২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে ‘আমি মালাউন বলছি’

ব্রাক্ষ্ণবাড়ীয়ার নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর সাম্প্রদায়িক আক্রমণ, লুট ও তাণ্ডবের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের সংক্ষুব্ধ ও প্রতিবাদী শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ‘আমি মালাউন বলছি’ শীর্ষক প্রতিবাদী পারফরম্যান্সের আয়োজন করেছে।

গ্লিটজ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 06:08 PM

Updated : 12 Apr 2022, 03:17 AM

বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অবস্থিত অপরাজেয় বাংলার পাদদেশে এই পরিবেশনার আয়োজন করে তারা।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মচারী ও দর্শকের উপস্থিতিতে থিয়েটার এন্ড পারফম্যান্স স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক, নাট্যকার, নির্দেশক শাহমান মৈশানের ভাবনা ও নির্দেশনায় ‘আমি মালাউন বলছি’র বক্তব্যে উঠে এসেছে হিন্দু ধর্মাবলম্বীদের মন্দিরে, বাসস্থানে বর্বর সাম্প্রদায়িক তাণ্ডবের কথা। ‘আমিমালাউন বলছি’ মূলত পারফরম্যান্স নির্মাণের একটি মহড়া।

এ প্রসঙ্গে নাট্যকার ও নির্দেশক শাহমান মৈশান বলেন, “সংখ্যাগরিষ্ঠ মুসলিম অধ্যূষিত বাংলাদেশ কেবল মুসলমানের দেশ নয়, এই দেশ হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সবার। সংখ্যার হিসেবে জনমিতির দিক থেকে অধিপতিশীল ইসলামের অনৈসলামিক জজবায় মত্ত হয়ে কিছু মুসলমান নামধারী ব্যক্তি বা গোষ্ঠী যদি বেরহম হয়ে ‘অপরে’র জীবন ধর্ম ও সংস্কৃতির ওপর ওপর হিংসাপ্লাবন ঘটায় তখন থিয়েটারের শিক্ষক ও শিক্ষার্থী হিসেবে আমরা মনে করি আইয়্যামে জাহেলিয়াতের যুগে, বিনাশের কালে শিল্পকলা কেবল সৌন্দর্য সৃষ্টির ভূমিকার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না।”

তিনি আরও বলেন, “শিল্প ও জ্ঞান যদি হয় অপরের প্রতি সহিষ্ণুতা দেখাবার সংবেদনা প্রকাশিবার ও শ্রদ্ধা করতে শেখাবার মার্গ, তবে নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর এই ঘৃণ্য হামলা ও লুটের ঘটনায় আমাদের নিশ্চুপ নিস্তব্ধ ও একাডেমির গুহাবাসী হয়ে থাকাটা জ্ঞানের অসারতা ও জীবন-বিচ্ছিন্নতারসত্যকেই তুলে ধরবে। তাই আমরা, জ্ঞান ও নাট্যশিল্পকে জনগণের নিত্যদিনের জীবনের সংগ্রাম ও সঙ্কটের সাথে সম্পৃক্ত করতে সকলের মানবিক বোধনে সাড়া তুলবার লক্ষ্যে সৃজন করেছি একটি পারফরম্যান্স ‘আমি মালাউন বলছি’।”

নাসিরনগরে হিন্দু ধর্মাবলম্বীদের উপর আক্রমণের পর থেকেই প্রায় প্রতিদিনই নানা প্রতিবাদমূলক আয়োজনে মুখর ঢাকা বিশ্ববিদ্যালয়। তারই অংশ হিসেবে ‘আমি মালাউন বলছি’ অনুষ্ঠিত হয়।