“পদ্মাবতি চরিত্রটি ফুটিয়ে তোলা কঠিন হবে”
এ বছরটা দিপিকা পাড়ুকোনের জন্য বেশ সৌভাগ্যজনকই বলতে হবে। হলিউডে অভিষেক, মাজিদ মাজিদি’র মতো নির্মাতার ছবিতে অভিনয়, সর্বোপরি এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ডের সুবাদে প্রথমবারের মতো কোনো আন্তজার্তিক আসরের লাল গালিচায় পা রাখা- সব মিলিয়ে ভালোই বাজিমাত করলেন এ তারকা।
সামনেই শুরু হতে যাচ্ছে দিপিকার নতুন ছবি ‘পদ্মাবতি’র কাজ। সাঞ্জায় লিলা বানসালি’র বড় বাজেটের এ ছবিতে চিতোরের রানি পদ্মাবতি চরিত্রে অভিনয় করবেন দিপিকা। শিগগিরি শুরু হবে ছবিটির দৃশ্যধারণের কাজ। আর তাই এ নিয়ে বেশ চিন্তিত এ বলিউড অভিনেত্রী!
ইন্ডিয়ান এক্সপ্রেস’কে দেয়া এক সাক্ষাতকারে দিপিকা বলেন, “এ মুহূর্তে পদ্মাবতি চরিত্রটি নিয়েই কেবল ভাবছি। এটি আমার অভিনয় জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি চরিত্র হতে যাচ্ছে। আমার মনে হয় এ চরিত্রটি ফুটিয়ে তোলা বেশ কঠিন হবে আর সেভাবেই আমি প্রস্তুতি নিচ্ছি।”
‘পদ্মাবতি’তে দিপিকার সাথে আরো রয়েছেন বলিউড অভিনেতা শাহিদ কাপুর ও রানভির সিং। সম্প্রতি এ ছবিতে অভিনয় করা নিয়ে রানভির-দিপিকা সম্পর্কের ভাঙ্গনের কথা শোনা গেলেও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি দিপিকা।
সামনেই মুক্তি পাচ্ছে দিপিকার প্রথম হলিউড ছবি ‘ট্রিপল এক্স: দ্যা জেন্ডার কেইজ’। ভিন ডিসেলের বিপরীতে এ ছবিতে তাকে দেখা যাবে অ্যাকশনধর্মী চরিত্রে। জানুয়ারির ১৭ তারিখে মুক্তি পাবে এ ছবিটি।
