মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাট্য প্রদর্শনী
মুনীর চৌধুরী ও সেলিম আল দীন স্মরণে নাটক প্রদর্শনীর আয়োজন করা হয়েছে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে।
রোববার সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে। চলবে ১৭ নভেম্বর পর্যন্ত।
শিল্পকলা একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ এবং বাংলাদেশের পাঁচটি নাট্যশিক্ষা প্রতিষ্ঠান যৌথ ভাবে এই প্রদর্শনীর আয়োজন করেছে।
শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকী ইনাম, সারা যাকের ও রোকেয়া রফিক বেবী। এছাড়া স্বাগত বক্তব্য রাখেন একাডেমীর নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক মো. বদরুল আনম ভূঁইয়া।
আলোচনা শেষে আলোকশিখা প্রজ্বলনের মধ্য দিয়ে নাট্য প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন অতিথিরা। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় আ ন ন জামান নির্দেশনায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পরিবেশনায় মুনীর চৌধুরীর নাটক ‘কবর’ মঞ্চস্থ হয়।
পরবর্তী নাটকগুলোও একাডেমীর স্টুডিও থিয়েটার হলে প্রতিদিন সন্ধ্যা ৭ টায় মঞ্চস্থ হবে।
১৪ নভেম্বর আব্দুল হালিম প্রামাণিক সম্রাটের নির্দেশনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মুনীর চৌধুরীর ‘বংশধর’, ১৫ নভেম্বর প্রাচ্যনাট স্কুল অফ অ্যাক্টিং এন্ড ডিজাইনের পরিবেশনায় সেলিম আল দীনের ‘মুনতাসির ফ্যান্টাসি’, ১৬ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের পরিবেশনায় মুনীর চৌধুরীর নাটক ‘মিলিটারি’ এবং ১৭ নভেম্বর আবদুল্লাহ আল মামুন থিয়েটার স্কুলের পরিবেশনায় ‘বংশধর’ নাটকটি মঞ্চস্থ হবে।
