২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘স্বল্পবসনেই যৌনাবেদনময়ী হওয়া যায়না’

আঁটোসাঁটো কাপড় পরে আইটেম গানে নেচে হিন্দি সিনেজগতের অনেকেই গায়ে লাগিয়েছেন ‘যৌনাবেদনময়ী’র তকমা। তবে আলিয়া ভাট মনে করছেন, সল্পবসনেই আবেদনময়ী হওয়া যায়না।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 07:03 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

যত ছোট পোশাক, তত বেশী ‘আবেদনময়ী’- এই নীতির ঘোর বিরোধী আলিয়া।

তিনি বলেন, “বিকিনি আবেদনময় হতে পারে কারণ আপনি শরীর দেখাচ্ছেন; কিন্তু সবসময় যে আবেদন জাগাতে বিকিনিই পড়তে হবে, এমনটা নয়। আমি শাড়িও খুব একটা পরিনি, পায়জামাই বেশি পরি। কারণ এতে ঝামেলা কম এবং আরামও বেশি।”

হিন্দুস্তান টাইমস জানায়, একটি ম্যাগাজিনের ফ্যাশন সংখ্যার প্রচারের সময় হালের ফ্যাশন নিয়ে কথা বলেন এই ‘ডিয়ার জিন্দেগি’ তারকা।

তিনি আরও বলেন, “আমার মনে হয়না প্রতিনিয়ত ফ্যাশন পরিবর্তিত হয়। সামাজিক মাধ্যমগুলোর জন্য আমরা রকমারি ফ্যাশন সম্পর্কে জানতে পারি। এমনকি আমিও অনেক কিছুই জানিনা! একজন মেয়ে এবং অভিনেত্রী হিসাবে আমিও সাজতে পছন্দ করি। যেসব পোশাকে আমাকে মানায় ওগুলোই পরার চেষ্টা করি। ফ্যাশন আপনার ব্যক্তিত্বকে তুলে ধরে। অন্ধভাবে ট্রেন্ডকে অনুসরণ করলেই আপনি ফ্যাশন আইকন হতে পারবেন না।”

বিকিনি নিয়ে এতো কথা বললেও, এর আগে দুটি সিনেমায় উজ্জ্বল রঙের বিকিনিতে দেখা গেছে আলিয়াকে। ক্যারিয়ারের প্রথম সিনেমা ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ারে’ই হলুদ রঙের বিকিনিতে সমুদ্রসৈকতে হেঁটেছেন তিনি।

চলতি মাসের ২৫ তারিখে শাহরুখ খান এর সঙ্গে আলিয়ার অভিনীত ‘ডিয়ার জিন্দেগি’ মুক্তি পেতে যাচ্ছে। গৌরি শিন্ডে পরিচালিত এই সিনেমাতে আলিয়া-এর বিপরীতে দেখা যাবে চারজন নায়ককে।