‘এখনকার গানের কথায় গভীরতা নেই’
‘ও প্রিয়া তুমি কোথায়’ গানটি রচনার মাধ্যমে গানের জগতে নিজের অবস্থান গড়েন গীতিকার প্রদীপ সাহা। আধুনিক এবং ব্যান্ড সংগীতের অনেক শিল্পীই তারকাখ্যাতি পেয়েছেন তার লেখা গানে ভর করেই। সম্প্রতি নিজের ক্যারিয়্যার ও অডিও শিল্পের বিভিন্ন দিক নিয়ে গ্লিটজের সঙ্গে এক আড্ডায় মেতে উঠেছিলেন তিনি।
গ্লিটজ: রাজেশ ঘোষের সঙ্গে সর্বাধিক সংখ্যক গানে একইসঙ্গে কাজ করেছেন। দুইজনের এই মেলবন্ধন কিভাবে হলো?
প্রদীপ সাহা: কোনো গীতিকার ও সুরকারের একই সঙ্গে প্রায় তিনহাজারের মত গানের কাজ করার রের্কড, আমার জানা মতে নেই। ‘ও প্রিয়া তুমি কোথায়’ গানের কাজ একই সঙ্গে করতে গিয়ে শুরু থেকেই আমাদের দুইজনের মধ্যে কাজের ক্ষেত্রে রসায়ন গড়ে উঠে। যদিও এই গানটি মুক্তি পাওয়ার আগেই আমরা একটি মিক্সড অ্যালবামে কাজ করেছিলাম।
রাজেশ-্এর সঙ্গে পরিচয় হওয়ার পর থেকেই তার কাজ আমরা ভালো লাগতো। কারণ, কাজের প্রতি সে খুবই যত্নশীল এবং একই সঙ্গে সে যথেষ্ঠ মেধাবী একজন সুরকার। তার সুর করা প্রতিটি কাজের নিজস্বতা ছিলো।
জুটি বেঁধে যখন আমরা কাজ শুরু করি সেই সময়টায় ব্যান্ডের গান বেশি জনপ্রিয় ছিলো। তখন আমরা চিন্তা করলাম যদি আধুনিক ও ব্যান্ড সংগীত- এই দুটোকে ব্লেন্ড করে নতুন কিছু করা যায়, তাহলে আমরা নতুন কিছু উপহার দিতে পারবো। এরপরের গল্পটা আপনারা জানেন।
গ্লিটজ: আপনি গান লেখার জন্য আধুনিক গানের জায়গাকে কেন বেছে নিলেন?
প্রদীপ সাহা: আমি যখন কৈশোরকালে ছিলাম তখন থেকেই আধুনিক গান আমার হৃদয় স্পর্শ করতো। বিশেষ করে পুলক বন্দোপাধ্যায়ের ‘খুব বেশি জানতে ইচ্ছে করে’, ‘তুমি কি সেই আগের মত আছো’ কিংবা ‘আমার বলার কিছু ছিলো না’- এইসব গানের কথা খুবই সহজ হলেও এর ভেতরে যথেষ্ঠ গভীরতা রয়েছে। তখন থেকেই আমি খুব সহজ কথায় আধুনিক গান লেখার সিদ্ধান্ত নিই যা সকল শ্রেণির মানুষকে স্পর্শ করবে। তাই আধুনিক গানকেই বেছে নেওয়া।
গ্লিটজ: আপনি বেশ কিছু ব্যান্ডের জন্য এবং বাংলা সিনেমার জন্য গান লিখলেও সেখানে কেন ধারাবাহিকতা রক্ষা করলেন না?
প্রদীপ সাহা: হ্যা, এটা সত্যি। আমি আসিফ ও আইয়ুব বাচ্চুর ডুয়েট অ্যালবাম ছাড়াও শাফিন আহমেদ, হাসান, বিপ্লব, খালিদ- এদের অ্যালবামের জন্য আমি বেশ কিছু গান লিখেছি, কিন্তু এই জায়গাটিতে আর এগুনো হয়নি।
আমি যদি এইভাবে বলি, দুটো রাস্তার মধ্যে একটি আধুনিক সংগীতের রাস্তা অন্যটি ব্যান্ড সংগীতের রাস্তা। তাদের মধ্যে থেকে আমি যে রাস্তায় পথচলা শুরু করেছি সেই রাস্তা থেকে আমি অন্য রাস্তায় পথ চলতে চাইনি।
একই কথা সিনেমার ক্ষেত্রেও বলা যেতে পারে। উত্তম আকাশের ‘সাবাশ বাঙালী’ সিনেমার জন্য আমার লেখা গানটি গেয়েছিলেন রুনা লায়লা। এরপরে আমি সিনেমার জন্য প্রায় পচিঁশটি গান লিখেছি। কিন্তু আমি আধুনিক গানের রাস্তায় চলতেই বেশি স্বাচ্ছন্দবোধ করেছিলাম। আমার কাছে মনে হয়েছে, এটাই আমার রাস্তা।
গ্লিটজ: এখনকার সময়কার আধুনিক গানের কথা শ্রোতা টানতে পারছেনা কেন?
