়ক ও কবি বব ডিলানকে নোবেল পদকে ভূষিত করা হয়। সুইডেনের স্টকহোমে প্রতিবছর ১০ ডিসেম্বর পুরস্কার প্রবর্তনকারী আলফ্রেড নোবেল-এর মৃত্যুবার্ষিকীতে নোবেল বিজয়ীদের হাতে পুরস্কার হস্তান্তর করা হয়।