মঞ্চে আসছে মুনীর চৌধুরীর জীবন-কর্ম নিয়ে রচিত নাটক
শহীদ বুদ্ধিজীবী নাট্যকার মুনীর চৌধুরীর জীবন ও কর্ম এবার ফুটে উঠবে মঞ্চের আলোতে; তাকে নিয়ে নাট্যদল ‘থিয়েটার অঙ্গণ’ নিয়ে আসছে নিজেদের দশম প্রযোজনা ‘মুনীর চৌধুরী’।
প্রবীর দত্তের রচনা ও নির্দেশনায় এই নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে শুক্রবার, বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে।
ওই মিলনায়তনে একই সঙ্গে গীতাঞ্জলি ললিতকলা একাডেমি প্রতিষ্ঠার যুগপূর্তি উৎসবের সমাপনী দিনের আয়োজন থাকবে, যাতে অতিথি থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর।
গীতাঞ্জলি ও থিয়েটার অঙ্গণের উপদেষ্টা এমেরিটাস অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে এমিরেটাস অধ্যাপক আনিসুজ্জামান, নাট্যজন রামেন্দু মজুমদার, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল ও শহীদ বুদ্ধিজীবী মুনীর চৌধুরীর সন্তান আসিফ মুনীর তন্ময়ের উপস্থিত থাকার কথঅ রয়েছে।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
এতে এমিরেটাস অধ্যাপক রফিকুল ইসলাম, গীতাঞ্জলির পরিচালক ও থিয়েটার অঙ্গণের সভাপতি মাহবুব আমিন মিঠু, থিয়েটর অঙ্গণের সহ-সভাপতি অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ এবং ‘মুনীর চৌধুরী’ নাটকের নাট্যকার ও নির্দেশক প্রবীর দত্ত বক্তব্য রাখেন।
অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, মুনীর চৌধুরী জীবনটাই নাটকীয়। নাট্যকার ও শিক্ষক- দুই পরিচয়েই তার রয়েছে বর্ণাঢ্য জীবন, যা মঞ্চে তুলে আনা দূরহ কাজ। মুনীর চৌধুরীর জীবন, কর্ম ও দর্শনকে মঞ্চে নিয়ে আসার যে দুঃসাহস দেখিয়েছেন নির্দেশক ও কলাকুশলীরা, তা ধন্যবাদ পাওয়ার যোগ্য।
