‘ব্র্যাঞ্জেলিনার মধ্যে সবকিছু ঠিক হয়ে যাবে!’
তাদের বিচ্ছেদে হতবাক হয়েছে গোটা বিশ্ব। ৬ সন্তানের পরিবার এভাবে চুরমার হয়ে যাওয়ায় দুঃখ পেয়েছিলেন সবাই। এবার ব্র্যাঞ্জেলিনার বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন অ্যাঞ্জেলিনা জোলির বাবা জন ভোইট। সবকিছু ঠিক হয়ে যাবে বলে আশা করছেন তিনি।
ই! অনলাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডের এই জ্যেষ্ঠ্য অভিনেতা বলেন, “ আমি সবার দুশ্চিন্তা এবং প্রার্থনার সম্মান জানাই। আশা করছি সবকিছু ঠিক হয়ে যাবে।”
১২ বছরের দীর্ঘ সম্পর্ক এভাবে মুহূর্তেই কেন ভেঙে গেলো? অনেকের মনেই এসেছিল এই প্রশ্ন। তবে জন মনে করছেন খুব বড় কোনো এক ব্যাপারই ঘটে গেছে দুজনের মধ্যে। তবে মেয়ে আর মেয়ের সাবেক স্বামীকে নিয়ে নয়, জন ভোইট চিন্তিত তার নাতি-নাতনিদের নিয়েই।
তিনি বলেন, “খুবই দুঃখজনক এটা। নিশ্চয়ই তাদের মাঝে এমন কিছু হয়েছে যার জন্য অ্যাঞ্জিকে এরকম সিদ্ধান্ত নিতে হয়েছে। সবাই প্রার্থনা করবেন। আমি অ্যাঞ্জি এবং বাচ্চাদের জন্য চিন্তিত। আশা করি খুব দ্রুতই সব ঠিকঠাক হয়ে যাবে।”
জনও তার স্ত্রী মারশেলিন বারট্রেন্ডকে ছেড়ে চলে গিয়েছিলেন অন্য এক নারীর জন্য। এরপর বারট্রেন্ড তার প্রাক্তন স্বামীকে জোলি ও তার ভাইয়ের সঙ্গে দেখা করতে দেননি খুব একটা। জোলির সঙ্গে জন-এর সম্পর্কও খুব একটা ভালো নয়।