প্রদীপ সাহা: এর অন্যতম কারণ হলো বতর্মানে অযোগ্য লোকের সংখ্যাটাই বেশি। অতীতে যদি একশ জন গীতিকার গান লিখতেন, সেখানে আশি জন ছিলেন যোগ্য। বিশজন লোক হয়তো পাওয়া যেত, যারা কম যোগ্য। কিন্তু বতর্মান সময়ের গানে চিত্রটা একেবারে উল্টো। এ কারণে এখনকার গানের কথায় গভীরতা নেই। তাই এগুলোর স্থায়িত্ব খুবই কম।
গ্লিটজ: আধুনিক গানের গতিপথ অধঃপতনের দিকে ধাবিত হওয়ার নেপথ্যে এই সময়ের গীতিকার কাম বিনোদন সাংবাদিকদের আপনি কতটুকু দায়ী করবেন?
প্রদীপ সাহা: সাংবাদিক যদি গীতিকার হয় সেখানে কোনো সম্যস্যা নেই। সাংবাদিক কেন গীতিকার হতে পারবে না? কিন্তু সম্যস্যাটা তখনই তৈরি হয়, যদি সেই মানুষটি যোগ্য না হয়।
সাংবাদিক-গীতিকার নতুন কোনো বিষয় নয়। আমাদের দেশে আশির দশক থেকেই সাংবাদিক-গীতিকার ছিলেন। সেই সময়ে ‘চিত্রালী’ পত্রিকার সম্পাদক আহমেদ জামান চৌধুরী, খুবই অভিজ্ঞ একজন গীতিকার ছিলেন। সঞ্জীব চৌধুরীকে দেখুন, তিনি একজন সাংবাদিকও ছিলেন আবার উঁচুমানের একজন শিল্পীও ছিলেন। তাই সাংবাদিক গীতিকার হলেও মোটেও কোনো সম্যস্যা নেই।
কিন্তু সম্যস্যা তখনই তৈরি হয় যখন, সেই মানুষটি যোগ্যতা না থাকার পরেও সাংবাদিকতার পরিচয়টাকে ব্যবহার করতে চায়। সম্যস্যাটা সেখানেই দাঁড়ায়।
গ্লিটজ: বাংলাদেশের আধুনিক গানের জগতে আপনার মত আধুনিক গানের গীতিকার থাকার পরেও আমাদের অডিও শিল্প কেন ধ্বংসের মুখে পতিত হয়েছিলো?
প্রদীপ সাহা: প্রথমত, আমি বলবো, প্রযুক্তির কাছে আমরা হেরে গিয়েছি। কারণ হঠাৎ করে অডিও ক্যাসেটের জায়গা দখল করে নিলো সিডি। এর জায়গাটা শক্ত হতে না হতেই শুরু হলো গান সংগ্রহের মেমোরি কার্ডের প্রচলন। তারপরে শুরু হলো ইন্টারনেট থেকে গান শোনার প্রচলন। এর ফলে গান সংগ্রহের ব্যাপারটা সবার আয়ত্ত্বে চলে এলো। পাইরেসিরও শুরু এখান থেকেই।
এটা ঠিক যে, কিছু লোক আমাদের অডিও শিল্পকে জিম্মি করেছেন। অনেকেই কম যোগ্য হওয়ার পরেও বিভিন্ন পন্থায় বিভিন্ন সুবিধা আদায় করেছেন। ফলে যে পরিমাণ গান তৈরি হয়েছে তার সিংহভাগ শোনার পরে শ্রোতাদের মনে হয়েছে সেগুলো কোনো গানই নয়। তাই তারা আধুনিক গান শোনা থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন।
গ্লিটজ: একটি সময় ছিলো, যখন অডিও ক্যাসেট কিংবা সিডির অ্যালবাম মানেই সেখানে দশ-বারোটি গান। কিন্তু সম্প্রতি অনেক শিল্পী নিজের একটি গান নিয়ে বাজারে সিডি প্রকাশ করছেন। অনেকে আবার তিনটি গান নিয়ে ইপি প্রকাশ করছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখেন?
প্রদীপ সাহা: আমি মনে করি একটি গানের অ্যালবামে দশটি কিংবা বেশি গান থাকাটাই উচিত। কারণ একটি কিংবা তিনটে গানের অ্যালবাম করে একজন মানুষের গান শোনার অপশনকে কেন ছোট করা হবে? সেক্ষেত্রে একজন শ্রোতাকেই বা কেন ঠকানো হবে? মানুষ যখন অনেকগুলো গান শুনবে তখন সে ভ্যারিয়েশন পাবে? তার সামনে অনেকগুলো গান শোনার সুযোগ খোলা থাকবে।
গ্লিটজ: এ সময়ের ব্যস্ততা কেমন কাটছে?
প্রদীপ সাহা: বেশ ভালোই ব্যস্ত সময় কাটছে। বাংলাদেশ ও কলকাতার শিল্পীদের নিয়ে নতুন কিছু কাজ বতর্মানে প্রক্রিয়াধীন রয়েছে। আশা করছি শ্রোতারা নতুন কিছু উপহার পেতে যাচ্ছেন।
