‘আয়নাবাজী’র বিশ্বভ্রমণ!
দেশে মুক্তি পেয়ে ঝড় তোলার পর এবার বিশ্বজয়ে বের হলো ‘আয়নাবাজী’। ১৭ নভেম্বর থেকে ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকার নানা শহরে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে বলে গ্লিটজকে নিশ্চিত করেছেন জার্মানীতে অবস্থানরত চলচ্চিত্রটির নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী।
প্যারিসের বিখ্যাত পাবলিসিস সিনেমা হলে আগামী ১৭ নভেম্বরে ছবিটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী ও কাহিনিকার গাউসুল আলম শাওনের উপস্থিতিতে আয়নাবাজি চলচ্চিত্রটির প্রথম শো প্রদর্শিত হবে।
সেখানে সপ্তাহব্যপী ‘আয়নাবাজী’র ১৪টি শো প্রদর্শিত হবে।
এরপর ১৯ নভেম্বর থেকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, সান ফ্রান্সিসকো, অস্টিন, শিকাগো এবং ডালাস শহরেও মুক্তি পাবে চঞ্চল চৌধুরী অভিনীত সিনেমাটি। একইদিনে কানাডার টরন্টো ও ক্যালগেরি শহরের সিনেপ্লেক্সেও মুক্তি পাবে এটি।
এখানেই শেষ নয়, ২৬ নভেম্বর থেকে অস্ট্রেলিয়াতেও মুক্তি পাবে সিনেমাটি। সিডনী, ক্যানবেরা, মেলবোর্ন, ব্রিজবেইন, অ্যাডিলেড, ও পার্থের সিনেপ্লেক্সগুলোতে দেখা যাবে ‘আয়নাবাজি’।
খবরটি নিশ্চিত করে জার্মানি থেকে অমিতাভ রেজা গ্লিটজকে জানান, “শুধু এ চারটি দেশেই নয়, ফিনল্যান্ড, ইউকে ও নিউজিল্যান্ডেও চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা চলছে। পর্যায়ক্রমে আমাদের পক্ষে যতদূর সম্ভব ততদূর সিনেমাটিকে পৌঁছে দিবো আমরা। অবশ্যই আমাদের প্রথম টার্গেট প্রবাসী বাংলাদেশী দর্শক, তারপর বিদেশীরা।”
অমিতাভ রেজা আরও জানান, সাবটাইটেল যুক্ত করেই সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে।
এদিকে দেশে মুক্তির সাত সপ্তাহ পেরিয়ে গেলেও পাইরেসির হানা মোকাবেলা করে চলচ্চিত্রটি এখনও প্রদর্শিত হচ্ছে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার ও শ্যামলী সিনেমা হলসহ বিভিন্ন প্রেক্ষাগৃহে।
এই সাফল্যে উচ্ছ্বসিত সিনেমাটির প্রযোজক জিয়াউদ্দিন আদিল।
তিনি বললেন, “মুক্তির সাত সপ্তাহ পরও ব্যবসাসফল ‘আয়নাবাজি’। সারা দেশে ব্যাপক সফলতা অর্জনের পর দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির সিমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এটি। আমার দৃঢ় বিশ্বাস চলচ্চিত্রটি সারা বিশ্বব্যপী গৌরবময় সফলতা অর্জন করবে। সিনেমা প্রদর্শনের প্রচলিত ধারায় বাংলাদেশী কোন ছবি ফ্রান্স, কানাডা, অস্ট্রেলিয়া ও আমেরিকার বক্সঅফিসে মুক্তি পাওয়ার বিষয়টি আমাদের দেশের জন্য অত্যান্ত গৌরবের ও সম্মানের।”
এদিকে জামার্নির মাননহেইম-হেইডেলবার্গ চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হচ্ছে সিনেমটি। শনিবার এর প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন নির্মাতা অমিতাভ। বর্তমানে সেখানেই অবস্থান করছেন তিনি। উৎসব শেষে ‘আয়নাবাজী’র বিভিন্ন প্রদর্শনীতে অংশ নিতে তিনি প্যারিস ও ভারতের গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত হবেন।
গাউসুল আলম শাওনের ভাবনা ও চিত্রনাট্যে নির্মীত সিনেমাটির গুরুত্বপূর্ণ চরিত্রগুলোতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন, নাবিলা, পার্থ বড়ুয়া, লুৎফর রহমান জর্জ, হিরা চৌধুরী, শওকত ওসমান ও গাওসুল আলম শাওন।
